রেলে ৬ হাজারেরও বেশি শূন্যপদে চাকরি! আজ থেকেই শুরু ফর্ম ফিলআপ, মাধ্যমিক ও ITI পাশে দারুণ সুযোগ
ভারতীয় রেলে চাকরির স্বপ্ন দেখছেন? রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) টেকনিশিয়ান গ্রেড-I (সিগন্যাল) এবং টেকনিশিয়ান গ্রেড-III পদে মোট ৬,৫৫৭টি শূন্যপদে নিয়োগের ঘোষণা করেছে। ৩০ জুন, ২০২৬ থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ করছে রেল। শূন্যপদ ৬ হাজারেরও বেশি। ভারতীয় রেলে চাকরির অপেক্ষায় থাকা প্রার্থীদের জন্য সুখবর দিল রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি)।
দেশের বিভিন্ন রেল জোনে মোট ৬,৫৫৭টি শূন্যপদে টেকনিশিয়ান গ্রেড-I (সিগন্যাল) এবং টেকনিশিয়ান গ্রেড-III পদে নিয়োগ করা হবে। ৩০ জুন, ২০২৬ অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ২৯ জুলাই, ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন rrbapply.gov.in ওয়েবসাইট থেকে।
কারা আবেদন করতে পারবেন?
বিজ্ঞপ্তি অনুযায়ী, টেকনিশিয়ান পদে আবেদন করতে হলে প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (দশম শ্রেণি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি (NCVT) বা এসসিভিটি (SCVT) স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটিআই (ITI) পাশ করতে হবে। যাদের বৈধ অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট রয়েছে, তারাও আবেদন করতে পারবেন।
অন্যদিকে, টেকনিশিয়ান গ্রেড-I (সিগন্যাল) পদের জন্য সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা বা ডিগ্রি প্রয়োজন। বিস্তারিত যোগ্যতার তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বয়সসীমা কত?
টেকনিশিয়ান গ্রেড-I (সিগন্যাল) পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে। টেকনিশিয়ান গ্রেড-III পদের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
কীভাবে আবেদন করবেন?
আবেদনের জন্য প্রথমে rrbapply.gov.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে। এরপর সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং বিজ্ঞপ্তি নির্বাচন করে আবেদনপত্র পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথি নির্ধারিত ফরম্যাটে আপলোড করার পর অনলাইনে আবেদন ফি জমা দিয়ে সমস্ত তথ্য যাচাই করে আবেদনপত্র জমা দিতে হবে। শেষে কনফার্মেশন পেজ ডাউনলোড করে সেভ করে নিজের কাছে রেখে দিতে হবে।
কীভাবে হবে নির্বাচন?
নিয়োগ প্রক্রিয়ায় প্রথমে কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (CBT) নেওয়া হবে। এরপর হবে সফল প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল পরীক্ষা। এই তিনটি ধাপ সফলভাবে উত্তীর্ণ হলে তবেই চূড়ান্ত নিয়োগ করবে রেল।
বেতন কত?
সপ্তম পে কমিশন অনুযায়ী, টেকনিশিয়ান গ্রেড-I (সিগন্যাল) পদে নিযুক্ত প্রার্থীরা পে লেভেল-৫ অনুযায়ী মাসে ২৯,২০০ টাকা বেসিক পে পাবেন। অন্যদিকে, টেকনিশিয়ান গ্রেড-III পদে পে লেভেল-২ অনুযায়ী বেসিক পে হবে ১৯,৯০০ টাকা।
বেসিক পে-র পাশাপাশি কর্মীরা মহার্ঘ ভাতা (ডিএ), বাড়িভাড়া ভাতা (এইচআরএ), পরিবহণ ভাতা (টিএ), চিকিৎসা সুবিধা, পেনশন এবং রেলে ভ্রমণের মতো একাধিক সরকারি সুযোগ-সুবিধাও পাবেন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)