'এটা না করলে ভারতে শামিল হত PoK!' স্বাধীনতা দিবসে বিস্ফোরক ওমর আবদুল্লা, পাল্টা খোঁচা বিজেপির

শনিবার শ্রীনগরে আয়োজিত স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী আবদুল্লা বলেন, "পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের বর্তমান সার্বিক পরিস্থিতি প্রমাণ করে দিয়েছে যে ১৯৪৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে ভারতের অংশ হওয়ার জন্য কাশ্মীরিরা যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন, তা কতটা সঠিক ছিল।"

Aug 15, 2026 - 19:09
0 0
'এটা না করলে ভারতে শামিল হত PoK!' স্বাধীনতা দিবসে বিস্ফোরক ওমর আবদুল্লা, পাল্টা খোঁচা বিজেপির

কেন্দ্রীয় সরকার যদি জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir) বিশেষ মর্যাদা (ধারা ৩৭০) বাতিল না করত এবং রাজ্যের মর্যাদা কেড়ে না নিত, তবে এতদিন পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (PoK) মানুষই ভারতের জম্মু ও কাশ্মীরের সঙ্গে যুক্ত হওয়ার জন্য গণঅভ্যুত্থান গড়ে তুলত! ৮০তম স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে এমনই দাবি করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)

শনিবার শ্রীনগরে আয়োজিত স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী আবদুল্লা বলেন, "পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের বর্তমান সার্বিক পরিস্থিতি প্রমাণ করে দিয়েছে যে ১৯৪৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে ভারতের অংশ হওয়ার জন্য কাশ্মীরিরা যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন, তা কতটা সঠিক ছিল।"

পাক-অধিকৃত কাশ্মীরের বর্তমান অস্থিরতা নিয়ে গভীর সমবেদনা প্রকাশ করে ওমর আবদুল্লা বলেন, "সেখানকার বর্তমান পরিস্থিতি আমাকে ভীষণভাবে ব্যথিত করে। নিজেদের গণতান্ত্রিক অধিকারের দাবিতে লড়াই করতে গিয়ে পিওকে-তে বহু মানুষের মৃত্যু হয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছেন এবং জেলে বন্দি হয়েছেন।" তিনি এই মঞ্চে দাঁড়িয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তাঁর দাদু তথা জম্মু ও কাশ্মীরের প্রথম ‘প্রধানমন্ত্রী’ শেখ মহম্মদ আবদুল্লাকে। ১৯৪৭ সালে ভারতীয় সেনা পৌঁছানোর আগেই পাকিস্তানিদের রুখতে কীভাবে শেখ আবদুল্লা স্থানীয় কাশ্মীরিদের ঐক্যবদ্ধ করে নিজের জন্মভূমি রক্ষা করেছিলেন, সেই ইতিহাস তুলে ধরেন ওমর।

পরক্ষণেই মোদী সরকারের সিদ্ধান্তকে নিশানা করে তিনি যোগ করেন, "আমি নিশ্চিত যে ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের রাজ্য পুনর্গঠন ও বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া না হলে, আজ পিওকে-র সাধারণ মানুষ নিজেরাই জম্মু ও কাশ্মীরের সঙ্গে এক করার জন্য আওয়াজ তুলতেন। আমরা তো বিধানসভায় সীমান্তের ওপাশের জন্য আসন ফাঁকাই রেখেছি এই আশায়, যাতে কোনও একদিন সেই আসনগুলি পূর্ণ হবে।"

ওমর আবদুল্লার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে তীব্র রাজনৈতিক তর্জা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর ভাষণকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে তোপ দেগেছেন জম্মু ও কাশ্মীর বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা সুনীল শর্মা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য একেবারেই কাম্য নয়। স্বাধীনতা দিবসের মতো একটি জাতীয় উদযাপনের দিনে, যখন আমাদের তেরঙা পতাকাকে সম্মান জানানো উচিত, তখন তিনি সস্তা রাজনীতি করছেন। এই মঞ্চে দাঁড়িয়ে তাঁর সরকারের পারফরম্যান্স ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলা উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি একে রাজনীতির আখড়া বানিয়ে ফেললেন।"

তবে সমস্ত বিতর্কের মাঝেই নিজের অবস্থানে অনড় থেকে ওমর আবদুল্লা পুনর্ব্যক্ত করেন যে, ২০১৯ সালের অগস্টে কেড়ে নেওয়া রাজ্য পুনর্গঠন এবং সমস্ত সাংবিধানিক গ্যারান্টি ফেরাতে তাঁর সরকার শেষ পর্যন্ত লড়াই করবে। তিনি বলেন, "আমাদের সরকার রাজ্যভিত্তিক অধিকার ও মর্যাদা পুনরুদ্ধারের পাশাপাশি জম্মু ও কাশ্মীরকে উন্নয়নের নতুন পথে এগিয়ে নিয়ে যেতে সম্পূর্ণ দায়বদ্ধ। আমরা এই লক্ষ্যপূরণে কাজ চালিয়ে যাব।"

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User