'বারান্দায় দাঁড়িয়ে এক দম্পতি...' বানের শেষ মুহূর্তে ঠিক কী হয়েছিল নেপালে? ভাইরাল গা ছমছমে ভিডিও
নেপাল-তিব্বত সীমান্তের ভয়াবহ হড়পা বানের গা ছমছমে ভিডিও ভাইরাল। কাদা, পাথর ও জলের স্রোতের মাঝে আকাশি দোতলা বাড়ির বারান্দায় আটকে পরিবার। এখনও অজানা তাঁদের পরিণতি।
নেপাল-তিব্বত সীমান্তে নেমে আসা ধ্বংসাত্মক হড়পা বানের (Nepal Flash Flood Viral Video) যে সমস্ত ছবি সামনে আসছে, তা যেন যে কোনও সিনেমার দৃশ্যকেও হার মানায়। এমনই এক গা ছমছমে ভিডিও ঘিরে তোলপাড় নেটদুনিয়া। ভিডিওয় দেখা যাচ্ছে, একটি আকাশি রঙের দোতলা বাড়ির পাশ দিয়ে তীব্র বেগে বয়ে যাচ্ছে নদীর রাক্ষুসে স্রোত। দোতলার সমান উঁচু সেই কাদা, পাথর ও জলের ঝাপটায় চোখের নিমেষে ভেঙেচুরে ভেসে যাচ্ছে চারপাশের ঘরবাড়ি। পালানোর কোনও পথ না পেয়ে নিজেদের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে অসহায়ভাবে প্রকৃতির তাণ্ডব দেখছেন এক দম্পতি ও তাঁদের সন্তান। একে অপরকে আঁকড়ে ধরে অনিশ্চিত মৃত্যুর অপেক্ষা করছেন ওই তিন সদস্য।
২ মিনিট ২০ সেকেন্ডের এই শিহরণ জাগানো ভিডিওয় দেখা যাচ্ছে, তীব্র জলের আঘাতে কখনও ভেঙে পড়ছে বাড়ির কার্নিস, তো কখনও একপাশের ছাদ ভাসিয়ে নিয়ে যাচ্ছে প্রলয়ঙ্করী স্রোত। পর মুহূর্তেই ভাসমান একটি শাটল কার সজোরে ধাক্কা মারছে বাড়িটির একতলায়। এর মধ্যেই ধেয়ে আসা বিশাল এক কাদার ঢেউ গিলে ফেলে পিছনের বারান্দার অংশ। ধ্বংসলীলার মাঝে মাথা তুলে দাঁড়িয়ে থাকা এই বাড়িটি নেপালের ত্রিশূলী না কি চিতওয়ান এলাকার, তা নিশ্চিত না হওয়া গেলেও শেষ পর্যন্ত পরিবারটির পরিণতি কী হয়েছে, তা জানা যায়নি। ২৬ অগস্টের এই ঘটনার ভিডিয়ো দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।
তিব্বত সীমান্ত থেকে নেমে আসা এই জল ও কাদার স্রোত মাত্র ৩০ মিনিটের মধ্যে ত্রিশূলী নদীর জলস্তর প্রায় ৯ মিটার বাড়িয়ে দেয়। কোথাও মানুষ পালানোর সুযোগ পেলেও, কোথাও কয়েক সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ জনপদ গ্রাস করেছে এই বান। হিমবাহের বিশাল অংশ ভেঙে পড়ে বরফ, পাথর ও কাদার স্রোত মিশে তৈরি হওয়া এই বিপর্যয়ে রাসুয়া, নুয়াকোট, ধাদিং-সহ বিস্তীর্ণ এলাকা ছারখার হয়ে গিয়েছে। উধাও একাধিক রাস্তা, সেতু ও বাড়িঘর।
বর্তমানে নেপালি সেনা, পুলিশ ও নিরাপত্তা বাহিনী হেলিকপ্টার নিয়ে দুর্গম এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে। ‘রয়টার্স’-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিধ্বংসী দুর্যোগে নেপালে ৫৪৭ জন এবং তিব্বতে ৫ জনের মৃত্যু হয়েছে। দুই দেশ মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ১,০০০ মানুষ নিখোঁজ এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন ৯০ হাজারের বেশি মানুষ। ধ্বংসস্তূপ সরিয়ে এখনো প্রাণের সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)