ছেলেকে মারধরের নালিশ জানানোয় রাগ, ঘুষি মেরে অভিভাবকের নাক ফাটিয়ে দিলেন পুলকার চালক
হিন্দমোটরে পুলকারে ছেলেকে মারধরের নালিশ জানাতে গিয়ে আক্রান্ত অভিভাবক। চালক ও মালিকের হামলায় ফাটল নাক। ঘটনায় উত্তরপাড়া থানার পুলিশ এক অভিযুক্তকে আটক করেছে।
পুলকারে যাতায়াত করা ছেলেকে অন্য পড়ুয়ারা মারধর করছে—এমন অভিযোগ নিয়ে চালকের কাছে গিয়েছিলেন ব্যক্তি। সেই ঘটনাকে কেন্দ্র করে বচসার কয়েক ঘণ্টা পরই ছাত্রের বাবাকে মারধরের অভিযোগ উঠল পুলকারের মালিক, চালক-সহ একদল যুবকের বিরুদ্ধে। ঘুষির আঘাতে নাক ফাটল বিপ্লব কুমার বিশ্বাস নামে ওই ব্যক্তির। তাঁকে বাঁচাতে গিয়ে মাথায় চোট পান হেমন্ত দাস নামে আরও এক যুবক। হামলা ঠেকাতে গিয়ে আহত হয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দাও।
ছেলেকে মারধর নিয়ে প্রশ্ন
ঘটনাটি হিন্দমোটরের নন্দনকানন এলাকার। সেখানকার বাসিন্দা বিপ্লব কুমার বিশ্বাসের আট বছরের ছেলে একটি ইংরেজি মাধ্যম স্কুলে পুলকারে যাতায়াত করে। পরিবারের দাবি, বেশ কয়েকদিন ধরেই স্কুলে যাওয়া এবং ফেরার পথে পুলকারের ভিতর অন্য ছাত্ররা তাকে মারধর করছিল। বিষয়টি ছেলের কাছ থেকে জানতে পেরে সোমবার চালকের কাছে কারণ জানতে চান বিপ্লববাবু। অভিযোগ, পুলকার চালক এই বিষয়ে তাঁর কোনও দায়িত্ব নেই বলে জানিয়ে দেন। তা নিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কি হয়। স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে সেই সময় পরিস্থিতি ঠিক হয়ে যায়। কিন্তু রাত ৮টা নাগাদ ফের উত্তেজনা ছড়ায়।
ক্লাবের সামনে হামলার অভিযোগ
অভিযোগ, সন্ধ্যার পর পুলকারের মালিক সনু এবং তাঁর চালক-সহ ১০-১৫ জন নিউ বয়েজ ক্লাবের সামনে এসে বিপ্লব কুমার বিশ্বাসের উপর চড়াও হন। আচমকা হামলায় তাঁর নাক ফেটে যায়। তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে হেমন্ত দাসকেও মারধর করা হয়। মাথায় আঘাত পান তিনি। পরিস্থিতি সামলাতে গিয়ে আরও কয়েকজন স্থানীয় বাসিন্দা আহত হন। পরে সকলকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা।
পুলকারের বৈধতা নিয়ে প্রশ্ন
বিপ্লববাবুর দাবি, সামান্য একটি বিষয় নিয়ে এভাবে হামলার ঘটনা মেনে নেওয়া যায় না। একইসঙ্গে এলাকায় চলা কয়েকটি পুলকারের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। অভিযোগ, কিছু গাড়ির রেজিস্ট্রেশন, বিমা এবং দূষণ সংক্রান্ত নথি নেই। বিষয়টি প্রশাসনের দেখা দরকার।
এদিকে, অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে উত্তরপাড়া থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ঘটনায় এক মূল অভিযুক্তকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বাকিদের সন্ধানেও অভিযান চলছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)