শনিবারের পর রবিবারেও মেঘলা আকাশ! কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
শনিবারের পর রবিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে উপকূলীয় জেলায় বাড়বে বৃষ্টি, বুধবার ভারী বৃষ্টির সতর্কতা।
শুক্রবার আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকলেও শনিবার দুপুর হতেই ফের বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা। আলিপুর আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার রাত সাড়ে আটটা থেকে শনিবার রাত সাড়ে আটটা পর্যন্ত শহরে মোট ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার সকালে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মেঘ ঘনীভূত হতে শুরু করে এবং দুপুর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসে। রবিবারও কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে এবং দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজায় রয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৮ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। এ দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের পশলা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বৃষ্টি হতে পারে। আগামী মঙ্গলবার থেকে উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়বে; বিশেষ করে মঙ্গলবার হুগলি ও উত্তর ২৪ পরগনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর বুধবার দুই মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার দাপট অব্যাহত থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে ভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে।
আবহাওয়ার পাশাপাশি গঙ্গার জোয়ার-ভাটার সময়সূচিও প্রকাশ করা হয়েছে। শনিবার রাত ৩টে ১০ মিনিটে শুরু হওয়া জোয়ার শেষ হয়ে রবিবার সকাল ৮টা ১০ মিনিটে ভাটা শুরু হয়। পরবর্তীতে রবিবার বিকেল ৫টা ০৫ মিনিটে আবার জোয়ার আসবে এবং রাত ৯টা ১৩ মিনিটে নামবে ভাটা। এরপর সোমবার ভোর ৫টা ২৪ মিনিটে পুনরায় জোয়ার শুরু হয়ে সকাল ১০টা ১৪ মিনিটে আবার ভাটা শুরু হবে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)