আন্দোলনের জেরে ঝাড়খণ্ডে বাতিল ৩৯ পরীক্ষা, পিছল ৬! JPSC-JSSC নিয়ে বড় সিদ্ধান্ত হেমন্ত সরকারের

JPSC ও JSSC-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে চলা তদন্তের মধ্যেই বড় সিদ্ধান্ত নিল ঝাড়খণ্ড সরকার। ১৮ অগস্ট বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল, ৩৯টি পরীক্ষা বাতিল করা হয়েছে। আরও ৬টি পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। বাতিল হওয়া পরীক্ষার তালিকায় সাম্প্রতিক নিয়োগের পাশাপাশি এক দশকেরও বেশি পুরনো পরীক্ষাও রয়েছে।

Aug 19, 2026 - 12:06
0 0
আন্দোলনের জেরে ঝাড়খণ্ডে বাতিল ৩৯ পরীক্ষা, পিছল ৬! JPSC-JSSC নিয়ে বড় সিদ্ধান্ত হেমন্ত সরকারের

কোন কোন পরীক্ষা বাতিল হল?

  • বিশ্ববিদ্যালয়ের নন-অ্যাকাডেমিক পদে নিয়োগের পরীক্ষা
  • অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও সিনিয়র সায়েন্টিস্টের ব্যাকলগ এবং নিয়মিত নিয়োগ
  • ড্রাগ ইন্সপেক্টর পদে নিয়োগ
  • সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
  • সরকারি পলিটেকনিক ও মহিলা পলিটেকনিকের লেকচারার
  • মেডিক্যাল কলেজের সুপার-স্পেশালিস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
  • সিভিল জাজ (জুনিয়র ডিভিশন)
  • অ্যাসিস্ট্যান্ট কনজারভেটর অফ ফরেস্টস ও ফরেস্ট রেঞ্জ অফিসার
  • অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর
  • বিভিন্ন বছরের কম্বাইন্ড সিভিল সার্ভিসেস পরীক্ষা
  • ফুড সেফটি অফিসার ও চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার
  • অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডেন্টিস্ট ও ডেন্টাল ডাক্তার নিয়োগ
  • জিওলজিস্ট ও কেমিস্ট নিয়োগ
  • ঝাড়খণ্ড এলিজিবিলিটি টেস্ট ২০২৪
  • JSSC-CGL পরীক্ষা
  • তালিকায় ২০১০ সালের কমার্শিয়াল ট্যাক্সেস লিমিটেড পরীক্ষা থেকে শুরু করে ২০২১ সালের কম্বাইন্ড সিভিল সার্ভিসেস পরীক্ষা এবং ২০২৩ সালের CGL-ও রয়েছে।

পিছিয়ে গেল যে ৬ পরীক্ষা

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত হয়েছে ফুড অ্যানালিস্ট, ডেপুটি ডিরেক্টর (প্রসিকিউশন), প্রজেক্ট ম্যানেজার ও সমতুল পদ, ইনস্পেক্টর অফ ফ্যাক্টরিজ, বয়লার ইন্সপেক্টর এবং ডিরেক্টর পদের পরীক্ষা।

দ্রুত শুনানির জন্য হাইকোর্টে আবেদন

শুধু পরীক্ষা বাতিল বা স্থগিতেই থামছে না সরকার। JPSC ও JSSC-তে অনিয়ম এবং অসদাচরণ সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টের ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের আবেদন করার সিদ্ধান্ত হয়েছে। দুই কমিশনের ভিতরে তৈরি হবে ইন্টারনাল মনিটরিং সেল। পাশাপাশি নিয়োগ পরীক্ষা সংস্কারের জন্য একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটিকে দু’মাসের মধ্যে সরকারের কাছে রিপোর্ট জমা দিতে হবে।

২০১৪ থেকে TDPL-এর সব পরীক্ষা বাতিল

এর আগে সোমবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে JSSC-CGL বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ২০১৪ সাল থেকে আউটসোর্সড সংস্থা TSR Data Processing Pvt Ltd (TDPL)-এর মাধ্যমে নেওয়া সমস্ত নিয়োগ পরীক্ষা এবং প্রকাশিত ফল বাতিলের কথাও ঘোষণা করে তারা।

এই পরীক্ষা সংস্কার কমিটির নেতৃত্বে রয়েছেন প্রবীণ IAS আধিকারিক অমিতাভ কৌশল। দীর্ঘদিন ধরে নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও অনিয়মের অভিযোগ নিয়ে আন্দোলন চলার পর সরকারের এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User