পুজোয় বাড়ি ফেরার প্ল্যান? এক ধাক্কায় অনেকটা বাড়ছে ফ্লাইটের ভাড়া, লাগাম টানতে নারাজ সরকার
উৎসবের মরশুমে বিমানভাড়া আকাশছোঁয়া হলেও টিকিটের দামে লাগাম টানছে না কেন্দ্র। পশ্চিম এশিয়ার উত্তেজনায় জ্বালানির দাম বৃদ্ধিতে চাপ বেড়েছে সংস্থাগুলির উপর। ফলে দাম বাড়ানো ছাড়া উপায় নেই।
উৎসবের মরশুমে বাড়ছে বিমানভাড়া। তবে, তা কোনও নির্দিষ্ট স্কেলে বেঁধে দেওয়ার পথে হাঁটছে না কেন্দ্র। যাত্রীদের কথা মাথায় রেখে ভাড়া ‘সাধ্যের মধ্যে’ রাখার জন্য বিমান সংস্থাগুলিকে পরামর্শ দেওয়া হবে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নাইডু জানিয়েছেন, উৎসব বা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সময়ে বিমানভাড়া নিয়ে সরকার নিয়মিত বিমান সংস্থাগুলির সঙ্গে আলোচনা করে, এবারও তাই হবে।
মন্ত্রী এক অনুষ্ঠানে বলেন, 'উৎসবের সময়ে যাঁরা বাড়ি বা অন্যত্র যাতায়াত করেন, তাঁদের যাতে অতিরিক্ত ভাড়ার চাপ সামলাতে না হয়, সে বিষয়টি বিমান সংস্থাগুলিকে জানানো হবে। তবে এই মুহূর্তে কোনও নির্দিষ্ট ভাড়া-সীমা চাপানোর সিদ্ধান্ত নেই।'
পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব
বিমানভাড়া বাড়ার অন্যতম কারণ হিসেবে জ্বালানির খরচ বৃদ্ধির কথা তুলে ধরেছেন নাইডু। পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাতের জেরে বিমান জ্বালানি অর্থাৎ এভিয়েশন টারবাইন ফুয়েলের দাম বেড়েছে। ফলে বিমান সংস্থাগুলির পরিচালন খরচও বাড়ছে। এনিয়ে মন্ত্রীর বক্তব্য, বিমান সংস্থার মোট খরচের বড় অংশ জ্বালানিতে যায়। এটিএফের দামে সামান্য ওঠানামাও তার প্রভাব বিমানভাড়ায় ফেলতে পারে। সেপ্টেম্বরের শুরুতেই দেশে এটিএফের দাম ৫.৪৬ শতাংশ বেড়েছে। ফলে ভাড়া বাড়ানো ছাড়া কোনও পথ খোলা নেই সংস্থাগুলির কাছে।
স্পাইসজেটকে ১৫০ কোটি টাকা
এদিকে আর্থিক সমস্যায় থাকা স্পাইসজেটকে জরুরি ঋণ সহায়তা প্রকল্পের আওতায় ১৫০ কোটি টাকা দেওয়া হয়েছে। কেন্দ্র জানিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে বিমান সংস্থাটিকে আর্থিক চাপ সামলাতে সাহায্য করার ব্যবস্থা করা হয়েছে। বাকি অর্থ পাওয়ার বিষয়টি সংস্থা ও সংশ্লিষ্ট ব্যাঙ্কের মধ্যে প্রক্রিয়ার উপর নির্ভর করছে।
নাইডু জানিয়েছেন, সরকারের কাছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যাত্রী পরিষেবা যাতে ব্যাহত না হয়। বিমান চলাচলের নিরাপত্তার ক্ষেত্রেও কোনও আপস করা হবে না। একইসঙ্গে বিমান সংস্থাগুলির স্বাভাবিক পরিষেবা বজায় রাখার উপর জোর দেওয়া হচ্ছে।
নিরাপত্তা ব্যবস্থায় জোর
হাব অ্যান্ড স্পোক মডেলে চলা বিমান পরিষেবাগুলির নিরাপত্তা ব্যবস্থাও নতুন করে পর্যালোচনা করা হয়েছে বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী। ভবিষ্যতে যাতে কোনও ধরনের নিরাপত্তাজনিত ত্রুটি না থাকে, সে জন্য ব্যবস্থাগুলি আরও পোক্ত করা হয়েছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)