সরকারি চাকরির আবেদনে আর কোনও ফি নয়! ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত?

চাকরিপ্রার্থীদের জন্য বড় স্বস্তির খবর! সরকারি চাকরির ফর্ম ফিলআপে আর কোনও ফি লাগবে না। এবার থেকে সম্পূর্ণ বিনামূল্যেই আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা।

Nov 17, 2026 - 13:38
সরকারি চাকরির আবেদনে আর কোনও ফি নয়! ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত?

সরকারি চাকরির প্রস্তুতি নিতে গিয়ে একের পর এক পরীক্ষার ফর্ম ফিলআপ (Form Fillup) করতে হয়। আর প্রতিটি  ফর্মের জন্য দিতে হয় নির্দিষ্ট অঙ্কের টাকা। ফলে চাকরির আশায় যাঁরা একাধিক পরীক্ষায় বসেন, তাঁদের অনেকের কাছেই এই খরচ বাড়তি চাপ হয়ে দাঁড়ায়। এবার সেই খরচ থেকে পরীক্ষার্থীদের মুক্তি (No Exam Fee for Govt Jobs) দেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর ঘোষণা, সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করার জন্য আর ফি দিতে হবে না (Free Government Job Application)।

শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, সরকারি চাকরির পরীক্ষায় আবেদন ফি তুলে দেওয়ার বিষয়টি বিজেপির সংকল্পপত্রেই রয়েছে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী উপযুক্ত সময়ে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। তাঁর কথায়, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অর্থ দফতর কাজ করছে।

কেন এই সিদ্ধান্ত, তার ব্যাখ্যা দিতে গিয়ে PSC-র ক্লার্কশিপ পরীক্ষার উদাহরণ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে আগের সরকারকে আক্রমণ করে তিনি বলেন, এই পরীক্ষায় ৯ হাজার শূন্যপদের জন্য প্রায় সাড়ে ৮ লক্ষ আবেদন জমা পড়েছে। প্রত্যেক আবেদনকারীকে ৫০০ টাকা করে ফি দিতে হলে বিপুল পরিমাণ অর্থ জমা পড়ে। অথচ শেষ পর্যন্ত চাকরি পাবেন মাত্র ৯ হাজার পরীক্ষার্থী। ফলে যাঁরা চাকরি পাচ্ছেন না, তাঁদেরও পরীক্ষায় বসার জন্য টাকা খরচ করতে হচ্ছে। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই সরকারি চাকরির পরীক্ষায় আবেদন ফি তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

শুধু ফর্ম ফিলআপের খরচ কমানোই নয়, চাকরির প্রস্তুতির সময়েও আর্থিক সাহায্য দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। মুখ্যমন্ত্রী জানান, গ্র্যাজুয়েট এবং নন-গ্র্যাজুয়েটদের জন্য আলাদা দুটি গ্রুপ তৈরি করে ‘ভরসা স্কিম’ চালু করা হবে। যাঁরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু এখনও কর্মসংস্থান পাননি, তাঁদের এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা দেওয়া হবে। চাকরি না পাওয়া পর্যন্ত সর্বোচ্চ ৫ বছর পরীক্ষার প্রস্তুতির জন্য এই সাহায্য মিলবে। প্রকল্পটি নিয়ে প্রস্তুতি চলছে এবং খুব শীঘ্রই বিস্তারিত জানানো হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

এদিকে, মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহ দিতে জানুয়ারি মাস থেকে চালু হতে চলেছে ‘ভগিনী নিবেদিতা স্কিম’। উচ্চমাধ্যমিক পাশের পর যেসব ছাত্রী আরও পড়াশোনা করতে চান, তাঁদের তিন বছরে মোট ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর দাবি, অর্থনৈতিক সমস্যা থাকা সত্ত্বেও সরকার একাধিক প্রকল্প চালু করেছে। সরকারি কর্মীদের বেতনও কিছুটা বাড়ানো হয়েছে। এবার চাকরিপ্রার্থী ও উচ্চশিক্ষায় আগ্রহী ছাত্রীদের জন্য নতুন উদ্যোগের কথা ঘোষণা করলেন তিনি।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0