গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে সর্বোচ্চ! ইউএস ওপেন জিতলে কত কোটি টাকা পকেটে পুরবেন চ্যাম্পিয়নরা?
ইউএস ওপেনে এবার টাকার বৃষ্টি! সিঙ্গলস চ্যাম্পিয়নরা পাবেন রেকর্ড ৫২ কোটি ৬৬ লক্ষ টাকা। গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে সর্বোচ্চ আর্থিক পুরস্কার। জানুন অন্যান্য প্রতিযোগীদের প্রাইজমানি।
টেনিস কোর্টে এবার আক্ষরিক অর্থেই টাকার বৃষ্টি। আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম। আর তার আগেই চোখধাঁধানো ঘোষণা।
২০২৬ সালের ইউএস ওপেনে (US Open 2026) সিঙ্গলস চ্যাম্পিয়নদের জন্য থাকছে রেকর্ড অঙ্কের প্রাইজমানি। পুরুষ ও মহিলা, উভয় বিভাগের সিঙ্গলস চ্যাম্পিয়নরা পাবেন সাড়ে ৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৩ কোটি টাকা! গ্র্যান্ড স্ল্যাম টেনিসের (Grand Slam Tennis) ইতিহাসে এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ আর্থিক পুরস্কার। বৃহস্পতিবার ইউনাইটেড স্টেটস টেনিস অ্যাসোসিয়েশন বা ইউএসটিএ-র পক্ষ থেকে এই বিপুল অঙ্কের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
মোট পুরস্কারমূল্য হাজার কোটি পার
শুধু চ্যাম্পিয়নরাই নন, সার্বিকভাবে গোটা টুর্নামেন্টের পুরস্কারমূল্য আকাশছোঁয়া। এবারের ইউএস ওপেনের মোট আর্থিক পুরস্কারের পরিমাণ দাঁড়াচ্ছে ১০৮ মিলিয়ন ডলার। ভারতীয় অঙ্কে যা প্রায় ১,০৩৪ কোটি টাকা! গত বছরের তুলনায় একলাফে ২০ শতাংশ বেড়েছে এই পুরস্কারমূল্য। আর ২০২৪ সালের নিরিখে হিসেব করলে বৃদ্ধি প্রায় ৪৪ শতাংশ।
টাকার এই বিপুল অঙ্ক বুঝিয়ে দিচ্ছে, বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া ইভেন্ট হিসেবে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইছে ইউএস ওপেন (Tennis News)।
হারলেও জুটবে কোটি টাকা
মূলপর্বে জায়গা পেলেও থাকছে বিশাল অঙ্কের নিশ্চয়তা। ১২৮ জনের সিঙ্গলস মেন ড্রয়ে (Singles Main Draw) সুযোগ পাওয়া প্রতিটি খেলোয়াড় পাবেন ১ লক্ষ ৪০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় দেড় কোটি টাকা। টেনিসের ইতিহাসে শুধুমাত্র মূলপর্বে ওঠার জন্য এত বড় অঙ্কের টাকা এর আগে কখনও দেওয়া হয়নি।
অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে পৌঁছলে মিলবে ৭ লক্ষ ৮০ হাজার ডলার বা প্রায় সাড়ে ৭ কোটি টাকা। সেমিফাইনালিস্টরা পাবেন ১.৪৫ মিলিয়ন ডলার (প্রায় ১৩.৮৮ কোটি টাকা)। আর ফাইনালে হেরে রানার-আপ হওয়া খেলোয়াড়ের পকেটে ঢুকবে ২.৮ মিলিয়ন ডলার বা প্রায় ২৭ কোটি টাকা।
ডবলস ও হুইলচেয়ার বিভাগের পুরস্কার
গত বছর সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়ে কার্লোস আলকারাজ (Carlos Alcaraz) এবং আরিনা সাবালেঙ্কা পেয়েছিলেন ৫ মিলিয়ন ডলার বা প্রায় ৪৮ কোটি টাকা। সেবার মোট পুরস্কারমূল্য ছিল ৯০ মিলিয়ন ডলার বা প্রায় ৮৬১ কোটি টাকা।
এবার পুরুষ, মহিলা এবং মিক্সড ডাবলসের বিজয়ী দলগুলি পাবে ১ মিলিয়ন ডলার বা প্রায় ১০ কোটি টাকা। ডাবলসে রানার-আপ দল পাবে ঠিক অর্ধেক, অর্থাৎ ৫ লক্ষ ডলার (প্রায় ৪.৭৮ কোটি টাকা)। পাশাপাশি, হুইলচেয়ার সিঙ্গলসের চ্যাম্পিয়নদের জন্য বরাদ্দ থাকছে ১ লক্ষ ৪ হাজার ডলার বা প্রায় ৯৯ লক্ষ টাকা।
খেলোয়াড়দের জন্য বিশেষ সহায়তা তহবিল
আর্থিক পুরস্কারের পাশাপাশি একটি অভিনব 'প্লেয়ার সাপোর্ট প্রোগ্রাম' চালুর ঘোষণাও করেছে ইউএসটিএ। প্রাথমিক ভাবে এই তহবিলে ২ মিলিয়ন ডলার (প্রায় ১৯.১৪ কোটি টাকা) বরাদ্দ করা হয়েছে। পুরুষ ও মহিলা খেলোয়াড়দের মধ্যে এই অর্থ সমানভাবে ভাগ করে দেওয়া হবে। বর্তমান পেনশন ফান্ডের পরিপূরক হিসেবে খেলোয়াড়দের নানাবিধ সুবিধা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন যুগের সূচনা
এই বিপুল অঙ্কের বিনিয়োগ নিয়ে ইউএসটিএ-র সিইও ক্রেগ টাইলি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, 'সব স্তরের খেলোয়াড়দের প্রতি এই আর্থিক প্রতিশ্রুতি আসলে অ্যাথলিটদের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগের একটি তাৎপর্যপূর্ণ প্রথম পদক্ষেপ। খেলোয়াড়, অনুরাগী এবং অংশীদারদের জন্য ইউএস ওপেন ধারাবাহিকভাবে সেরা অর্থনৈতিক সুযোগ এবং টেনিসের সবচেয়ে মূল্যবান প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।'
বৃহস্পতিবার 'গ্র্যান্ড স্ল্যাম প্লেয়ার কাউন্সিল' গঠনের কথাও ঘোষণা করা হয়েছে। মূলত চারটি মেজর টুর্নামেন্ট থেকে আরও বেশি আয় এবং খেলোয়াড়দের মতামতের গুরুত্ব বাড়াতেই এই কাউন্সিল তৈরি হল। আর তাদের নির্দেশিকা মেনেই নয়া সহায়তা প্রোগ্রামটি পরিচালনা করা হবে (US Open Prize Money)।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)