২০ অগস্ট থেকেই বদলাচ্ছে রুট, শিয়ালদহ-বারাসত এসি লোকাল এবার ছুটবে বনগাঁ পর্যন্ত
২০ অগস্ট থেকে শিয়ালদহ-বারাসত AC লোকালের রুট বাড়িয়ে বনগাঁ পর্যন্ত করার সিদ্ধান্ত পূর্ব রেলের। জেনে নিন সম্ভাব্য নতুন সময়সূচি ও যাত্রীদের জন্য কী বদল আসছে।
শিয়ালদহ শাখা থেকে বারাসত পর্যন্ত চলাচলকারী এসি (AC) লোকাল ট্রেনের যাত্রীদের জন্য সুখবর। এবার সেই ট্রেনের রুট সম্প্রসারিত করে বনগাঁ পর্যন্ত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। রেল সূত্রের খবর অনুযায়ী, আগামী ২০ অগস্ট থেকেই এই বর্ধিত রুট কার্যকর হতে চলেছে। এতদিন ৩৩৪৪৯ শিয়ালদহ-বারাসত এসি লোকালটি প্রতিদিন সকাল ১০টা ৩৩ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে সকাল ১১টা ১৮ মিনিটে বারাসত পৌঁছত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেটি আর বারাসতে না থেমে সোজা বনগাঁ পর্যন্ত যাবে। একই সঙ্গে বনগাঁ থেকেই ট্রেনটি ফের শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেবে। এর আগে ৩৩৪৪২ এসি ট্রেনটি বারাসত থেকে সকাল ১১টা ২৯ মিনিটে ছেড়ে বেলা ১২টা ১৩ মিনিটে শিয়ালদহ পৌঁছত। তবে ট্রেনটির গতিপথ বনগাঁ পর্যন্ত বাড়ায় স্বভাবতই পূর্বের সময়সূচিতে বদল আসতে চলেছে।
মূলত উপযুক্ত সময়ে ট্রেনটি না চলায় শিয়ালদহ থেকে যাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে কম হতো। তাই যাত্রীদের তরফ থেকেও দীর্ঘদিন ধরে এই ট্রেনের গতিপথ বাড়ানোর দাবি তোলা হচ্ছিল। পাশাপাশি এসি লোকালটি চালিয়ে আশানুরূপ লাভ পাচ্ছিল না রেল কর্তৃপক্ষও। পূর্বে এক সাংবাদিক বৈঠকে শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বারাসত থেকে বনগাঁর মধ্যে অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা না থাকাটাই এর প্রধান অন্তরায়। তবে সমস্ত পরিকাঠামোগত দিক খতিয়ে দেখার পর শেষ পর্যন্ত এই লোকালের রুট বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয় পূর্ব রেল।
যদিও পূর্ব রেলের তরফে বনগাঁ পর্যন্ত বর্ধিত এই ট্রেনের চূড়ান্ত অফিসিয়াল সময়সূচি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে রেল সূত্রের পাওয়া তথ্যে সম্ভাব্য সূচির একটি আভাস পাওয়া গিয়েছে। সম্ভাব্য সূচি অনুযায়ী, এসি লোকালটি সকাল ১০টা ৩৩ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে সকাল ১১টা ১৪ মিনিটে বারাসত স্পর্শ করবে এবং দুপুর ১২টা ৩৩ মিনিটে বনগাঁ গিয়ে পৌঁছবে। পরবর্তীতে বনগাঁ থেকে ফিরতি এসি লোকালটি দুপুর ১২টা ৩৫ মিনিটে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা হয়ে দুপুর ২টো ২৫ মিনিটে গন্তব্যে পৌঁছবে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)