'এটাই ওঁর শেষ বক্তব্য!' মুখ্যমন্ত্রীর নজিরবিহীন হুঁশিয়ারির জবাবে কী বললেন হুমায়ুন কবীর?

উস্কানিমূলক ভাষণের অভিযোগে বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করে বিধানসভায় কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের পুলিশি জবরদস্তির প্রসঙ্গ টেনে হুমায়ূন চ্যালেঞ্জ ছুঁড়েছেন, প্রশাসন দিয়ে হেনস্থা না করা হলে রেজিনগর উপনির্বাচনে বিপুল মার্জিনে জিতবে তাঁর দলই।

Jun 29, 2026 - 17:42
0 0
'এটাই ওঁর শেষ বক্তব্য!' মুখ্যমন্ত্রীর নজিরবিহীন হুঁশিয়ারির জবাবে কী বললেন হুমায়ুন কবীর?

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভার কক্ষে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তাঁকে ‘সবক শিখানো’র হুঁশিয়ারি দিয়েছিলেন। কড়া আইনি পদক্ষেপের বার্তা দিয়ে বলেছিলেন, “ধরে রাখতে পারেন এটাই ওঁর শেষ বক্তব্য।” মুখ্যমন্ত্রীর সেই আক্রমণের জবাবে এবার চাঁচাছোলা ভাষায় পালটা তোপ দাগলেন এজেইউপি (আম জনতা উন্নয়ন পার্টি) নেতা তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। সাফ জানিয়ে দিলেন, ভোটে লড়বেন এবং রেজিনগরের মানুষ আগের চেয়েও বেশি মার্জিনে তাঁর দলকে জেতাবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছিলেন, রেজিনগর উপনির্বাচনে নিজের ছেলেকে জেতাতে এবং ৭২ শতাংশ মুসলিম ভোটকে নিজেদের পক্ষে মেরুকরণ করতেই হুমায়ূন উস্কানিমূলক মন্তব্য করছেন। এর জবাবে খোদ মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন হুমায়ুন কবীর।

কী বললেন হুমায়ুন কবীর?

মুখ্যমন্ত্রীর মেরুকরণের অভিযোগ উড়িয়ে দিয়ে এজেইউপি নেতা বলেন, “...নেতা, পরে মুখ্যমন্ত্রী। তো তিনি তেনার পার্টির হয়ে বলবেন, এটাতে অন্যায় কী আছে? আর আমিও আমার পার্টির হয়ে বলব, আমার পার্টির প্রার্থী আমার ছেলে হোক, যে হোক, তার হয়ে আমি বলব, ভোটে লড়ব।”

এরপরই শুভেন্দু অধিকারীকে পালটা আক্রমণ শানিয়ে হুমায়ুন বলেন, “মুসলিম ভোট পোলারাইজ করতে হবে না। উনি যত হিন্দু ভোট একাট্টা করবেন, তত মুসলিম ভোট পোলারাইজ হবে। আগামী দিনে বাংলার যে ভোট আসবে, তখন দেখতে পারবেন। যখন পৌরসভা আসবে, যখন পঞ্চায়েত আসবে, যখন আবার পার্লামেন্ট আসবে, তখন দেখতে পাবেন।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে আক্রমণ

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারীকে একহাত নিয়েছেন হুমায়ুন কবীর। তাঁর স্পষ্ট বক্তব্য, উনি যদি প্রশাসনকে নিজের কব্জায় রেখে, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেছিল, ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিল, তিনি যদি সেই রাস্তায় না হাঁটেন, আমি নিশ্চিত বলছি, রেজিনগরে আমরা জিতব। তিনি মনে করিয়ে দেন রেজিনগর বিধানসভায় ‘আম জনতা উন্নয়ন পার্টি’ তৃণমূলকে ৮১ হাজার ভোটে হারিয়েছে, বিজেপিকে ৫৯ হাজার ভোটে হারিয়েছে।”

প্রশাসনের জোরে তাঁদের হেনস্থা না করা হলে রেজিনগরে তাঁদের আটকানো অসম্ভব, এমনটাই দাবি প্রবীণ এই নেতার। শুভেন্দুর উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে হুমায়ুন বলেন, “আগামী নির্বাচন, ইলেকশন কমিশন যখনই করুক, আমি বলছি কোনও শক্তি নেই। যদি জবরদস্তি না করা হয়, প্রশাসন দিয়ে আমাদেরকে হ্যাকল (Heckle) না করা হয়, রেজিনগরের মানুষ আগামী দিনে যে ভোটের মার্জিনে আমি জিতেছিলাম, তার থেকে বেশি মার্জিনে আম জনতা উন্নয়ন পার্টি জিতবে।”

উল্লেখ্য, সোমবার বিধানসভায় দাঁড়িয়ে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষের উপস্থিতিতে হুমায়ুনের দুটি বিতর্কিত ভাষণের খতিয়ান তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী কড়া সুরে বলেছিলেন, “এনাফ ইজ এনাফ। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে এতদিন যা খুশি করেছেন, কিন্তু এখন আর তা চলবে না।” হুমায়ুনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র একাধিক ধারায় দুটি এফআইআর দায়ের করার কথাও জানান মুখ্যমন্ত্রী। কিন্তু সেই হুঁশিয়ারিতে যে তিনি এতটুকু দমে যাচ্ছেন না, তা নিজের প্রতিক্রিয়াতেই স্পষ্ট করে দিলেন এজেইউপি বিধায়ক।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User