ফুটবল খেলবেন? ৪২ ইঞ্চি ভুঁড়ি কিন্তু মাস্ট! অভিনব গণপতি প্রতিযোগিতা নিউ ব্যারাকপুরে
কে বলে ভুঁড়ি থাকলে খেলাধুলা করা যায় না? এই ফুটবল খেলতে গেলে আপনার কিন্তু ৪২ ইঞ্চি ভুঁড়ি থাকা মাস্ট। ভুঁড়িওয়ালা ফুটবল খেলোয়ারদের সুযোগ দিতেই প্রতিবছরের মতো নবব্যারাকপুরে হবে গণপতি ফুটবল।
কে বলে ভুঁড়ি থাকলে খেলাধুলা করা যায় না? এই ফুটবল খেলতে গেলে আপনার কিন্তু ৪২ ইঞ্চি ভুঁড়ি থাকা মাস্ট। ভুঁড়িওয়ালা ফুটবল খেলোয়ারদের সুযোগ দিতেই প্রতিবছরের মতো নবব্যারাকপুরে হবে গণপতি ফুটবল। তারই প্রস্তুতি এখন তুঙ্গে (Barrackpore Ganapati Football Tournament)।
“সব খেলার সেরা বাঙালির তুমি প্রিয় ফুটবল” - মান্না দের সেই বিখ্যাত গানের সুর যেন এবার অন্যরকম ফুটবল উৎসবের বার্তা দিচ্ছে। এই খেলায় বলের চেয়ে বড় ভুঁড়িই যোগদানের প্রথম শর্ত! নবব্যারাকপুরের চাঁদপুর লেনিনগড়ে দীর্ঘ ১৮ বছর ধরে আয়োজিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘গণপতি প্রদর্শনী ফুটবল’।
চাঁদপুর লেনিনগড় শিব মন্দির কমিটির উদ্যোগে ২৩ অগস্ট, রবিবার বিকেল ৪টেয় লেনিনগড় সুভাষ সংঘ ময়দানে অনুষ্ঠিত হবে এই অভিনব ফুটবল প্রদর্শনী। খেলায় অংশ নেওয়ার অন্যতম শর্ত- বয়স হতে হবে ৪০ বছরের বেশি এবং ভুঁড়ির মাপ হতে হবে অন্তত ৪২ ইঞ্চি! প্রতি দলে থাকবেন ১১ জন করে ‘গণপতি’ ফুটবলার।
১৯৯৮ সালে শুরু হয়েছিল এই মজার ফুটবল প্রতিযোগিতা। ২০০৮ সাল পর্যন্ত টানা ১১ বছর ধরে চলেছিল এই আয়োজন। দীর্ঘ এক দশক ধরে দু’দলের মধ্যে প্রতিযোগিতা হলেও শেষ বছরে চার দলের অংশগ্রহণে হয়েছিল খেলা। এরপর দীর্ঘ বিরতি। অবশেষে ১৮ বছর পর ফের পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনছেন উদ্যোক্তারা।
শুধু ফুটবল নয়, এই উৎসবের শুরুতেই থাকবে বর্ণাঢ্য আয়োজন। মাঠে গণেশের মূর্তি নিয়ে শোভাযাত্রায় অংশ নেবেন গণপতি ফুটবলাররা। খেলার শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে দেওয়া হবে সুদৃশ্য ট্রফি ও শংসাপত্র। পাশাপাশি থাকবে বিশেষ আকর্ষণ—সর্বোচ্চ ভুঁড়ির অধিকারী গণপতির জন্য আকর্ষণীয় পুরস্কার। নিয়ম মেনে ফিতে দিয়ে প্রত্যেক খেলোয়াড়ের ভুঁড়ির মাপও নেওয়া হবে।
সোদপুর, ঘোলা, মুড়াগাছা, যোগেন্দ্রনগর, বিরাটি, মধ্যমগ্রাম-সহ বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যেই খেলোয়াড় বাছাই করা হয়েছে। চলছে নাম নথিভুক্তির প্রক্রিয়াও। মাঠে উপস্থিত থাকবেন অতীত ও বর্তমানের খ্যাতনামা ফুটবলার, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক এবং বিশিষ্টজনেরা।
বর্ষার কাদা-বৃষ্টিতে ভেজা সুভাষ সংঘের মাঠেই এখন চলছে গণপতিদের জোরকদমে মহড়া। ফুটবলকে আরও জনপ্রিয় করে তুলতে এই অভিনব আয়োজন ঘিরে ইতিমধ্যেই এলাকায় উৎসবের আমেজ। উদ্যোক্তাদের আশা, অন্যান্য বছরের তুলনায় এবারের গণপতি ফুটবল দেখতে মাঠে আরও বেশি দর্শকের ভিড় হবে। ৬০ বছরের গণপতি ফুটবলার হরবিলাস পাইকের কথায়, “দীর্ঘ ১৮ বছর পর আবার এই ঐতিহ্যবাহী গণপতি ফুটবল শুরু হয়েছে। ফুটবল খেলতে আমার খুব ভালো লাগে, তাই এখনও খেলি। খেলাধুলা করলে শরীর ভালো থাকে। তাই সুযোগ পেলেই সুস্থ থাকার জন্য ফুটবল খেলা উচিত।”
গণপতি ফুটবল উৎসবকে সফল করে তুলতে ইতিমধ্যেই চাঁদপুর লেনিনগড় শিব মন্দির কমিটির নবনির্বাচিত সদস্যরা জোরকদমে প্রস্তুতি শুরু করেছেন। তাঁদের পাশে দাঁড়িয়েছেন এলাকার ক্রীড়াপ্রেমী মানুষ ও শুভানুধ্যায়ীরাও। সব মিলিয়ে ২৩ অগস্টের অপেক্ষায় এখন গোটা নবব্যারাকপুর। ফুটবলের মাঠে এবার লড়াই হবে গোলের পাশাপাশি ভুঁড়িরও!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)