উত্তরপ্রদেশে এসপি'র সঙ্গে জোট ঘিরে জট পাকলেও গোয়ায় আপ, তৃণমূলের দুর্বলতায় স্বস্তিতে কংগ্রেস

২০২৭-এর গোয়া বিধানসভা নির্বাচনে সরকার গড়ার স্বপ্ন দেখছে কংগ্রেস। আপ ও তৃণমূলের দুর্বলতায় বিজেপি বিরোধী ভোট একজোট হওয়ার আশা হাত শিবিরের। অন্যদিকে উত্তরপ্রদেশে এসপি-র সঙ্গে জোট নিয়ে অনিশ্চয়তা।

Nov 27, 2026 - 11:40
উত্তরপ্রদেশে এসপি'র সঙ্গে জোট ঘিরে জট পাকলেও গোয়ায় আপ, তৃণমূলের দুর্বলতায় স্বস্তিতে কংগ্রেস

গোয়ায় (Goa) এবার সরকার গড়তে আশাবাদী কংগ্রেস। ‌ মাত্র ৪০ আসনের গোয়া বিধানসভার পরবর্তী নির্বাচন (Goa assembly election, 2027) হওয়ার কথা আগামী বছরের মার্চে। ১৪ বছর পর সেখানে সরকার গড়তে কেন আশাবাদী হাত শিবির?

দলীয় সূত্রে বলা হচ্ছে, ২০২২ এ নির্বাচনে তৃণমূল কংগ্রেস (TMC) এবং আম আদমি পার্টি ( Aam Admi Party) হাত-শিবিরের (Congress) ভোটে থাবা বসিয়েছিল। ওই দুই দল তখন যথাক্রমে পশ্চিমবঙ্গ এবং দিল্লিতে ক্ষমতাসীন ছিল। এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বস্তুত আম আদমি পার্টির বিরুদ্ধে দিল্লির মদ কেলেঙ্কারির (Liquor Scam) যে অভিযোগের জেরে অরবিন্দ কেজরিওয়াল (Arvinda Kejriwal) সহ একাধিক নেতাকে জেলে যেতে হয়েছিল সেই দুর্নীতির অর্থ গোয়ার নির্বাচনে ব্যয় করা হয় বলে চার্জশিটে উল্লেখ করে সিবিআই এবং ইডি।

অন্যদিকে, চলতি বছরের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস এখন তিন টুকরো। বিগত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল গোয়ায় কিছু আঞ্চলিক পার্টির সঙ্গে বোঝাপড়া করলেও শেষ পর্যন্ত খাতা খুলতে পারেনি বটে, তবে বিরোধী শিবিরের ফাটল তৈরি করেছিল।

আগামী বছর গোয়া এবং উত্তর প্রদেশ বিধানসভার নির্বাচন একই সময় হওয়ার কথা। দেশের বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশে কংগ্রেস ও সমাজবাদী পার্টির মধ্যে বোঝাপড়া এখনও চূড়ান্ত রূপ নেয়নি। শেষ পর্যন্ত দুই দল জোট করে লড়াই করবে কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

কিন্তু গোয়ায় কংগ্রেস যথেষ্ট স্বস্তি বোধ করছে। বিজেপি বিরোধী ভোটের বিভাজন আটকাতে এবার তারা গোয়া ফরোয়ার্ড ব্লক এবং রেভোলিউশনারি গোয়ানস পার্টিসহ অন্যান্য আঞ্চলিক দলগুলোর সঙ্গে জোট করে ভোটের ময়দানে নামতে প্রস্তুত হচ্ছে।

২০১২ সাল থেকে বিধানসভা নির্বাচনে হাত শিবিরের ভোট শতাংশ ক্রমাগত হ্রাস পেলেও তা ২৮ থেকে ৩২ শতাংশের কাছাকাছি ছিল। ২০২২ সালের নির্বাচনে ২৮.৫ শতাংশ থেকে কমে মাত্র ২৩ শতাংশে নেমে আসে। অন্যদিকে পদ্ম শিবির তাদের ৩২ শতাংশ ভোট শতাংশ ধরে রাখতে সক্ষম হয়। ফলে টানা ১৪ বছর ক্ষমতাসীন শাসক দল বিজেপি এবং প্রধান বিরোধী দল কংগ্রেসের ভোটে ১০ শতাংশের ফারাক তৈরি হয়েছে‌।

কংগ্রেস আশা করছে আসন্ন নির্বাচনে আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস, এনসিপি এবং শিবসেনার প্রভাব কাজ না করায় তাদের সরকার গড়ার সম্ভাবনা উজ্জ্বল
২০২২ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির জোট দুটি আসনে জয়লাভ করে এবং প্রায় ১৩ শতাংশ ভোট পেয়েছিল, যার মধ্যে তৃণমূল একাই সাড়ে পাঁচ শতাংশ ভোট পেয়েছিল। রাজ্য কংগ্রেসের একজন প্রবীণ নেতার কথায়, তৃণমূল ইতিমধ্যে অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত। তাই, দলটি গোয়ার আসন্ন নির্বাচন থেকে দূরে থাকতে পারে। অন্যদিকে, শিবসেনা এবং এনসিপি (শরদ পাওয়ার)-ও বিগত বছরগুলির তুলনায় বেশ দুর্বল।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0