‘খেলা-মেলা-মদের ফল!’ বারুইপুরকাণ্ডে তৃণমূলের ‘অপসংস্কৃতি’ নিয়ে তোপ রত্নার

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ধপধপি এলাকায় ১১ বছরের নাবালিকাকে 'ধর্ষণ' ও 'খুনে'র ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। এই পাশবিক ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ। নিজের সন্তানহারা হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, "আমার ঘর যেমন শূন্য হয়েছে, ওদেরও তাই হল।" এই সামাজিক অধঃপতনের জন্য পূর্বতন তৃণমূল সরকারের খেলা, মেলা ও মদের অপসংস্কৃতিকে সরাসরি দায়ী করেছেন তিনি।

Jul 06, 2026 - 17:30
0 0
‘খেলা-মেলা-মদের ফল!’ বারুইপুরকাণ্ডে তৃণমূলের ‘অপসংস্কৃতি’ নিয়ে তোপ রত্নার

বারুইপুরে (Baruipur Incident) ১১ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। রবিবার সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ধপধপি এলাকা। দোষীদের শাস্তির দাবিতে মৃতদেহ রাস্তায় রেখে চলে বিক্ষোভ। এই ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই নৃশংস ঘটনা প্রসঙ্গে এবার নিজের ক্ষোভ উগড়ে দিলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ।

শনিবার নিখোঁজ হওয়ার পর রবিবার সকালে স্থানীয় পুকুর থেকে উদ্ধার হয় ওই নাবালিকার অর্ধনগ্ন দেহ। এই ঘটনায়, নিজের ঘরের শূন্যতার কথা টেনেই ক্ষোভে ফেটে পড়লেন বিধায়ক।

‘আমার ঘর যেমন শূন্য হয়েছে, ওদেরও তাই হল’

নিজের সন্তানহারা হওয়ার যন্ত্রণা বুকে চেপে রত্না দেবনাথ বলেন, এটা অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা। মানুষের চেতনা এবং মন মানসিকতা এত নিচে নেমে গেছে যে অনুভূতিই হারিয়ে ফেলেছে। সমাজে কেন মেয়েদের এভাবে পণ্য বা ভোগ্যবস্তু হিসেবে দেখা হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। নিজের প্রসঙ্গ টেনে বিধায়ক বলেন, "বিচার তো হবেই, বিচারে কোনও বাধা আসবে না। কিন্তু বাবা-মা কী পাবে? বাবা-মার যে ঘরটা শূন্য হয়ে যায়, সেটা তো আর ফিরবে না। আমার ঘরটা যেমন শূন্য হয়ে গিয়েছে, ওদের ঘরটাও আজ সেভাবেই শূন্য হয়ে গেল।"

তিনি আরও জানান, রাজ্যে মাত্র দু'মাস হল নতুন সরকার এসেছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে মিলে তাঁরা সমাজের এই অধঃপতনের বিরুদ্ধে এবং নারী সুরক্ষায় লড়াই চালাচ্ছেন। তাঁর অভিযোগ, "আমাদের সময় যেমন প্রত্যেকটা তথ্য-প্রমাণ নষ্ট করা হয়েছিল, তাই বিচারের অগ্রগতির জন্য একটু দেরি হচ্ছে। তবে তামান্নার মা এসে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর যেভাবে অপরাধী ধরা পড়েছে, এ ক্ষেত্রেও সব অপরাধী ধরা পড়বে, পুলিশ ঠিকঠাক তদন্ত করবে।"

‘তৃণমূলের খেলা-মেলা-মদের সংস্কৃতিরই ফল এটা’

বারুইপুরের এই নৃশংস ঘটনার জন্য রাজ্যের পূর্বতন তৃণমূল সরকারকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রত্না দেবনাথ। তাঁর সাফ কথা, বিগত দিনে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তাঁর আমলে হওয়া দুর্নীতির ফল ভুগতে হচ্ছে সমাজকে। বিধায়কের তোপ, তৃণমূল এতদিন মানুষকে শিক্ষা, স্বাস্থ্য থেকে দূরে সরিয়ে রেখে খেলা, মেলা, মদ আর জুয়ায় মত্ত করে রেখেছিল। অধঃপতনের কারণ হিসেবে রত্না দেবনাথের দাবি, মানুষকে এই ধরণের অপসংস্কৃতির মধ্যে গুলিয়ে রাখার ফলই হল আজকের এই সামাজিক অধঃপতন, যার শিকার হতে হল বারুইপুরের ওই নাবালিকাকে। এই ঘটনায় চরম ধিক্কার জানিয়ে তিনি বলেন, "আমরা মান্ধাতার আমলে পড়ে নেই যে মেয়েরা ভোগ্যবস্তু হবে। এই ঘটনার চরম ধিক্কার জানাই, আমি নিজে এর প্রতিবাদ করব।"

শাহ-সফরের পরই বারুইপুরে রত্না, সরব হবেন বিধানসভাতেও

বিগত এক মাসে রাজ্যে ঘটে যাওয়া পাঁচটি নারী নির্যাতনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পানিহাটির বিধায়ক। তিনি স্পষ্ট করে দিয়েছেন, তাঁর মেয়ে আর ফিরে আসবে না ঠিকই, কিন্তু মেয়েদের সুরক্ষার জন্য তাঁর লড়াই জারি থাকবে। আজ সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যে আসার কথা রয়েছে। তিনি জানান, "আজ অমিত শাহজি আসছেন, আমাকে এয়ারপোর্টে যেতে হবে। যদি আজ সময় পাই তো আজকেই যাব বারুইপুরে, না হলে আগামীকালই ওই নাবালিকার বাবা-মার সঙ্গে দেখা করতে যাব। দ্রুত বিচারের জন্য তাঁদের পাশে থাকব।" একই সঙ্গে, আগামী দিনে বিধানসভাতেও নারী সুরক্ষা নিয়ে তিনি যে অত্যন্ত জোরালোভাবে সরব হবেন, সেই বার্তাও দিয়ে রাখলেন রত্না দেবনাথ।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User