নথি ফোনে দেখালে চলবে না, ফ্রি বাসের সুবিধা পেতে মহিলাদের রাখতেই হবে হার্ড কপি, সাফ জানালেন অর্জুন

ফ্রি বাস রাইডের সুবিধা পেতে ফোনে নথি দেখালে মিলবে না ছাড়পত্র! পিঙ্ক কার্ড না আসা পর্যন্ত সঙ্গে নথির জেরক্স অন্তত রাখতে হবে, স্পষ্ট জানালেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং।

Sep 23, 2026 - 19:40
0 0

রাজ্যে ক্ষমতায় এসেই মহিলাদের জন্য ফ্রি বাস রাইড শুরু করেছে বিজেপি সরকার। এসি হোক বা নন এসি, শহরের ভিতরে হোক বা বাইরে, বিনামূল্যে পাওয়া যাচ্ছে সরকারি বাসের পরিষেবা। যে সরকারি বাসে একসময় লোক হত না ঠিক করে, তাতেও এখন মহিলাদের ভিড় চোখে পড়ার মতো। সরকারের নিয়ম অনুযায়ী, ফ্রি বাস রাইডের সুবিধা পেতে গেলে মহিলাদের নির্দিষ্ট কিছু তথ্য কনডাক্টরকে বা চালককে দেখাতে হবে। সেই তথ্য নিয়েই শুরু হয়েছে বড় বিভ্রান্তি।

কেউ সেই নথি ফোনে দেখাচ্ছেন, কেউ আবার দেখাতেই চাইছেন না। ফোনে দেখানো নিয়ে বচসা হচ্ছে যাত্রী ও কন্ডাক্টরের মধ্যে। কোনও কন্টাক্টর ফোনে দেখেই টিকিট দিয়ে দিচ্ছেন। কেউ আবার হার্ড কপি চেয়ে বসছেন। হার্ড কপি না দেখাতে পারলে দিতে হচ্ছে পুরো ভাড়া। এক্ষেত্রে কন্ডাক্টরদের একাংশের দাবি, সকলের ফোন হাতে নিয়ে নথি পরীক্ষা করতে গিয়ে যেকোনও সময়ে সমস্যা হতে পারে। চলন্ত বাসে হাত থেকে পড়ে যেতে পারে যেকোনও মুহূর্তে। ফলে ফোনে দেখা যাবে না।

মহিলাদের একাংশের দাবি, আজকাল কেউ কোনও নথি-র হার্ড কপি ব্যাগে নিয়ে ঘুরে বেড়ান না। সবই ফোনে। ব্যাঙ্ক থেকে অন্যান্য ক্ষেত্র, ড্রাইভ খুলে নথি দেখালেই হয়ে যায়। কেন হার্ড কপি দেখানো হবে। এর সাপেক্ষে যুক্তিও আছে যথেষ্ট। তাঁদের কেউ কেউ বলছেন, সরকার কোথাও বলে দেয়নি হার্ড কপি দেখাতে হবে। তাহলে বাস কন্ডাক্টররা কি আদৌ হার্ড কপি চাইতে পারেন? আর নথির হার্ড কপি না দেখাতে পারলে টিকিট কাটার বিধানও কোথাও দেওয়া নেই।

এই নিয়ে বচসা থেকে হাতাহাতি হলেও কোনও পক্ষকেই এক জায়গায় আনা সম্ভব হয়নি। এনিয়ে দ্বিমত দূর করতে সম্প্রতি দ্য ওয়ালের তরফে যোগাযোগ করা হয়েছিল রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং-এর সঙ্গে। তিনি বিষয়টি পরিষ্কার করে দেন। স্পষ্ট জানিয়ে দেন, পিঙ্ক কার্ড না হওয়া পর্যন্ত ফ্রি বাস রাইডের সুবিধা পেতে সকলকে দেখাতে হবে প্রয়োজনীয় নথির হার্ড কপি। সঙ্গে জেরক্স রাখলেই হবে।

পরিবহনমন্ত্রী বলেন, 'আমাদের রাজ্যে বসবাস করেন এমন মহিলারা ফ্রি পাবেন। ফোনে দেখানোর দরকার নেই, একটা জেরক্স করে রেখে দিলেই তো হয়। ডুপ্লিকেটই তো বানাবেন। বেশি লিবারাল হলে মুশকিল। আধার কার্ডের কালার জেরক্স হয় আজকাল।'

সাংবাদিককে পাল্টা পরিবহনমন্ত্রীর প্রশ্ন, 'আমরা কি অরিজিনাল নিয়ে ঘুরি? কালার জেরক্স করে রাখলেই হয় ছোট একটা। ঝামেলা থাকে না।'

মোদ্দা কথা, রাস্তাঘাটে বেরলে সঙ্গে রাখুন প্রয়োজনীয় নথির হার্ড কপি। নাহলে বাস কন্ডাক্টর চাইতেই পারে আপনার ভাড়া। 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User