বারুইপুরকাণ্ডে প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা টেনে মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ তৃণমূলের

বারুইপুরে নাবালিকাকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এক্স (টুইটার) হ্যান্ডেলে নজিরবিহীন ভাষায় আক্রমণ করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, লাগাতার অশান্তি সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদী যেমন মণিপুরে যাওয়ার সময় পাননি, তেমনই মুখ্যমন্ত্রীও বারুইপুরের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা না করে রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন।

Jul 06, 2026 - 17:33
0 0
বারুইপুরকাণ্ডে প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা টেনে মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ তৃণমূলের

বারুইপুরে (Baruipur Incident) নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। এর মাঝেই সোমবারই গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত আনন্দ সর্দার। তবে এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে এবার অলআউট আক্রমণে নামল তৃণমূল কংগ্রেস (TMC)। সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) এক্স হ্যান্ডেলে নজিরবিহীন ভাষায় আক্রমণ শোনাল ঘাসফুল শিবির। মুখ্যমন্ত্রীকে ‘ভণ্ড’ আখ্যা দেওয়ার পাশাপাশি মণিপুর ইস্যু টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গেও তাঁর তুলনা টেনেছে তৃণমূল।

‘আপনি এক চরম ভণ্ড!’ এক্স-এ বেনজির আক্রমণ তৃণমূলের

বারুইপুরের ঘটনা নিয়ে রাজ্য বিজেপি ও মুখ্যমন্ত্রীর অবস্থানকে তীব্র নিশানা করে এক্স হ্যান্ডেলে তৃণমূল লিখেছে, "মিস্টার শুভেন্দু অধিকারী, আপনি এক চরম ভণ্ড! ঠিক যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাগাতার অত্যাচার চলা সত্ত্বেও মণিপুরে যাওয়ার সময় পাননি, তেমনই আপনার নজরদারিতে বারুইপুরে যে ছোট বাচ্চাকে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হল, তার পরিবারের সঙ্গে দেখা করার সময় আপনি পেলেন না।"

এখানেই থামেনি তৃণমূল। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টের সূত্র টেনে প্রাক্তন শাসক দলের তরফে দাবি করা হয়েছে, নির্যাতিতার বাবা-মাকে প্রথমে ভবানী ভবনে এসে ‘অমানবিক, অনুভূতিহীন এবং ব্যর্থ’ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বলা হয়। এরপর তৃণমূলের তোপ, "এখন শোনা যাচ্ছে তিনি নাকি আগামীকাল নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলবেন। কারণ আজ তিনি রাজনৈতিক কর্মসূচি নিয়ে ব্যস্ত! অগ্রাধিকার কাকে বলে দেখুন! বিজেপি নেতারা নির্লজ্জতার কোন সীমায় পৌঁছাতে পারেন, তা সত্যিই ভাবা যায় না।"

মঙ্গলবার বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কড়া বার্তার পাশাপাশি ষড়যন্ত্রের ইঙ্গিত

তৃণমূল যখন এই ইস্যুতে সুর চড়াচ্ছে, তখন সোমবার কলকাতার মিত্র ইনস্টিটিউশনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীর অনুষ্ঠান থেকে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তিনি বারুইপুর পুলিশ সুপারের দফতরে যাচ্ছেন। সোমবারের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, এই জঘন্য অপরাধের মূল অভিযুক্তদের কাউকেই রেয়াত করা হবে না। সরকার দোষীদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের সুপারিশ করতে যা যা পদক্ষেপ প্রয়োজন, সবটাই করবে। এছাড়াও, তাঁর বক্তব্যে উঠে আসে তদন্তে গাফিলতির কথা। নিখোঁজের অভিযোগ দায়ের হওয়ার পর স্থানীয় পুলিশের কোথাও কাজে গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশকর্মীর বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে এই ঘটনার পর বারুইপুরে যে গণপিটুনি, রেল অবরোধ এবং পুলিশ-সিআরপিএফের উপর হামলার ঘটনা ঘটেছে, তার নেপথ্যে গভীর রাজনৈতিক ও সাম্প্রদায়িক ষড়যন্ত্রের ইঙ্গিতও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

২৪ ঘণ্টার মধ্যে ধৃত মূল অভিযুক্ত আনন্দ

এদিকে, রাজনৈতিক তরজার মাঝেই বারুইপুরকাণ্ডে তৎপরতা বাড়িয়েছে প্রশাসন। রবিবারই এই ঘটনার তদন্তে ৬ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল বা 'সিট' (SIT) গঠন করা হয়েছিল। এর ২৪ ঘণ্টার মধ্যেই, অর্থাৎ সোমবার দুপুরে বারুইপুর এলাকা থেকেই পুলিশ গ্রেফতার করেছে মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে

তৃণমূলের অভিযোগ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরের নির্যাতিতার পরিবারের পাশে না দাঁড়িয়ে রাজনৈতিক কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছেন। অন্যদিকে সরকারের পাল্টা দাবি, অপরাধীকে ইতিমধ্যেই ধরা হয়েছে এবং দ্রুততম সময়ে ফাঁসির সাজা নিশ্চিত করতে কোমর বাঁধছে প্রশাসন। বারুইপুরের এই ঘটনাকে কেন্দ্র করে এখন তুঙ্গে রাজনৈতিক চাপানউতর।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User