এক সফরে ৭ জ্যোতির্লিঙ্গ দর্শন! সেপ্টেম্বরে বিশেষ ট্রেন IRCTC-র, কোথা থেকে বুক করবেন?

শ্রাবণ মাসেই শিবভক্তদের জন্য দারুণ খবর নিয়ে এল IRCTC। আগামী ২৫ সেপ্টেম্বর দিল্লির সফদরজং স্টেশন থেকে শুরু হচ্ছে 'সপ্ত জ্যোতির্লিঙ্গ দর্শন যাত্রা'। ১০ রাত ও ১১ দিনের এই বিশেষ পর্যটন প্যাকেজে থাকছে যাতায়াত, থাকা-খাওয়া ও ঘোরার সম্পূর্ণ সুবিধা।

Aug 07, 2026 - 18:04
0 0
এক সফরে ৭ জ্যোতির্লিঙ্গ দর্শন! সেপ্টেম্বরে বিশেষ ট্রেন IRCTC-র, কোথা থেকে বুক করবেন?

শ্রাবণ মাসে শিবভক্তদের উপহার। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) বড় ঘোষণা করল। সংস্থার উদ্যোগে শুরু হচ্ছে 'সপ্ত জ্যোতির্লিঙ্গ দর্শন যাত্রা', যেখানে এক সফরেই দেশের সাতটি জ্যোতির্লিঙ্গ দর্শনের সুযোগ পাওয়া যাবে। ট্রেনের পাশাপাশি থাকা, খাওয়া, স্থানীয় যাতায়াত ও দর্শনের ব্যবস্থাও থাকবে প্যাকেজে।

২৫ সেপ্টেম্বর সন্ধে ৬টায় দিল্লির সফদরজং রেলস্টেশন থেকে ছাড়বে ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন। ১০ রাত ১১ দিনের এই যাত্রা শেষ হবে ৫ অক্টোবর। সফরে মধ্যপ্রদেশ, গুজরাত ও মহারাষ্ট্রের একাধিক তীর্থস্থান ও ঐতিহাসিক স্থানে নিয়ে যাওয়া হবে ভক্তদের।

যাত্রার প্রথম গন্তব্য উজ্জয়িনী। সেখানে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের পাশাপাশি মহাকাল লোক করিডর এবং রামঘাটের সন্ধ্যা আরতিতে অংশ নেওয়ার সুযোগ থাকবে। ইচ্ছুক যাত্রীরা ভোরের ভস্ম আরতিও দেখতে পাবেন। এরপর ওঙ্কারেশ্বর দর্শনের ব্যবস্থা রয়েছে।

তারপর ট্রেন পৌঁছবে দ্বারকা। সফরের তালিকায় রয়েছে দ্বারকাধীশ মন্দির, রুক্মিণী দেবী মন্দির, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং বেট দ্বারকা। সেখান থেকে যাত্রা হবে সোমনাথে, যেখানে দর্শন করা যাবে সোমনাথ মন্দির, সোমনাথ সমুদ্রসৈকত এবং ভালকা তীর্থ।

পরবর্তী গন্তব্য পুণে, যেখানে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারবেন। এরপর ট্রেন যাবে ছত্রপতি সম্ভাজিনগর (প্রাক্তন ঔরঙ্গাবাদ)। সেখানে ইলোরার গুহা, বিশেষ করে বিখ্যাত কৈলাস মন্দির ঘুরিয়ে দেখানোর পর নিয়ে যাওয়া হবে ঘৃশ্নেশ্বর জ্যোতির্লিঙ্গে।

শেষ পর্যায়ে সফর পৌঁছবে নাসিকে। সেখানে ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ ও পঞ্চবটি দর্শনের পর দিল্লির উদ্দেশে রওনা দেবে ট্রেনটি।

এই বিশেষ যাত্রায় মোট ১৫০ জন যাত্রী অংশ নিতে পারবেন। ট্রেনে এসি ফার্স্ট ক্লাস কুপ, ফার্স্ট ক্লাস কেবিন, এসি টু-টিয়ার এবং এসি থ্রি-টিয়ারের বিভিন্ন শ্রেণির আসনের ব্যবস্থা রাখা হয়েছে।

প্যাকেজের মধ্যে থাকবে ভারত গৌরব ট্রেনে যাতায়াত, উজ্জয়িনী, দ্বারকা ও পুণেতে তিন রাতের হোটেল থাকার ব্যবস্থা, নাসিকে ওয়াশ অ্যান্ড চেঞ্জ সুবিধা, নিরামিষ প্রাতরাশ, মধ্যাহ্নভোজ ও রাতের খাবার, শীতাতপ নিয়ন্ত্রিত বাসে স্থানীয় ভ্রমণ, প্রবেশমূল্য, গাইড, ভ্রমণ বিমা, ট্যুর ম্যানেজার এবং নিরাপত্তা পরিষেবা।

তবে বিশেষ দর্শনের টিকিট, রুম সার্ভিস, নির্ধারিত সূচির বাইরে অতিরিক্ত ঘোরাঘুরি, লন্ড্রি, বোতলের কেনা জল, অতিরিক্ত খাবার বা ব্যক্তিগত খরচ যাত্রীদের নিজেদের দিতে হবে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User