'দেশু ৭'-এ রাজনীতির ছাপ! ভাইরাল ভিডিও-তে নেত্রীর লুকে শুভশ্রী, পাশে পরিচালক দেব

জানা গিয়েছে, সেটেই উপস্থিত ছিলেন ছবির পরিচালক দেব। শুটিংয়ের আগে শুভশ্রী ও অনির্বাণকে দৃশ্য বুঝিয়ে দিতে দেখা যায় তাঁকে। যদিও ছবির গল্প বা চরিত্র নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

Aug 07, 2026 - 12:56
0 0
'দেশু ৭'-এ রাজনীতির ছাপ! ভাইরাল ভিডিও-তে নেত্রীর লুকে শুভশ্রী, পাশে পরিচালক দেব

 দুর্গাপুজোর অন্যতম প্রতীক্ষিত বাংলা ছবি 'দেশু ৭'-কে ঘিরে দর্শকদের কৌতূহল দিন দিন বাড়ছেই। প্রথম লুক প্রকাশের পর থেকেই ছবির গল্প নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করল ছবির শুটিং সেট থেকে ফাঁস হওয়া কিছু ছবি। ভাইরাল হওয়া সেই ভিডিয়ো থেকে স্পষ্ট, ছবির কাহিনিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে রাজনীতি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি শুটিং স্টিলে দেখা যায়, খোলা ছাদের একটি ফুলে সাজানো গাড়িতে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য। শুভশ্রীর পরনে সরু পাড়ের হালকা রঙের শাড়ি, গলায় ফুলের মালা, মুখে একেবারে সাধারণ সাজ। তাঁর পাশেই মালা পরা অবস্থায় দেখা যায় অনির্বাণকে। গাড়িতে একটি রাজনৈতিক দলের পতাকাও লাগানো রয়েছে, যা ছবির রাজনৈতিক প্রেক্ষাপটের ইঙ্গিত দিচ্ছে।

জানা গিয়েছে, সেটেই উপস্থিত ছিলেন ছবির পরিচালক দেব। শুটিংয়ের আগে শুভশ্রী ও অনির্বাণকে দৃশ্য বুঝিয়ে দিতে দেখা যায় তাঁকে। যদিও ছবির গল্প বা চরিত্র নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, শুভশ্রীকে ডা. শুভস্মিতা চৌধুরী নামে এক রাজনৈতিক নেত্রীর চরিত্রে দেখা যাবে। অন্যদিকে অনির্বাণও নাকি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার ভূমিকায় অভিনয় করছেন।

এর আগে প্রকাশিত ফার্স্ট লুক পোস্টারেও ছিল রহস্যের ছাপ। ধ্বংসস্তূপ ও বিস্ফোরণের আবহে কাঁধে রাইফেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন দেব, আর রক্তমাখা সাদা পোশাকে দেখা গিয়েছিল শুভশ্রীকে। সেই পোস্টারই ইঙ্গিত দিয়েছিল, এটি শুধুমাত্র প্রেমের গল্প নয়; অ্যাকশন, সংঘাত এবং সামাজিক-রাজনৈতিক আবহও ছবির গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে।

সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগস্ট মাসের মধ্যেই শেষ হবে ছবির শুটিং। তারপর পুজোয় বড় পর্দায় মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই ছবি।

ইতিমধ্যেই 'দেশু সাত' বাংলা চলচ্চিত্রে এক বিরল নজির গড়েছে। আগামী ১৬ অক্টোবর ২০২৬, সকাল সাড়ে ৭টায় ছবির প্রিমিয়ার শো নির্ধারিত হয়েছে। আরও চমকপ্রদ বিষয়, মুক্তির প্রায় ১০ মাস আগেই প্রিমিয়ারের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছিল এবং অল্প সময়ের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায়। ছবির গল্প প্রকাশের আগেই শুধুমাত্র দেব ও শুভশ্রীকে একসঙ্গে বড় পর্দায় দেখার উন্মাদনায় টিকিট কেটে ফেলেছিলেন অসংখ্য দর্শক। বিশেষ 'গোল্ডেন টিকিট'-এর সঙ্গে থাকছে দেব ও শুভশ্রীর স্বাক্ষরও, যা প্রিমিয়ারের আগে সংগ্রহ করতে পারবেন টিকিটধারীরা।

একসময় দেব ও শুভশ্রীর ব্যক্তিগত সম্পর্ক ছিল টলিউডের সবচেয়ে আলোচিত বিষয়গুলির একটি। সম্পর্ক ভাঙার পর দীর্ঘদিন তাঁদের একসঙ্গে দেখা যায়নি। তবে সময়ের সঙ্গে দূরত্ব কমেছে। 'ধূমকেতু' মুক্তির আগে পুরনো অভিমান কাটিয়ে ফের একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেন দুই তারকা। সেই নতুন সমীকরণেরই সবচেয়ে বড় উদাহরণ হতে চলেছে 'দেশু সাত', যা ইতিমধ্যেই পুজোর সবচেয়ে আলোচিত ছবিগুলির তালিকায় জায়গা করে নিয়েছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User