‘এটা কোনও দলের টাকা নয়, সরকারের টাকা’, অন্নপূর্ণা যোজনা নিয়ে স্পষ্ট কথা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ঘোষণা করে জানান, বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে আসা এবং সিএএ-তে আবেদন করা ব্যক্তিরা, কিংবা যাঁদের নাম ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে, তাঁদের আবেদন চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ভাতা বন্ধ করা হবে না।
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের মহিলাদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে চালু হওয়া ‘অন্নপূর্ণা যোজনা’র (Annapurna Yojana) আনুষ্ঠানিক সূচনা হল বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে। সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) স্পষ্ট বার্তা দিলেন, “এটা কোনও ব্যক্তি বা দলের টাকা নয়, এটা সরকারের টাকা। ফলে উপযুক্ত মানুষই এই সুবিধা পাবেন, এটাই আমরা বিশ্বাস করি।”
রাজ্য সরকারের দাবি, ইতিমধ্যেই ১ কোটি ৬০ লক্ষেরও বেশি মহিলা ‘অন্নপূর্ণা যোজনা’র জন্য ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম জমা দিয়েছেন। সেই সমস্ত তথ্য পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ঝাড়াই বাছাইয়ের পাশাপাশি ডিজিটাল ভেরিফিকেশনও সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, প্রথমে প্রায় ২৭ লক্ষ আবেদনপত্রের তথ্য পাওয়া গিয়েছিল। পরে দীর্ঘ যাচাই-বাছাইয়ের পর ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর তথ্য আপলোড করা হয়।
এদিন শুভেন্দু অধিকারী জানান, ওই ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর মধ্যে ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। বাকি প্রায় ১ কোটি ৩০ লক্ষের মধ্যে যাচাই করে বুধবার দুপুর ১টা থেকে ১ কোটি ৯ লক্ষ ৯২ হাজার ৩৭৮ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। পাহাড়ি এলাকার ১ লক্ষ ২২ হাজার ৬২৮ জন মহিলাও এই প্রকল্পের আওতায় টাকা পেয়েছেন বলে দাবি করেন তিনি।
একই সঙ্গে মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ঘোষণা করে জানান, বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে আসা এবং সিএএ-তে আবেদন করা ব্যক্তিরা, কিংবা যাঁদের নাম ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে, তাঁদের আবেদন চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ভাতা বন্ধ করা হবে না।
লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গ টেনে পূর্বতন তৃণমূল সরকারকেও আক্রমণ করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, “লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে ২৭ লক্ষ এমন নাম পাওয়া গিয়েছিল, যারা ভারতীয় নন। আবার কেউ কেউ এখানে থাকেন না, কারও তিন জায়গায় নাম ছিল। এমনকি ১০ লক্ষ পুরুষের অ্যাকাউন্টেও টাকা গিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি পুরুষদের অ্যাকাউন্টে যাওয়া উচিত?”
মুখ্যমন্ত্রীর বক্তব্য, “মাত্র দেড় মাসের সরকার। প্রধানমন্ত্রী যে গ্যারান্টি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি পূরণের দিকেই আমরা অনেকটা এগিয়ে গিয়েছি।” সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান তিনি।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)