সুধীরের ছবিতে 'সাধারণ'-এর সঙ্গে অডিশন দিলেন না জীতু! কেন? ফাঁস করলেন প্রীতিময়
প্রীতিময় বিষয়টি 'দ্য ওয়াল'কে যথেষ্ট দুঃখের সঙ্গে জানিয়েছেন। তাঁর আফসোস, "সুধীরের ছবিতে জীতুকে একটি বিশেষ একটি চরিত্রে ভাবা হয়েছিল। ওকে ভাল মানাত।"
শীঘ্রই বলিউডের (Bollywood) খ্যাতনামী পরিচালক সুধীর মিশ্র (Sudhir Mishra) নতুন হিন্দি ছবির শুট শুরু করবেন। সম্ভবত এক মনীষীর জীবন তাঁর ছবির পটভূমিকায়। কলকাতায় টানা ৪০ দিন শুট হবে। বলিউডের তারকা অভিনেতাদের পাশাপাশি থাকবেন বাংলার অভিনেতারাও। ছবির সঙ্গে যুক্ত পার্পল মুভিটোন স্টুডিয়োর কর্ণধার প্রীতিময় চক্রবর্তীও।
ইতিমধ্যেই কলকাতায় প্রীতিময়ের পার্পল মুভিটোন স্টুডিয়োয় অডিশন নেওয়া হচ্ছে। দেবলীনা দত্ত, শ্রেয়া ভট্টাচাৰ্য-সহ পর্দা এবং মঞ্চাভিনেতারা দু'দিন ধরে অডিশন দিচ্ছেন। প্রীতিময় 'দ্য ওয়াল'কে জানিয়েছেন, এই তালিকায় ছিলেন জীতু কমলও (Jeetu Kamal)। তিনিও শুক্রবার অডিশন দিতে পৌঁছেছিলেন নির্দিষ্ট স্থানে। কিন্তু অডিশন না দিয়েই তিনি নাকি চলে আসেন!
সত্যিই কি এ রকম কিছু ঘটেছে? জানতে 'দ্য ওয়াল' যোগাযোগের চেষ্টা করেছিল জীতুর সঙ্গে। অভিনেতা ফোনে অধরা। হোয়াটঅ্যাপে তাঁকে বার্তা পাঠানো হলেও তিনি কোনও প্রতিক্রিয়া জানাননি।
কেন জীতু এ রকম করলেন? প্রশ্ন করা হলে প্রীতিময় বলেন, "জীতুর সঙ্গে অন্যান্য মাধ্যমের নবীন অভিনেতারাও ছিলেন। সেটা দেখেই জীতু তাঁকে অনুরোধ জানান, অডিশনের সময় তিনি 'সাধারণ'-এর সঙ্গে এক পংক্তিভুক্ত হতে চান না।" এর পরেই অভিনেতা গাড়ি ঘুরিয়ে চলে যান, বলে দাবি তাঁর। প্রসঙ্গত, আমির খান নিজের প্রযোজিত ছবিতেও বাকিদের মতোই অডিশন দেন। 'লাপতা লেডিজ' ছবির অডিশনে মনোনীত হননি। তাই তাঁকে দেখা যায়নি। একই ভাবে অজয় দেবগনও প্রযোজকের ছবিতে অডিশন দিয়ে কাজ করেছেন।
জীতুর অডিশন না দেওয়া প্রসঙ্গে দুঃখও করেছেন প্রীতিময়। তাঁর আফসোস, "সুধীরের ছবিতে ওর জন্য গুরুত্বপূর্ণ চরিত্র ভাবা হয়েছিল। ওই চরিত্রে জীতুকে ভাল মানাত।"
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)