‘বার বার ট্রাম্পকে খুন করার কথা ভেবেছি...’, হোয়াইট হাউসের সামনেই বন্দুক-গুলিসহ গ্রেফতার যুবক
হোয়াইট হাউসের কাছে চুরি যাওয়া একটি গাড়ি থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও কয়েক ডজন গুলি উদ্ধার।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) নিরাপত্তায় ফের বড়সড় উদ্বেগের ছায়া। হোয়াইট হাউসের অত্যন্ত কাছাকাছি একটি গাড়ি থেকে একাধিক আগ্নেয়াস্ত্র ও প্রচুর কার্তুজ সমেত এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে মার্কিন সিক্রেট সার্ভিস। ধৃত ব্যক্তির নাম রনি ইয়র্ড্রিক্স গুয়ানিপা চিরিনোস (Ronny Yordrix Guanipa Chrinos)। ধৃতের দাবি, সে তার মাথার ভেতর অদ্ভুত সব কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল, যা তাকে আমেরিকার রাজধানীতে এসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার নির্দেশ দিচ্ছিল।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি (DHS)-এর তরফে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসের কাছে পার্ক করা একটি গাড়ির ভেতর ওই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন সিক্রেট সার্ভিসের আধিকারিকরা। এরপরই আধিকারিকরা গাড়িটির কাছে এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। মার্কিন আধিকারিকদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি জানায় যে তার মাথার ভেতর কিছু কণ্ঠস্বর তাকে ওয়াশিংটন ডিসিতে এসে রিপাবলিকান প্রেসিডেন্টকে খুন করার কথা বলছিল।
এর ঠিক পরপরই গাড়িটিতে তল্লাশি চালিয়ে চমকে ওঠেন নিরাপত্তারক্ষীরা। জানা যায়, গাড়িটি আগে থেকেই চুরি যাওয়া গাড়ি হিসেবে নথিভুক্ত ছিল এবং তার ভেতর তিনটি ভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও কয়েক ডজন তাজা গুলি মজুত ছিল। প্রসঙ্গত, গত বছর ডোনাল্ড ট্রাম্প পুনরায় হোয়াইট হাউসে ফেরার পর থেকে তিনি এবং তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সিক্রেট সার্ভিস ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন—এটি সেই তালিকায় সর্বশেষ সংযোজন।
হোমল্যান্ড সিকিউরিটির বিবৃতিতে জানানো হয়েছে, ধৃত চিরিনোস ভেনেজুয়েলার একজন অভিবাসী, যে ২০২৪ সালের মার্চ মাসে টেক্সাস সীমান্ত দিয়ে অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করেছিল। বর্তমানে তার বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং সে ইউএস মার্শালস সার্ভিসের হেফাজতে রয়েছে। এই ঘটনায় হোয়াইট হাউসের তরফে সরাসরি কোনও মন্তব্য না করে বিষয়টি হোমল্যান্ড সিকিউরিটি এবং সিক্রেট সার্ভিসের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
পুরো ঘটনায় সিক্রেট সার্ভিসের তৎপরতার ভূয়সী প্রশংসা করেছেন হোমল্যান্ড সিকিউরিটি সচিব মার্কওয়েইন মুলিন। এক বিবৃতিতে তিনি বলেন, “আমাদের সাহসী সিক্রেট সার্ভিস আধিকারিকদের অসংখ্য ধন্যবাদ, যাঁরা হোয়াইট হাউসের কাছে তিনটি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়ানো এই অবৈধ অভিবাসীকে কারও কোনও ক্ষতি করার আগেই গ্রেফতার করতে পেরেছেন।”
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0