পরিবারের অমতে বিয়েতে রাজি ছিলেন না তরুণী, ডিনারে ডেকে প্রেমিকাকে কুপিয়ে খুন! গ্রেফতার প্রেমিক
এই সম্পর্কে তীব্র আপত্তি ছিল অঞ্জলির পরিবারের। রাজীবের 'ব্যাকগ্রাউন্ড' একেবারেই পছন্দ ছিল না তরুণীর বাড়ির লোকেদের। সেই কারণে তাঁরা এই বিয়েতে কিছুতেই মত দিচ্ছিলেন না। পরিবারের অমতে গিয়ে বিয়ে করতে রাজি ছিলেন না অঞ্জলিও।
দ্য ওয়াল ব্যুরো: প্রেমের সম্পর্ক মেনে নিতে চাইছিল না পরিবার। তারপর থেকেই এড়িয়ে চলছিলেন প্রেমিককে। কিন্তু ডিনারের আমন্ত্রণ ফেরাতে চাননি। গিয়েছিলেন দেখা করতে। সেটাই মৃত্যু ডেকে আনল তরুণীর।
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এবং সম্পর্ক থেকে সরে আসার চেষ্টা করায় ২৩ বছরের এক তরুণীকে ছুরি মেরে খুন করার অভিযোগ উঠল তাঁরই প্রেমিকের বিরুদ্ধে (Bengaluru man stabs girlfriend to death)। আইটি শহর বেঙ্গালুরুর এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত তরুণীর নাম অঞ্জলি (২৩)। গত রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত যুবকের নাম রাজীব। রক্তাক্ত অবস্থায় অঞ্জলিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার কয়েক মিনিটের মধ্যেই পুলিশ তৎপরতার সঙ্গে অভিযুক্ত রাজীবকে গ্রেফতার করেছে।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, অঞ্জলি ও রাজীব গত তিন-চার বছর ধরে সম্পর্কে ছিলেন। একই সংস্থায় কাজ করার সুবাদে দু'জনের আলাপ হয় এবং তা ধীরে ধীরে ভালবাসার রূপ নেয়। কিন্তু তাঁদের এই সম্পর্কে তীব্র আপত্তি ছিল অঞ্জলির পরিবারের। রাজীবের 'ব্যাকগ্রাউন্ড' একেবারেই পছন্দ ছিল না তরুণীর বাড়ির লোকেদের। সেই কারণে তাঁরা এই বিয়েতে কিছুতেই মত দিচ্ছিলেন না। পরিবারের অমতে গিয়ে বিয়ে করতে রাজি ছিলেন না অঞ্জলিও।
পুলিশ জানিয়েছে, রাজীব গত কয়েক মাস ধরে অনবরত অঞ্জলি এবং তাঁর বাড়ির লোকেদের বোঝানোর চেষ্টা করছিল, যাতে তাঁরা এই বিয়েতে সম্মতি দেন। কিন্তু পরিবারের লাগাতার চাপে গত কয়েকদিন ধরে অঞ্জলি নিজে থেকেই রাজীবকে এড়িয়ে চলতে শুরু করেন। রাজীবের সঙ্গে যোগাযোগ প্রায় বন্ধই করে দিয়েছিলেন তিনি। প্রেমিকার এই আকস্মিক দূরত্ব মেনে নিতে পারেনি রাজীব। রবিবার সন্ধ্যায় সে অঞ্জলিকে ফোন করে ডিনারের নিমন্ত্রণ জানায়। অঞ্জলিও রাজি হয়ে যান। ডিনার চলাকালীন রাজীব ফের একবার বিয়ের প্রসঙ্গ তোলে। কিন্তু অঞ্জলি সাফ জানিয়ে দেন, পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তিনি কিছুই করতে পারবেন না।
এই নিয়ে দু'জনের মধ্যে তুমুল তর্কাতর্কি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে দেখে অঞ্জলি সেখান থেকে উঠে চলে যেতে উদ্যত হন। তিনি রেস্তরাঁ থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলে, রাজীব তাঁর পিছন পিছন তাড়া করে। কিছু দূর যাওয়ার পর, আচমকাই একটি ধারালো ছুরি বের করে অঞ্জলির ঘাড়ে ও গলায় কোপ বসাতে শুরু করে রাজীব।
রাস্তার মাঝে তরুণীর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থাতেই প্রাণ হারান ওই তরুণী।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বেগতিক বুঝে পালানোর চেষ্টা করলেও, ঘটনার কয়েক মিনিটের মধ্যেই এলাকা থেক রাজীবকে ধরে ফেলে পুলিশ। অঞ্জলির মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বেঙ্গালুরুর এম এস রামাইয়া হাসপাতালে পাঠানো হয়েছে। রাজীবের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে ঘটনার পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখতে আরও বিস্তারিত তদন্ত শুরু করেছে বেঙ্গালুরু পুলিশ।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)