নিউমার্কেটের হোটেলে ভয়াবহ আগুন, মৃত্যু ৯ জনের, রয়েছেন বাংলাদেশের নাগরিকও
কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যু শিশু ও একাধিক বাংলাদেশি নাগরিকসহ ৯ জনের।
তারাপীঠের অগ্নিকাণ্ডের রেশ এখনও কাটেনি তার মধ্যেই কলকাতার প্রাণকেন্দ্র নিউমার্কেটের হোটেলে ভয়াবহ আগুন। মঙ্গলবার গভীর রাতে নিউ মার্কেট থানা এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুন লাগে। মুহূর্তে ধোঁয়ায় ভরে যায় ঘর। তখন অধিকাংশ আবাসিকই ঘুমিয়ে ছিলেন। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধার করা হয় সকলকে। তাঁদের মধ্যে ৯ জন অচৈতন্য অবস্থায় ছিলেন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত হয়েছেন ছয় জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাত ২টোর আগে আগুন, ধোঁয়ায় ঢাকে হোটেল
জানা গিয়েছে, রাত ২টোর কিছু আগে হোটেলের তিনতলায় আগুনের সূত্রপাত। প্রাথমিক ভাবে এসি বা শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড (Fire) হয়ে থাকতে পারে বলে অনুমান। তবে আগুনের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ফরেনসিক বিশেষজ্ঞদের তদন্তের পর বিষয়টি আরও স্পষ্ট হবে।
হোটেলের ঘরগুলি দ্রুত কালো ধোঁয়ায় ভরে যায়। বাইরে থেকে আগুনের শিখা তেমন দেখা না গেলেও গলগল করে ধোঁয়া বেরোতে দেখা যায়। আতঙ্কে আবাসিকেরা বাইরে বেরোনোর চেষ্টা করেন। কিন্তু হোটেলের প্রবেশ ও বেরোনোর পথ ছিল খুবই সরু। ফলে তাঁরা বেরতে পারেননি ঠিক মতো আর উদ্ধারকাজও কঠিন হয়ে পড়ে।
৯ জনের মৃত্যু, শিশুও রয়েছে
রাতেই দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় বলে জানা যাচ্ছে। হোটেলটি গলির ভিতরে হওয়ায় বড় গাড়ি নিয়ে বেশি ভিতরে যাওয়া সম্ভব হয়নি। প্রথমে বাইরে থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলে। পরে কর্মীরা ভিতরে ঢুকে তল্লাশি শুরু করেন।
অচৈতন্য অবস্থায় উদ্ধার করা ৯ জনেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ছ’জন পুরুষ, দু’জন মহিলা এবং একটি শিশু রয়েছে। মৃতদের মধ্যে বাংলাদেশের নাগরিকও থাকার কথা কারণ ওই এলাকায় মূলত বাংলাদেশের লোকজন এসে থাকেন ব্যবসা-বাণিজ্য ও চিকিৎসা সূত্রে। যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের একাংশ চিকিৎসার জন্যই কলকাতা এসেছিলেন। তবে প্রশাসনের তরফে মৃতদের পরিচয় নিয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ধোঁয়ায় দমবন্ধ হয়েই মৃত্যু?
চিকিৎসকদের প্রাথমিনভাবে অনুমান, অধিকাংশের মৃত্যু ধোঁয়ায় শ্বাসরোধ (Smoke Inhalation) হয়ে থাকতে পারে। কয়েক জনের শরীরে পোড়ার চিহ্নও রয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পরই নিশ্চিত হবে। আরও কয়েক জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসা চলছে।
ঘটনার পর হোটেলটি ঘিরে ফেলে পুলিশ। ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হোটেল মালিকের এখনও খোঁজ মেলেনি।
মাত্র দু’দিন আগে তারাপীঠের একটি হোটেলে আগুনে ৯ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পরেই হোটেলগুলির অগ্নিনিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং ১৫টি লাইসেন্সবিহীন হোটেল বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন।
তার পরেই কলকাতার হোটেলে একই ভাবে প্রাণহানি নতুন করে প্রশ্ন তুলল অতিথিদের নিরাপত্তা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং জরুরি বেরোনোর পথ নিয়ে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)