নিউমার্কেট আগুন: 'দোষারোপ করে রাজনীতি করা হচ্ছে'! প্রতিক্রিয়া ফিরহাদের, দেশজুড়ে এসওপি-র পরামর্শ

পুরমন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এই ঘটনা তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হবে। তাঁর প্রশ্ন, হোটেলটিকে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়েছিল কী ভাবে। একই সঙ্গে ট্রেড লাইসেন্স কী ভাবে দেওয়া হয়েছিল, সেই বিষয়টিও তদন্ত করে দেখা দরকার বলে জানিয়েছেন তিনি।

Aug 19, 2026 - 17:58
0 0
নিউমার্কেট আগুন: 'দোষারোপ করে রাজনীতি করা হচ্ছে'! প্রতিক্রিয়া ফিরহাদের, দেশজুড়ে এসওপি-র পরামর্শ

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের (New Market Fire) ঘটনায় প্রাথমিক প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজনৈতিক তর্ক এড়িয়ে চলার বার্তা দিলেন তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের বক্তব্যকে 'রাজনীতি' আখ্যা দিয়ে তাঁর স্পষ্ট বক্তব্য, "কাউকে দোষারোপ করে কোনও লাভ নেই।" বরং এ জাতীয় দুর্ঘটনা রোধে সারা দেশজুড়ে একটি সুনির্দিষ্ট 'এসওপি' তৈরি হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে হোটেলের অনুমোদন নিয়ে প্রশ্ন তোলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। এমন একটি হোটেল কীভাবে প্রয়োজনীয় সরকারি অনুমতি পেল, তা নিয়ে আগের তৃণমূল সরকারকে সরাসরি নিশানা করেন তিনি। নাম না করে তোপ দাগেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের দিকেও।  

সেই সমালোচনারই কার্যত জবাব দিয়ে ফিরহাদ হাকিম বলেন, "কোনও সরকারের পক্ষেই সমস্ত হোটেল বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিরাপত্তা অডিট করা সম্ভব নয়। এর জন্য থার্ড পার্টি অডিট চালু করা প্রয়োজন।" তিনি আরও জানান, ২০২৫ সালের অগ্নিকাণ্ডের ঘটনার পরই এ বিষয়ে একটি থার্ড পার্টি অডিটের প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে নির্বাচন এসে পড়ার কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।  

বর্তমানে ট্রেড লাইসেন্স অনলাইন ব্যবস্থার মাধ্যমে পাওয়া যায় উল্লেখ করে তিনি জানান, অনলাইন পরিষেবার উদ্দেশ্য ছিল প্রশাসনিক স্বচ্ছতা বাড়ানো, বেআইনি কাজকর্ম প্রচার করা নয়। বর্তমান সরকারকে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি বলেন, "এক বছর পর কি আমরা বিরোধী দলে থাকলে এই সব ঘটনার জন্য বর্তমান পুরমন্ত্রীকে দোষারোপ করতে শুরু করব? কাউকে দোষারোপ করে বাস্তবে কোনও সমাধান পাওয়া যায় না।"  

পুরমন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এই ঘটনা তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হবে। তাঁর প্রশ্ন, হোটেলটিকে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়েছিল কী ভাবে। একই সঙ্গে ট্রেড লাইসেন্স কী ভাবে দেওয়া হয়েছিল, সেই বিষয়টিও তদন্ত করে দেখা দরকার বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, পরপর অগ্নিকাণ্ডে হোটেলগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থার অডিটের সিদ্ধান্ত নিয়েছে সরকার, সিট গঠন করেছে লালবাজারও। নিউ মার্কেটের এই অগ্নিকাণ্ডের সার্বিক পরিস্থিতি নিয়ে বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ আলোচনা করেন দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী। আলোচনার পর ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী দাবি করেন, “পূর্বতন তৃণমূল সরকারের চরম অবহেলা ও গাফিলতির কারণেই আজ এই বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাঁদের আমলের প্রশাসনিক ব্যর্থতা ও অভিশাপের মাশুল এখন আমাদের বহন করতে হচ্ছে।”

প্রাথমিকভাবে নিউ মার্কেটের দুর্ঘটনায় এসির শর্ট সার্কিটের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু আগুনের কারণের থেকেও বড় হয়ে সামনে এসেছে অন্য প্রশ্ন - এমন ঘিঞ্জি একটি ভবনে একের পর এক হোটেল চালানোর অনুমতি মিলল কীভাবে? হোটেল যেভাবে চালানো হচ্ছিল, তা দেখে হতচকিত খোদ দমকল প্রতিমন্ত্রী। গোটা পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User