শমীকের বক্তব্যের পরই বন্ধ কনফেডারেশনের ফর্ম বিলি! কাকতালীয়, নাকি চাপের ফল?
প্রেক্ষিতেই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, কনফেডারেশনের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। দলীয় কার্যালয়কে কোনও বেসরকারি বা স্বতন্ত্র সংগঠনের কার্যকলাপের সঙ্গে যুক্ত করা উচিত নয় বলেই তাঁর অবস্থান বলে রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা।
সিনে ও টেলিভিশন জগতের কলাকুশলীদের জন্য নতুন সংগঠন তৈরির উদ্যোগ নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছে টালিগঞ্জ বিধায়ক পাপিয়া অধিকারী-র নেতৃত্বাধীন 'কনফেডারেশন'। তবে সেই সংগঠনের সদস্যপদ ফর্ম বিলি ঘিরে এবার তৈরি হয়েছে নতুন বিতর্ক।
সূত্রের খবর, দক্ষিণ কলকাতার বিজয়গড় বিজেপি কার্যালয় থেকেই কয়েকদিন ধরে কনফেডারেশনের সদস্যপদ ফর্ম বিলি করা হচ্ছিল। একাধিক কলাকুশলীর দাবি, তাঁদের জানানো হয়েছিল যে কনফেডারেশনের পরিচয়পত্র বা কার্ড হাতে পাওয়ার সময় ৭০০ টাকা জমা দিতে হবে। যদিও এই অর্থ কী বাবদ নেওয়া হবে, তা নিয়ে কোনও লিখিত ব্যাখ্যা দেওয়া হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
এদিকে বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠতে শুরু করে, কনফেডারেশনের সঙ্গে বিজেপির কোনও সাংগঠনিক সম্পর্ক রয়েছে কি না।
সেই প্রেক্ষিতেই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, কনফেডারেশনের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। দলীয় কার্যালয়কে কোনও বেসরকারি বা স্বতন্ত্র সংগঠনের কার্যকলাপের সঙ্গে যুক্ত করা উচিত নয় বলেই তাঁর অবস্থান বলে রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা।
এরই মধ্যে সূত্র মারফত আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। জানা যাচ্ছে, সদস্যপদ ফর্ম বিলি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার সরকারি ব্যাখ্যা এখনও মেলেনি। তবে সংগঠনের অন্দরের একাংশের দাবি, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের প্রকাশ্য অবস্থানের পরেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদিও এই দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন টেকনিশিয়ান 'দ্য ওয়াল'-এর সঙ্গে যোগাযোগ করে জানান, যাঁরা এতদিন ফর্ম বিলি করছিলেন, তাঁদের তরফ থেকে বলা হয়েছে এটি স্থায়ীভাবে বন্ধ নয়, সাময়িক বিরতি মাত্র। খুব শীঘ্রই আবার সদস্যপদ ফর্ম দেওয়া শুরু হবে বলেও তাঁদের আশ্বস্ত করা হয়েছে।
সূত্রের দাবি, ইতিমধ্যেই প্রায় ১৪০০টি সদস্যপদ ফর্ম বিলি করা হয়েছে। তবে এত ফর্ম বিতরণ হলেও এখনও পর্যন্ত কেউ কনফেডারেশনের পরিচয়পত্র হাতে পাননি। সংগঠনের সঙ্গে যুক্তদের তরফে আবেদনকারীদের জানানো হয়েছে, কার্ড পেতে প্রায় দু'মাস অপেক্ষা করতে হবে।
এই গোটা বিষয়টি নিয়ে কনফেডারেশনের পরিচালন সমিতির প্রতিনিধি সাধন তালুকদার-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তিনি পরবর্তীতে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানালে, তা এই প্রতিবেদনে যুক্ত করা হবে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)