উত্তরবঙ্গে চরম দুর্যোগের লাল সতর্কতা, আজ থেকে দক্ষিণবঙ্গে একটানা ঝড়বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গে চরম দুর্যোগের লাল সতর্কতা! জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার-সহ একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে, দক্ষিণবঙ্গেও ৫ জুলাই পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা। সতর্ক থাকার পরামর্শ আবহাওয়া দফতরের।
দ্য ওয়াল ব্যুরো: এবার বাংলার দিকে ধেয়ে আসতে চলেছে শক্তিশালী কিউমুলোনিম্বাস মেঘ। এর প্রভাবে আজ, রবিবার থেকেই সমগ্র রাজ্যে মারাত্মক ঝড়বৃষ্টির প্রবণতা বজায় থাকবে। আগামী ৫ জুলাই অবধি বিশেষ করে দক্ষিণবঙ্গে (West Bengal weather update) বৃষ্টির ব্যাপ্তি আরও বাড়বে। এই সময়ে অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির পাশাপাশি কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০–৬০ কিমি বা তার বেশি হতে পারে (North Bengal Red Alert)। মূলত ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জোড়া প্রভাবেই বাংলায় এই ব্যাপক ঝড়বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, গড় সমুদ্রপৃষ্ঠে অবস্থানকারী মৌসুমি অক্ষরেখাটি আগে রাজস্থান থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত ছিল। তবে বর্তমানে সেটি স্থান পরিবর্তন করে হরিয়ানা ও উত্তরপ্রদেশ হয়ে পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আজ ছুটির দিনে সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, সে বিষয়ে আলিপুর আবহাওয়া দফতরের জারি করা বুলেটিনে জানানো হয়েছে যে, আজ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় হালকা থেকে মাঝারি, আবার কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে বড়সড় সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভারী থেকে অত্যন্ত ভারী বর্ষণের জন্য ‘লাল সতর্কতা’ (Red Alert) জারি করেছে হাওয়া অফিস। অন্যদিকে, ভারী বৃষ্টির জন্য ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে উত্তর দিনাজপুর জেলায়। উত্তরের বাকি জেলাগুলিতেও আজ ঝড়বৃষ্টির দাপট অব্যাহত থাকবে।
আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগের সম্ভাবনা থাকায় কড়া সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল সোমবারেও দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে চরম ভারী বৃষ্টিপাতের জন্য ‘লাল সতর্কতা’ বজায় থাকবে। এর পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বৃষ্টির দাপট চলবে।
অন্যদিকে, সোমবারে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়াক, উত্তর ২৪ পরগণা এবং হুগলি জেলায় বিক্ষিপ্ত থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকায় ‘কমলা সতর্কতা’ (Orange Alert) জারি করা হয়েছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)