৫ বছর পর ফিরছে ‘তানসেনের তানপুরা’, রহস্যের নতুন অধ্যায়ে বিক্রম-রূপসা, শীঘ্রই মুক্তি

দীর্ঘ ৫ বছরের অপেক্ষার অবসান! নতুন রহস্যের জট খুলতে জানুয়ারিতেই ফিরছে জনপ্রিয় সিরিজ ‘তানসেনের তানপুরা’। আলাপ ও শ্রুতির নতুন অভিযানে কী চমক থাকছে?

Nov 17, 2026 - 13:45
৫ বছর পর ফিরছে ‘তানসেনের তানপুরা’, রহস্যের নতুন অধ্যায়ে বিক্রম-রূপসা, শীঘ্রই মুক্তি

সুরের সঙ্গে রহস্য, অতীতের সঙ্গে বর্তমানের যোগ আর একের পর এক চমক- এই সবকিছু নিয়েই আবার ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘তানসেনের তানপুরা’ (Tansener Tanpura)। দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন অধ্যায় নিয়ে দর্শকদের সামনে আসতে চলেছে এই সিরিজ। নতুন পর্বের নাম ‘তানসেনের তানপুরা: মোহনবংশী’। আবারও আলাপ ও শ্রুতির চরিত্রে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) এবং রূপসা চট্টোপাধ্যায়কে (Rupsa Chatterjee)। তবে এবার তাঁদের জীবনে আসতে চলেছে এমন এক রহস্য, যার সঙ্গে জড়িয়ে রয়েছে প্রাচীন ইতিহাস, সংগীত এবং এক পরিবারের লুকিয়ে রাখা বহু গোপন কথা। আগামী জানুয়ারিতে হইচই-তে মুক্তি পাবে এই নতুন সি রিজ।

পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়। আগের গল্পের ধারাবাহিকতা বজায় রেখেই এগোবে নতুন অধ্যায়। পাঁচ বছর পর আলাপ ও শ্রুতি এখন বাগদত্ত। জীবনের নতুন অধ্যায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে তাঁরা। কিন্তু আচমকাই আলাপের পরিবারের একটি মর্মান্তিক ঘটনা সবকিছু বদলে দেয়। সেই ঘটনার সূত্র ধরেই সামনে আসে ‘মোহনবংশী’ নামে একটি রহস্যময় সংকেত।

এর ঠিক এক বছর পর একটি মূল্যবান তানপুরা চুরির ঘটনাকে কেন্দ্র করে নতুন রহস্যের জট খুলতে শুরু করে। সেই সূত্র ধরেই আলাপ ও শ্রুতির গন্তব্য হয় মাইসারগড়ি। সেখানে জড়িয়ে পড়ে রহস্যময় ঘোষ পরিবার। এরপর একে একে সামনে আসতে থাকে বিস্মৃত ইতিহাস, পরিবারের অজানা কাহিনি এবং বহুদিন ধরে চাপা পড়ে থাকা গোপন তথ্য। এই রহস্যের সমাধান করতে গিয়ে আলাপ ও শ্রুতির সামনে কী কী নতুন বিপদ আসে, সেটাই দেখার।

বিক্রম চট্টোপাধ্যায়ের কথায়, ‘তানসেনের তানপুরা’ তাঁর কাছে অত্যন্ত বিশেষ একটি কাজ। এটি তাঁর প্রথম ওটিটি সিরিজও। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের সঙ্গে রহস্য ও গুপ্তধনের অনুসন্ধানকে মিলিয়ে এমন গল্প খুব বেশি তৈরি হয় না বলেই মনে করেন তিনি। তাঁর মতে, বাঙালিরা সংগীতকে ভালবাসেন। আর এই সিরিজে সংগীতের সঙ্গে রহস্যের মেলবন্ধন দর্শকদের কাছে বরাবরই আকর্ষণীয়।

নতুন অধ্যায়ে একাধিক পরিচিত মুখের পাশাপাশি যুক্ত হচ্ছেন নতুন অভিনেতারাও। অভিনয়ে থাকছেন স্বস্তিকা দত্ত, অরিন্দম গঙ্গোপাধ্যায়, বাদশা মৈত্র, স্নেহা চট্টোপাধ্যায় এবং ইন্দ্রাশিস রায়। তাঁদের চরিত্রগুলিও গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আগের মতোই সংগীত, রহস্য ও রোমাঞ্চের মিশেলে তৈরি হচ্ছে এই নতুন পর্ব।

ইতিমধ্যেই সিরিজের শুটিং শুরু হয়ে গিয়েছে। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সৌগত বসু। সংগীত পরিচালনা ও গানের দায়িত্বে রয়েছেন জয় সরকার, সৃজিত এবং জিমুত। সব মিলিয়ে পাঁচ বছর পর আলাপ-শ্রুতির প্রত্যাবর্তন ঘিরে দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হতে চলেছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0