এআই ব্যবহার করছেন? ভবিষ্যতে মূল্য চোকাতেই হবে আপনাকে! ‘দ্য টেম্পেস্টে’ লিখে গিয়েছিলেন শেক্সপিয়র
উইলিয়াম শেক্সপিয়রের 'দ্য টেম্পেস্ট' নাটকের প্রসপেরো ও ক্যালিবানের রূপকে ২১ শতকের এআই-এর বিপজ্জনক দিক বিশ্লেষণ করলেন গবেষকরা।
উইলিয়াম শেক্সপিয়র (William Shakespeare) মারা গিয়েছেন চারশো বছরেরও বেশি আগে। কিন্তু তাঁর লেখা এখনও যেন সময়ের আগেই লেখা ভবিষ্যতের দলিল। মনস্তত্ত্ব, রাজনীতি, জলবায়ু পরিবর্তন থেকে উপনিবেশবাদ— মানবসভ্যতার অসংখ্য প্রশ্নের উত্তর খুঁজতে বারবার ফিরে যাওয়া হয়েছে তাঁর নাটকের কাছে। এবার সেই তালিকায় যোগ হল আরও এক বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।
প্রথম শুনলে অদ্ভুত লাগতে পারে। এত বছর আগে কৃত্রিম বুদ্ধিমত্তা! ১৭শ শতকের এক নাটক কীভাবে ২১শ শতকের এআই-কে ব্যাখ্যা করবে? কিন্তু ব্রিটেনের ইউনিভার্সিটি অব হলের দুই গবেষকের মতে, শেক্সপিয়রের 'দ্য টেম্পেস্ট' (The Tempest) আজকের এআই-নির্ভর পৃথিবীকে বোঝার এক বিস্ময়কর রূপক হয়ে উঠেছে।
আমরা প্রতিদিন এআই-কে প্রশ্ন করি। মুহূর্তের মধ্যে উত্তর চলে আসে। এই যেমন প্রতিবেদন পড়তে পড়তেই অনেকে চ্যাট জিপিটি বা এই ধরনের কোনও প্ল্য়াটফর্মে এই বিষয়ে প্রশ্ন করে ফেলবেন। কিন্তু সেই উত্তর কোথা থেকে আসে, তার জন্য কত বিপুল পরিকাঠামো কাজ করে, তা খুব কম মানুষই ভাবেন। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বিশাল ডেটা সেন্টার কোটি কোটি তথ্য বিশ্লেষণ করে আমাদের সামনে উত্তর হাজির করে। সেই ডেটা সেন্টার চালাতে প্রয়োজন বিপুল পরিমাণ বিদ্যুৎ, জল এবং জমি। আর এখানেই শুরু হয় সমস্যার।
গবেষকদের মতে, এই পরিকাঠামো অনেক সময় এমন অঞ্চলে তৈরি হয়, যেখানে স্থানীয় মানুষ বা আদিবাসী সম্প্রদায়ের জমি ও প্রাকৃতিক সম্পদের উপর কর্পোরেট সংস্থাগুলির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা তুলনামূলক সহজ। মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় মভস্কোক (Mvskoke) নেশন-এর জমিতে প্রস্তাবিত একটি প্রযুক্তি পার্ক ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা এই আশঙ্কাকেই সামনে এনেছে। স্থানীয়দের অভিযোগ ছিল, ডেটা সেন্টার শুধু জল ও প্রাকৃতিক সম্পদ গ্রাস করবে না, নজরদারি এবং নিয়ন্ত্রণের নতুন অস্ত্রও হয়ে উঠতে পারে। শেষ পর্যন্ত প্রবল বিরোধিতার মুখে সেই প্রস্তাব বাতিল হয়।
এই ঘটনাকেই গবেষকরা মিলিয়ে দেখছেন 'দ্য টেম্পেস্টে'র সঙ্গে। নাটকের নায়ক প্রসপেরো (Prospero) একটি দ্বীপের উপর নিজের ক্ষমতা কায়েম করেন। সেই ক্ষমতার ভিত্তি শুধু বলপ্রয়োগ নয়, অদৃশ্য জাদু এবং নিয়ন্ত্রণ। দ্বীপের প্রকৃত বাসিন্দা ক্যালিবানকে নিজের অধীনস্থ করে রাখেন তিনি। বহুদিন ধরেই সাহিত্য সমালোচকেরা এই সম্পর্ককে উপনিবেশবাদী শাসক ও শাসিতের প্রতীক হিসেবে ব্যাখ্যা করেছেন।
আজকের এআই-র ক্ষেত্রেও একই প্রশ্ন উঠে আসছে। প্রযুক্তির আড়ালে ঠিক কারা ক্ষমতা নিয়ন্ত্রণ করছে? কোটি কোটি মানুষের তথ্য, শ্রম এবং সৃজনশীলতা ব্যবহার করে তৈরি হওয়া এআই-এর আসল মালিক কে? সিদ্ধান্ত নিচ্ছে কারা? লাভবানই বা হচ্ছে কে?
গবেষকদের মতে, এআই-কে শুধুই প্রযুক্তিগত অগ্রগতি হিসেবে দেখলে ভুল হবে। এর সঙ্গে জড়িয়ে রয়েছে জমি, প্রাকৃতিক সম্পদ, শ্রম, ভাষা এবং ক্ষমতার রাজনীতি। তাই এআই-র ভবিষ্যৎ নির্ধারণ করবে শুধু প্রযুক্তি নয়, স্থানীয় মানুষের অধিকার, সামাজিক জবাবদিহি এবং রাজনৈতিক সিদ্ধান্তও।
চারশো বছর আগে শেক্সপিয়র হয়তো কম্পিউটার, অ্যালগরিদম বা কৃত্রিম বুদ্ধিমত্তার কথা ভাবেননি। তবু তাঁর নাটকের ক্ষমতার কাঠামো আজও আমাদের শেখায় অদৃশ্য শক্তি সবচেয়ে বেশি বিপজ্জনক তখনই, যখন তার উৎস, উদ্দেশ্য এবং নিয়ন্ত্রণ সাধারণ মানুষের চোখের আড়ালে থেকে যায়। সেই কারণেই 'দ্য টেম্পেস্ট' আজ আর শুধু সাহিত্য নয়, এআই-র যুগে এটি হয়ে উঠেছে ক্ষমতা ও প্রযুক্তিকে নতুন করে পড়ার এক অসাধারণ পাঠ।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)