Weather Update: আচমকা হাওয়া বদল! মুষলধারে বৃষ্টি কলকাতায়, আজও মুহুর্মুহু বাজ সর্বত্র

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে সোমবার দুপুরে কালো মেঘে ঢাকল কলকাতার আকাশ। শ্যামবাজার থেকে বেহালা— মহানগরের একাধিক এলাকায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত।

Jun 29, 2026 - 17:20
0 0
Weather Update: আচমকা হাওয়া বদল! মুষলধারে বৃষ্টি কলকাতায়, আজও মুহুর্মুহু বাজ সর্বত্র

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গ, দক্ষিণের প্রায় সমস্ত জেলার পাশাপাশি কলকাতাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়। আন্দাজ সত্যি করে সোমবার দুপুরে কালো মেঘে ঢাকে আকাশ। ঝেঁপে বৃষ্টি শ্যামবাজার টু বেহালা, সঙ্গে আবারও মুহুর্মুহু বাজ! একাধিক এলাকায় জল জমে গেছে ইতিমধ্যেই। গাছ ভেঙে পড়ার আশঙ্কায় এই পরিস্থিতিতে নিরাপদ স্থান ছেড়ে বেরনোর পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।

বৃহস্পতিবার টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে গরম থেকে স্বস্তি ফিরেছিল কলকাতায়। আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল কিন্তু রাতের দিকে তাপমাত্রা খুব একটা বেশি ছিল না। এই পরিস্থতিতে পর পর দু'দিন আংশিক মেঘলা আকাশ থাকলেও ভারী বৃষ্টি আর হয়নি ফলে গরমে কার্যত নাজেহাল হয়ে পড়েছিল শহরবাসী। সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। আবহাওয়া দফতর জানায়, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মহানগরে। বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও করা হয়েছিল। বৃষ্টি আসায় খানিকটা হলেও হাসি ফুটল সকলের মুখে।

এদিকে, কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায়।

দক্ষিণবঙ্গে বর্ষার গতি মন্থর ফলে টানা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আপাতত। রোজই কম-বেশি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এতে স্বস্তি খুব একটা ফিরবে না বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। কারণ রোদ উঠলেই গরম পড়ে যাবে।

উত্তরবঙ্গের ছবিটা সম্পূর্ণ আলাদা। সেখানে জেলায় জেলায় চলছে অতিভারী বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তো রয়েছে, সেই সঙ্গে পাহাড়ি জেলাগুলির জন্য রয়েছে বড়সড় সতর্কবার্তা।

দার্জিলিঙে আবহাওয়া দফতর 'রেড অ্যালার্ট' জারি করেছে। আজ সেখানে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পঙেও তুমুল বৃষ্টির সম্ভাবনা থাকছে। লাগাতার এই প্রবল বর্ষণের জেরে পাহাড়ের দুই জেলা- দার্জিলিং এবং কালিম্পঙের বিভিন্ন ধসপ্রবণ এলাকায় নতুন করে ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের অত্যন্ত সতর্ক থাকতে বলেছে আলিপুর আবহাওয়া দফতর।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User