Weather: ভোর থেকেই বৃষ্টি কলকাতায়! পাহাড়ে ধসের আশঙ্কা, দক্ষিণেও হলুদ সতর্কতা, কতদিন থাকবে এমন আবহাওয়া?

ভোররাত থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা ও শহরতলি। উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

Aug 06, 2026 - 12:55
0 0
Weather: ভোর থেকেই বৃষ্টি কলকাতায়! পাহাড়ে ধসের আশঙ্কা, দক্ষিণেও হলুদ সতর্কতা, কতদিন থাকবে এমন আবহাওয়া?

হাওয়া অফিসের পূর্বাভাসকে সত্যি করে বুধবার সারাদিনই বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ একাধিক জেলা (West Bengal Weather Forecast)। বৃহস্পতিবারও রাজ্যে রয়েছে বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast), আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টির দাপট বাড়তে চলেছে এবং আজ এবং চলতি সপ্তাহের বাকি দিনগুলিতেও দফায় দফায় ঝড়-বৃষ্টি চলবে (Bengal Weather Update)।

কেন এই অকাল দুর্যোগ?

মৌসম ভবনের বুলেটিন অনুযায়ী, বর্তমানে মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গে অত্যন্ত সক্রিয়। এটি রাজস্থানের বিকানির থেকে বিহারের পাটনা এবং উত্তরবঙ্গের মালদহের উপর দিয়ে উত্তর-পূর্ব ভারতের মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া অসম, উত্তর প্রদেশ, রাজস্থান ও তামিলনাড়ুতেও পৃথক ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। আগামী দুই দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া এরকমই থাকবে।

শুক্রবার: বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। সঙ্গে ঝড়ো হাওয়া ও বজ্রপাত হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য ‘হলুদ সতর্কতা’ (Yellow Alert) জারি করা হয়েছে।

শনিবার ও রবিবার: শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমবে। রবিবারে কেবল হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও সপ্তাহান্তে বড় কোনও সতর্কবার্তা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি

উত্তরবঙ্গের অবস্থা আরও উদ্বেগজনক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার- এই পাঁচ জেলায় বুধবার অতিভারী বৃষ্টির আশঙ্কায় ‘কমলা সতর্কতা’ (Orange Alert) জারি করা হয়েছে। এছাড়া মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের কিছু জায়গায় ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইতে পারে। অতিবৃষ্টির কারণে পাহাড়ে ধস নামার ঝুঁকি রয়েছে। পাশাপাশি তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে নিচু এলাকা প্লাবিত হতে পারে এবং ফসলের ক্ষতি হতে পারে। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে।

কলকাতার তাপমাত্রা ও আর্দ্রতা

কলকাতায় আজ দিনভর মেঘলা আকাশ থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৯ শতাংশ ছুঁতে পারে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি) এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বৃষ্টির কারণে তাপমাত্রা খুব একটা না বাড়লেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User