‘প্রশ্নফাঁস খুনের চেয়েও মারাত্মক অপরাধ!’ অবসরপ্রাপ্ত আইএএস-এর জামিন খারিজ করে দিল হাইকোর্ট
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস (Paper Leak) করা নিছক কোনও সাধারণ অপরাধ নয়, তা আদতে নরহত্যার চেয়েও ভয়ঙ্কর— এমনই তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ উঠে এল ছত্তীসড় হাইকোর্টের (Chhattisgarh High Court) রায়ে।
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস (Paper Leak) করা নিছক কোনও সাধারণ অপরাধ নয়, তা আদতে নরহত্যার চেয়েও ভয়ঙ্কর— এমনই তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ উঠে এল ছত্তীসড় হাইকোর্টের (Chhattisgarh High Court) রায়ে। ছত্তীসগড় পাবলিক সার্ভিস কমিশনের (সিজিপিএসসি) প্রশ্নফাঁস ও জালিয়াতি মামলায় গ্রেফতার (Arrest) হওয়া অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক জীবনকিশোর ধ্রুবর জামিনের আর্জি খারিজ করে দিয়েছে আদালত। কেন প্রশ্নফাঁসকে খুনের চেয়েও সঙ্গিন অপরাধ বলা হল, তার ব্যাখ্যা দিতে গিয়ে বিচারপতিরা স্পষ্ট জানান, কাউকে খুন করলে একটি মাত্র পরিবার ক্ষতিগ্রস্ত হয়; কিন্তু প্রশ্নপত্র ফাঁস লক্ষ লক্ষ পরিশ্রমী চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ, ক্যারিয়ার এবং সামগ্রিক সমাজব্যবস্থাকে ধ্বংস করে দেয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে সিজিপিএসসি-র বিভিন্ন পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে, যার তদন্ত করছে সিবিআই। সেই তদন্তের ভিত্তিতেই ২০২৫ সালের সেপ্টেম্বরে তৎকালীন পিএসসি সচিব তথা অবসরপ্রাপ্ত আইএএস জীবনকিশোর ধ্রুবকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অভিযোগ, ২০২১ সালের পিএসসি মেয়নস (Mains) পরীক্ষার আগেই মূল প্রশ্নপত্র নিজের ছেলের হাতে তুলে দিয়েছিলেন এই শীর্ষ আধিকারিক। সেই প্রশ্নপত্রের মহড়া চালিয়েই পরীক্ষায় সাফল্য পান তাঁর পুত্র এবং পরবর্তী কালে অতিরিক্ত জেলাশাসক (এডিএম) পদে নিযুক্ত হন।
আদালতে সিবিআই প্রমাণ পেশ করে জানায়, পরীক্ষার আগেই বাড়িতে বসে অন্তত চারটি প্রশ্নের উত্তর টানা অভ্যাস করেছিলেন অভিযুক্তের পুত্র। জীবনকিশোরের বাসভবনে তল্লাশি চালিয়ে এই সংক্রান্ত একাধিক নথিপত্রও বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। যদিও ধৃত সাবেক আইএএস-এর দাবি ছিল, তৎকালীন সময়ে তিনি সচিব পদে ছিলেন বলেই তাঁকে বলির পাঁঠা করা হচ্ছে। তবে বিচারপতি বিভু দত্ত গুরুর বেঞ্চ অভিযুক্তের সমস্ত যুক্তি নস্যাৎ করে দেয়। গত ৩১ জুলাই শুনানি শেষে রায়দান স্থগিত রাখা হয়েছিল। বুধবার চূড়ান্ত রায় ঘোষণা করে আদালত সাফ জানিয়ে দেয়, এ হেন গুরুতর অপরাধের অভিঘাত অত্যন্ত ব্যাপক, তাই অভিযুক্তকে কোনও ভাবেই জামিন দেওয়া সম্ভব নয়।
ছত্তীসগড় হাইকোর্টের এই পর্যবেক্ষণ বর্তমান সর্বভারতীয় পেপার লিক পরিস্থিতির নিরিখে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। জাতীয় স্তরে নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ড নিয়ে ইতিমধ্যেই তোলপাড় গোটা দেশ। ওই ঘটনার তদন্তে নেমে সিবিআই সম্প্রতি ৯৪ পাতার চার্জশিট জমা দিয়েছে এবং তীব্র আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। ছত্তীসগড় ও ঝাড়খণ্ডের মতো একাধিক রাজ্যে প্রশ্নফাঁস বিরোধী প্রতিবাদ-বিক্ষোভ চলছে। সেই আবহে উচ্চ আদালতের এই কড়া রায় প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত প্রভাবশালীদের প্রতি এক স্পষ্ট হুঁশিয়ারি বার্তা দিল।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)