ক্ষমা চান জুকারবার্গ, না হলে কড়া আইনি পদক্ষেপ! মেটাকে তিন দিনের আল্টিমেটাম সংসদীয় কমিটির

বিশেষ সূত্রে খবর, সংসদীয় প্যানেল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আগামী তিন দিনের মধ্যে মেটা যদি এই বিষয়ে সন্তোষজনক পদক্ষেপ না করে এবং ক্ষমা না চায়, তবে ভারত সরকার ফেসবুকের 'সেফ হারবার' (Safe Harbor) আইনি সুরক্ষা প্রত্যাহার করে নেওয়ার কথা বিবেচনা করবে। যদি এই 'সেফ হারবার' সুরক্ষা তুলে নেওয়া হয়, তবে ভারতের আইন অনুযায়ী ফেসবুকের শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে সরাসরি এফআইআর (FIR) দায়ের ও ফৌজদারি মামলা চালানোর রাস্তা খুলে যাবে।

Aug 05, 2026 - 18:06
0 0
ক্ষমা চান জুকারবার্গ, না হলে কড়া আইনি পদক্ষেপ! মেটাকে তিন দিনের আল্টিমেটাম সংসদীয় কমিটির

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও আচমকা সরিয়ে নেওয়ার ঘটনায় তোলপাড় দেশের রাজনীতি ও প্রযুক্তি মহল। এই ইস্যুতে এবার মেটা (Meta) সিইও মার্ক জুকারবার্গকে (Mark Zuckerberg) চরম হুঁশিয়ারি দিল ভারতের সংসদীয় স্থায়ী কমিটি। জুকারবার্গকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং এই ঘটনার পেছনে দায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে - এই মর্মে তিন দিনের আল্টিমেটাম জারি করেছে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় কমিটি (Parliamentary Committee of Communications and IT)।

বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবের (Nishikant Dubey) নেতৃত্বে পরিচালিত এই সংসদীয় কমিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও মুছে ফেলার ঘটনাকে 'গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত' বলে আখ্যা দিয়েছে। কমিটির মতে, ১৪০ কোটি ভারতবাসীর নির্বাচিত প্রতিনিধিকে এভাবে নিশানা করা অত্যন্ত গুরুতর অপরাধ।

বিশেষ সূত্রে খবর, সংসদীয় প্যানেল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আগামী তিন দিনের মধ্যে মেটা যদি এই বিষয়ে সন্তোষজনক পদক্ষেপ না করে এবং ক্ষমা না চায়, তবে ভারত সরকার ফেসবুকের 'সেফ হারবার' (Safe Harbor) আইনি সুরক্ষা প্রত্যাহার করে নেওয়ার কথা বিবেচনা করবে। যদি এই 'সেফ হারবার' সুরক্ষা তুলে নেওয়া হয়, তবে ভারতের আইন অনুযায়ী ফেসবুকের শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে সরাসরি এফআইআর (FIR) দায়ের ও ফৌজদারি মামলা চালানোর রাস্তা খুলে যাবে।

কী ঘটেছিল?

ঘটনার সূত্রপাত গত ২৩ জুলাই। ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি 'সেলফি-স্টাইল' ভিডিও পোস্ট করেন। এটিই ছিল এই ফরম্যাটে তাঁর প্রথম সরাসরি বার্তা। প্রশ্নপত্র ফাঁস (Paper Leak) কেলেঙ্কারি এবং সেটিকে কেন্দ্র করে ব্যঙ্গাত্মক সংগঠন 'ককরোচ জনতা পার্টি' (CJP)-র নেতৃত্বে চলা ছাত্র বিক্ষোভের মধ্যেই, ভিডিওটিতে অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ভিডিওটি প্রথমে ইনস্টাগ্রামে পোস্ট করার পর ফেসবুকেও শেয়ার করা হয়।

কিন্তু পোস্ট করার পরেই ফেসবুক মোদীর এই ভিডিওটির ওপর বিধিনিষেধ জারি করে এবং তা সরিয়ে দেয়। পরে অবশ্য নেটিজেনদের তুমুল ক্ষোভের মুখে পড়ে মেটা ভিডিওটি পুনরায় ফিরিয়ে আনে।

ভিডিওটি গায়েব হয়ে যাওয়ার বিষয়টি প্রথম নজর আসে বিজেপি নেতৃত্ব এবং নেটপাড়ার রাজনৈতিক বিশ্লেষকদের। বিষয়টি চোখে পড়ামাত্রই তাঁরা মেটা কর্তৃপক্ষের কাছে তীব্র প্রতিবাদ জানান এবং তৎক্ষণাৎ ব্যাখ্যা দাবি করেন।

টেকনোলজিক্যাল সমস্যার যুক্তি খারিজ করল মন্ত্রক

ঘটনার পরপরই চলতি সপ্তাহে মেটার শীর্ষ আধিকারিকদের তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল এই সংসদীয় কমিটি। হাজিরা দিয়ে মেটার প্রতিনিধিরা ক্ষমা চান এবং পুরো বিষয়টিকে একটি 'টেকনিক্যাল গ্লিচ' বা প্রযুক্তিগত ত্রুটি বলে দায় এড়ানোর চেষ্টা করেন।

তবে তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY) মেটার এই ব্যাখ্যাকে পুরোপুরি 'অযৌক্তিক' বলে উড়িয়ে দিয়েছে। মন্ত্রকের সাফ বক্তব্য, মেটার মতো একটি প্রথম সারির আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থার থেকে এমন দায়িত্বজ্ঞানহীন প্রযুক্তিগত ভুল কোনওভাবেই কাম্য নয়। যদি সত্যিই কোনও টেকনিক্যাল সমস্যা থেকে থাকে, তবে ভবিষ্যতে যেন এমন ভুল আর না ঘটে, তার জন্য মেটাকে তাদের পরিকাঠামো অবিলম্বে জোরদার করতে হবে।

চাইল্ড সেক্সুয়াল কন্টেন্ট নিয়েও কড়া বার্তা

কেবল প্রধানমন্ত্রীর ভিডিও কান্ডই নয়, সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর কন্টেন্ট রুখতে আরও একাধিক বড় সিদ্ধান্ত নিয়েছে এই সংসদীয় প্যানেল। গুগল (Google), ইউটিউব (YouTube), এক্স (পূর্বতন টুইটার), ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মতো বিশ্বসেরা সব ডিজিটাল প্ল্যাটফর্মকে তিন দিনের মধ্যে সমস্ত ধরনের শিশু যৌন নির্যাতনমূলক কন্টেন্ট (CSEAM) এবং মহিলাদের নিশানা করে তৈরি করা আপত্তিকর উপাদান অবিলম্বে মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ অমান্য করলে কড়া আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কমিটি।

ভিন্ন মামলায় আইনি বিপাকে গুগল ও মেটা

অন্যদিক থেকে ইতিমধ্যেই আইনি ফাঁসে জড়িয়েছে দুই প্রযুক্তি সংস্থা। পৃথক অভিযোগে গুগল ও মেটার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে তেলেঙ্গনা পুলিশ। প্রতারণামূলক ভুয়া আর্থিক অ্যাপের প্রচার ও তা হোস্টিংয়ের অভিযোগে অভিযুক্ত গুগল। আর অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভুয়ো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার অনুমতি দেওয়ায় মেটার বিরুদ্ধে মামলা রজু করেছে তেলেঙ্গনা পুলিশ।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User