বারাণসীর মেডিক্যাল হস্টেল থেকে উত্তরপাড়ার মেধাবী ছাত্রের দেহ উদ্ধার, মিলল সুইসাইড নোট
মৃত ঋত্বিক কুন্ডু হুগলি জেলার উত্তরপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রাজেন্দ্র অ্যাভিনিউয়ের বাসিন্দা। ছোটবেলা থেকেই অসম্ভব মেধাবী এবং প্রতিভাবান ছাত্র হিসেবে এলাকায় পরিচিতি ছিল তাঁর। পাড়া-প্রতিবেশী এবং পরিচিতদের সঙ্গে মেলামেশার ক্ষেত্রেও ঋত্বিক ছিলেন অত্যন্ত ভদ্র ও সাবলীল।
দ্য ওয়াল ব্যুরো: একরাশ স্বপ্ন নিয়ে সুদূর বারাণসীতে ডাক্তারি পড়তে গিয়েছিলেন। উত্তরপ্রদেশের বারাণসীর একটি প্রথম সারির মেডিক্যাল কলেজের হস্টেল থেকে উদ্ধার হল হুগলির উত্তরপাড়ার বাসিন্দা ঋত্বিক কুন্ডুর নিথর দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদ বা অন্য কোনও কারণে আত্মহননের পথ বেছে নিয়েছেন ওই ছাত্র। শরীরের পাশ থেকে একটি নোট উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেলেও, সেই চিরকূটে মৃত্যুর আসল কারণ নিয়ে কী লেখা রয়েছে, তা এখনও খোলসা করেনি প্রশাসন।
মৃত ঋত্বিক কুন্ডু হুগলি জেলার উত্তরপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রাজেন্দ্র অ্যাভিনিউয়ের বাসিন্দা। ছোটবেলা থেকেই অসম্ভব মেধাবী এবং প্রতিভাবান ছাত্র হিসেবে এলাকায় পরিচিতি ছিল তাঁর। পাড়া-প্রতিবেশী এবং পরিচিতদের সঙ্গে মেলামেশার ক্ষেত্রেও ঋত্বিক ছিলেন অত্যন্ত ভদ্র ও সাবলীল।
জানা গিয়েছে, রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বা ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় অত্যন্ত কৃতি স্থান অধিকার করে প্রথমে কলকাতার ঐতিহ্যবাহী কলকাতা মেডিক্যাল কলেজেই নিজের নাম নথিভুক্ত করেছিলেন তিনি। তবে পরবর্তীতে বারাণসীর নামী মেডিক্যাল কলেজে সুযোগ আসায় উচ্চশিক্ষার তাগিদে তিনি উত্তরপ্রদেশে পাড়ি দেন। সেখানে কলেজের হস্টেলে থেকেই নিজের পঠনপাঠন চালাচ্ছিলেন। কিন্তু হঠাৎ কী এমন ঘটল যে তরুণ হবু ডাক্তারকে চলে যেতে হল, তা নিয়ে ক্রমশ ধোঁয়াশা দানা বাঁধছে।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বারাণসী থেকে ফোন আসে ঋত্বিকের বাড়িতে। স্থানীয় প্রশাসনের তরফে পরিবারকে কেবল এইটুকুই জানানো হয়েছে যে, ঋত্বিকের দেহের কাছাকাছি একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। বারাণসীর উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছেন স্বজনেরা।
ঋত্বিকের বাবা একজন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী এবং মা গৃহবধূ। এক দিদি রয়েছেন, যাঁর ইতিমধ্যেই বিয়ে হয়ে গিয়েছে। পরিবারের ছোট ছেলে হওয়ায় ঋত্বিক ছিলেন সবার চোখের মণি। শুধু পরিবারই নয়, তাঁর আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ উত্তরপাড়ার রাজেন্দ্র অ্যাভিনিউয়ের আপামর বাসিন্দা থেকে শুরু করে ঋত্বিকের স্কুলের শিক্ষকেরাও। বারাণসীর পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং ময়নাতদন্তের রিপোর্ট ও সুইসাইড নোটের পূর্ণাঙ্গ বয়ান সামনে এলেই এই রহস্যমৃত্যুর জট কাটবে বলে আশা করা হচ্ছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)