৩ বছরের শিশুর ধর্ষণ-খুনে ৬৫ বছরের বৃদ্ধকে মৃত্যুদণ্ড! ৬০ দিনের মধ্যেই সাজা শোনাল পুনের আদালত

৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ-খুনের ঘটনায় দোষী সাব্যস্ত ৬৫ বছরের বৃদ্ধকে মৃত্যুদণ্ড দিল পুনের আদালত। গত মে মাসের এই নৃশংস হত্যাকাণ্ডের মাত্র ৬০ দিনের মাথায় এই রায় দিয়েছে আদালত।

Jun 29, 2026 - 13:53
0 0
৩ বছরের শিশুর ধর্ষণ-খুনে ৬৫ বছরের বৃদ্ধকে মৃত্যুদণ্ড! ৬০ দিনের মধ্যেই সাজা শোনাল পুনের আদালত

দ্য ওয়াল ব্যুরো: ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ-খুনের ঘটনায় দোষী সাব্যস্ত ৬৫ বছরের বৃদ্ধকে মৃত্যুদণ্ড দিল পুনের আদালত (Death penalty In Pune Rape And Murder Case)। গত মে মাসের এই নৃশংস হত্যাকাণ্ডের মাত্র ৬০ দিনের মাথায় এই রায় দিয়েছে আদালত (Verdict in 60 days)।

ঘটনাটি ঘটেছিল গত ১ মে। পুণের নাসরাপুর গ্রামে নিজের মামাবাড়িতে বেড়াতে এসেছিল ওই ৩ বছরের শিশুকন্যাটি। অভিযোগ, ঘটনার দিন বিকেলে বছর ৬৫-র ওই বৃদ্ধ শিশুটিকে ফুসলিয়ে খাবারের লোভ দেখিয়ে কাছাকাছি একটি গোয়ালঘরে নিয়ে যায়। সেখানেই শিশুটির উপর নির্মম অত্যাচার চালানো হয় এবং পরে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়।

মেয়েটিকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে, সেই গোয়ালঘর থেকেই তার নিথর দেহ উদ্ধার হয়। এই খবর ছড়িয়ে পড়তেই নাসরাপুর-সহ পুণের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তা অবরোধ করে দোষীর কঠোরতম শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন।

আমজনতার ক্ষোভের মুখে পড়ে প্রশাসনও অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ শুরু করে। ঘটনার দিনই পুলিশ অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করে। মামলার গুরুত্ব বুঝে তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করা হয় এবং মাত্র ১৬ দিনের মাথায় আদালতে ১,২০০ পাতার একটি বিশাল চার্জশিট জমা দেয় পুলিশ।

মামলাটির দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক কোর্টে শুনানি শুরু হয়। গত ২৮ মে আদালত ধৃতের বিরুদ্ধে চার্জ গঠন করে এবং ২০ জুনের মধ্যে দুপক্ষের চূড়ান্ত সওয়াল-জবাব শেষ হয়।

মামলাটিতে সরাসরি কোনও প্রত্যক্ষদর্শী না থাকলেও, ঘটনার পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ এবং প্রসিকিউশনের 'লাস্ট সিন টুগেদার' (শেষবার একসঙ্গে দেখা যাওয়া) তত্ত্বের ওপর ভিত্তি করে আদালত রায় দান করে। 
মৃত্যুর ঠিক আগে ওই বৃদ্ধের সঙ্গেই শিশুটিকে শেষবার দেখা গিয়েছিল, যা আদালতে প্রমাণিত হয়। গত ২৫ জুন বিশেষ আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এবং অপরাধের ভয়াবহতা বিবেচনা করে তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। অপরাধের ঠিক ৬০ দিনের মাথায় এই ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User