GTA নয়, পাহাড়ের উন্নয়নের জন্য স্থায়ী বিকল্প চান! মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ গুরুংদের

রাজনীতিবিদদের মতে, বিগত বিধানসভা নির্বাচনে পাহাড়ে ভারতীয় জনতা পার্টির (BJP) ঐতিহাসিক ফলাফলের অন্যতম মূল রূপকার ছিলেন বিমল গুরুং। পাহাড়ের তিনটি কেন্দ্রেই বিপুল জনসমর্থন নিয়ে জয় নিশ্চিত করেছিল বিজেপি। একসময় তৃণমূল কংগ্রেসের দখলে থাকা আসনগুলি থেকে বিরোধীদের একপ্রকার নিশ্চিহ্ন করার পেছনে গুরুংয়ের প্রচার ও ব্যাপক জননেতৃত্ব বড় ভূমিকা পালন করেছিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Jul 29, 2026 - 14:24
0 0
GTA নয়, পাহাড়ের উন্নয়নের জন্য স্থায়ী বিকল্প চান! মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ গুরুংদের

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর পাহাড়ের সামগ্রিক উন্নয়ন ও প্রশাসনিক পরিবর্তনের লক্ষ্য নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই আবহেই বুধবার তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং (Bimal Gurung)। দীর্ঘ বৈঠকের পর গুরুং জানান, জিটিএ নয়, পাহাড়ের উন্নয়নের জন্য স্থায়ী সমাধান চান তাঁরা, তার জন্য দরকার বিকল্প। পাশাপাশি, আগামী ৭ অক্টোবর গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রীকে দার্জিলিং যাওয়ার বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন গুরুংরা। মুখ্যমন্ত্রীও এই নিমন্ত্রণে সাড়া দিয়ে পাহাড়ে যাওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন।

রাজনীতিবিদদের মতে, বিগত বিধানসভা নির্বাচনে পাহাড়ে ভারতীয় জনতা পার্টির (BJP) ঐতিহাসিক ফলাফলের অন্যতম মূল রূপকার ছিলেন বিমল গুরুং। পাহাড়ের তিনটি কেন্দ্রেই বিপুল জনসমর্থন নিয়ে জয় নিশ্চিত করেছিল বিজেপি। একসময় তৃণমূল কংগ্রেসের দখলে থাকা আসনগুলি থেকে বিরোধীদের একপ্রকার নিশ্চিহ্ন করার পেছনে গুরুংয়ের প্রচার ও ব্যাপক জননেতৃত্ব বড় ভূমিকা পালন করেছিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

রাজ্যে নয়া সরকার গঠনের পর থেকেই উত্তরবঙ্গ ও শৈলশহরের উন্নয়নে বিশেষ অগ্রাধিকারের কথা বলে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই প্রেক্ষিতে তাঁর সঙ্গে বৈঠক শেষে গুরুং জানান, বৈঠকে চা বাগান, শিক্ষক নিয়োগ, পাহাড়ের পরিবহন ব্যবস্থা, জিটিএ সহ একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে। তাঁরা দাবি করেছেন, তৃণমূলের আমলে জিটিএ-তে (GTA) যে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি ও জালিয়াতি হয়েছে, অবিলম্বে তার সরকারি ফাইল খুলে পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত শুরু করতে হবে।

এছাড়া তিনি জানান, গোর্খাল্যান্ড নিয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে কীভাবে সমস্যা সমাধান হতে পারে সে বিষয়ে ত্রিপাক্ষিক বৈঠক হবে আগামীদিনে। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী সোমবার পাহাড়ে যাচ্ছেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং। সেখানে পরিবহন ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও খতিয়ে দেখা হবে।

প্রসঙ্গত, পাহাড়, তরাই ও ডুয়ার্সের সমস্যা সমাধানে সোমবার রাজ্যের আইনমন্ত্রী বিরাজ বিশ্বাসের সঙ্গে বৈঠক করেন মোর্চা নেতৃত্ব। সেখানে মূলত গোর্খাল্যান্ড আন্দোলনের সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে পূর্বতন সরকারের দায়ের করা মামলাগুলি প্রত্যাহারের দাবি ওঠে। এই মামলাগুলির কারণে দীর্ঘদিন পাহাড় ছাড়া হয়ে থাকতে হয়েছে মোর্চা নেতাদের। তাই নতুন সরকারের আমলে সে সব থেকে তাঁরা মুক্তি পেতে চাইছেন বলেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

আইনমন্ত্রীর পর মঙ্গলবার রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের সঙ্গেও সাক্ষাৎ করেন গুরুংরা। দীর্ঘ প্রায় দু'দশক পর পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত পঞ্চায়েতগুলিকে ক্ষমতা প্রদান এবং পাহাড়ে প্রাকৃতিক দুর্যোগ সামাল দিতে প্রতিটি পঞ্চায়েতে আলাদা বিপর্যয় মোকাবিলা পরিকাঠামো গড়ার দাবি তোলেন তাঁরা।

সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে এক অনুষ্ঠানের মঞ্চে তাঁর সঙ্গে দেখা গিয়েছিল বিমল গুরুংকে। রাজনৈতিক বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, তৃণমূল আমল শেষ হতেই পাহাড়ের রাজনীতিতে ফের স্বমহিমায় প্রভাব বাড়াচ্ছেন এই গোর্খা নেতা। এই পরিস্থিতিতে কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে গুরুংয়ের বৈঠক এবং তাঁকে শৈলশহরে আমন্ত্রণ জানানো দার্জিলিংয়ের ভবিষ্যৎ রাজনৈতিক ও প্রশাসনিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক অধ্যায়।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User