বুলডোজার-বিতর্ক সরিয়ে হকারদের স্বনির্ভরতায় এগিয়ে বাংলা! জাতীয় সম্মান এল রাজ্যের ঝুলিতে

উচ্ছেদ নীতি নিয়ে যখন বিতর্কের মুখে বিজেপি সরকার, ঠিক তখনই হকারদের স্বনির্ভর করার অনন্য প্রকল্পে জাতীয় সম্মান জিতে নিল বাংলা। কীভাবে হকারদের পাশে দাঁড়িয়ে নজির গড়ল রাজ্য সরকার? জানতে পড়ুন বিস্তারিত।

Nov 17, 2026 - 11:17
বুলডোজার-বিতর্ক সরিয়ে হকারদের স্বনির্ভরতায় এগিয়ে বাংলা! জাতীয় সম্মান এল রাজ্যের ঝুলিতে

রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার নামে হকার উচ্ছেদ ঘিরে রাজ্যজুড়ে বিতর্ক! ক্ষমতায় আসার পর হকার উচ্ছেদ ঘিরে বিরোধীদের লাগাতার আক্রমণের মুখে পড়েছে বিজেপি সরকার। পথে নেমে প্রতিবাদ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। এসবের মধ্যেই  হকারদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার উদ্যোগে এবার জাতীয় স্তরে স্বীকৃতি পেতে চলেছে পশ্চিমবঙ্গ (West Bengal)। কেন্দ্রের ‘PM SVANidhi’ প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য পুরস্কারের তালিকায় জায়গা করে নিয়েছে রাজ্য। একইসঙ্গে সম্মানিত হতে চলেছে দুর্গাপুর পুরনিগম। আগামী ২০ নভেম্বর নয়াদিল্লিতে ‘SVANidhi Samman Awards 2026’ অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হবে।

কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের পাঠানো চিঠিতে এই স্বীকৃতির কথা জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, PM SVANidhi প্রকল্প বাস্তবায়নে রাজ্য এবং দুর্গাপুর পুরনিগমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই কাজের স্বীকৃতি হিসেবেই তাদের এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে। প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিক ও কর্মীদের নিষ্ঠা এবং সহযোগিতারও প্রশংসা করেছে কেন্দ্র।

তবে এই পুরস্কারের খবর প্রকাশ্যে আসার পরই রাজ্যে হকার উচ্ছেদ নিয়ে তৈরি হওয়া বিতর্ক নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন জায়গায় ফুটপাত, রাস্তা এবং রেলস্টেশন চত্বর থেকে বেআইনি দখল সরানোর অভিযান শুরু হয়। কলকাতার নিউ মার্কেট-সহ একাধিক জায়গায় হকারদের দোকান সরানো নিয়ে সরব হয় তৃণমূল।

বিরোধীদের অভিযোগ ছিল, বিকল্প ব্যবস্থা না করেই বহু হকারকে জীবিকা হারানোর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক হকার দিবসের দিন, ২৬ মে, মমতা বন্দ্যোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন। তাঁর অভিযোগ ছিল, ক্ষমতায় আসার পর থেকেই হকারদের দোকান ভেঙে তাঁদের জীবিকা বিপন্ন করা হচ্ছে। হকার উচ্ছেদের প্রতিবাদে পথেও নামেন তিনি। এই উচ্ছেদ অভিযান নিয়ে কলকাতা হাইকোর্টেও একাধিক মামলা হয়। বিরোধীদের বক্তব্য, রাস্তা দখলমুক্ত করার প্রয়োজন থাকলেও হকারদের জীবিকা ও পুনর্বাসনের বিষয়টি উপেক্ষা করা যায় না।

এই আবহে PM SVANidhi-তে বাংলার সাফল্যের খবর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।  ২০২০ সালের জুন মাসে চালু হওয়া এই কেন্দ্রীয় প্রকল্পের মূল উদ্দেশ্য রাস্তার হকারদের জামানত ছাড়া ব্যবসার জন্য ঋণ দেওয়া। বর্তমানে প্রকল্পে ১৫ হাজার, ২৫ হাজার এবং ৫০ হাজার টাকার তিনটি ধাপে ঋণের ব্যবস্থা রয়েছে। নিয়মিত ঋণ শোধ করলে সুদের ভর্তুকিও মেলে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্য বিভাগে এই প্রথম জাতীয় সম্মান পেতে চলেছে পশ্চিমবঙ্গ। তাঁর দাবি, নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতর এবং SUDA-র জন্য এটি তৃতীয় ও চতুর্থ জাতীয় পুরস্কার। আগামী ২০ নভেম্বর সকাল ১১টায় নয়াদিল্লির ১৫ জনপথের ড. আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। রাজ্য ও বিভিন্ন পুরসভা মিলিয়ে ১০ সদস্যের প্রতিনিধিদলকে সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। ১৭ নভেম্বরের মধ্যে তাঁদের নাম নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

হকার উচ্ছেদ বনাম হকারদের আর্থিক স্বনির্ভরতা-এই দুই বিপরীত ছবি সামনে রেখেই এখন আলোচনায় বাংলার জাতীয় পুরস্কার।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0