নিয়োগের খবর জানেন না নিজেই! অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের ম্যানেজারের পদ ছাড়লেন ‘তিতিবিরক্ত’ বাজাজ

এআইএফএফ-এর অপেশাদারিত্বের চূড়ান্ত নিদর্শন। নিয়োগের খবর খোদ নিযুক্ত ব্যক্তিই জানেন না! ক্ষোভে অনূর্ধ্ব-১৫ দলের ম্যানেজারের পদ ছাড়লেন রঞ্জিত বাজাজ। পড়ুন বিস্তারিত।

Aug 07, 2026 - 13:20
0 0
নিয়োগের খবর জানেন না নিজেই! অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের ম্যানেজারের পদ ছাড়লেন ‘তিতিবিরক্ত’ বাজাজ

চরম অপেশাদারিত্ব। আর তার জেরে ফের চূড়ান্ত অস্বস্তিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আজারবাইজানে আসন্ন ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের (FIFA U-15 World Cup) জন্য রঞ্জিত বাজাজকে দলের ম্যানেজার হিসেবে ঘোষণা করেছিল এআইএফএফ। কিন্তু ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই সেই প্রস্তাব অবলীলায় প্রত্যাখ্যান করলেন মিনার্ভা অ্যাকাডেমির কর্ণধার। তাঁর অভিযোগ, এই নিয়োগের বিষয়ে তাঁর সঙ্গে আগে থেকে একটি কথাও বলেনি ফেডারেশন।

নিয়োগের খবর এল সাংবাদিকদের ফোনে!

যুব ফুটবল কাঠামো নিয়ে এমনিতেই বিস্তর জল্পনা চলছিল। হেডকোচ হিসেবে বিবিয়ানো ফার্নান্দেজকে রেখে ম্যানেজার পদে রঞ্জিতকে নিয়ে আসে ফেডারেশন। লক্ষ্য, জাতীয় কাঠামোর সঙ্গে তৃণমূল স্তরের এক সফল সংগঠককে জুড়ে দেওয়া (Indian Football)। কিন্তু বাস্তবের ছবি অদ্ভুত ও হাস্যকর।

‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রঞ্জিত বলেন, 'আমি কিছুই জানতাম না। ফোন আসতে শুরু করায় ব্যাপারটা বুঝতে পারি। ঘোষণার আগে এআইএফএফ-এর কেউ আমার সঙ্গে কোনও কথা বলেনি।' তাঁর বক্তব্য, 'লোকে শুভেচ্ছা জানাচ্ছিল। সাংবাদিকরা ফোন করে প্রতিক্রিয়া চাইছিল। আর আমি বসে বসে ভাবছিলাম, ব্যাপারটা কী! কারণ ফেডারেশন আমাকে কিছুই জানায়নি। আসল পরিস্থিতিটা একমাত্র আমিই জানতাম।'

এরপর তিনি নিজে থেকে কর্তাদের ফোন করেন। তাঁর বক্তব্য, 'আমি নিজেই কর্তাদের ফোন করে জিজ্ঞেস করি খবরটা সত্যি কি না। তখন ওরা বলে, হ্যাঁ, এমনটাই হতে চলেছে। আমরা একটু পরে চিঠি পাঠিয়ে দিচ্ছি।'

পেপ আর মোরিনহোর অদ্ভুত তুলনা

রঞ্জিতের মতে, এই নিয়োগ পদ্ধতি চরম অপেশাদারিত্বের প্রমাণ। তাঁর আক্ষেপ, 'পেশাদার ফেডারেশন এভাবে কাজ করে না। দুর্ভাগ্যবশত, এটা বারবার হচ্ছে। এসবই ভারতীয় ফুটবলের ক্ষতি করছে।' কোচ বিবিয়ানোকে নিয়ে তাঁর কোনও ব্যক্তিগত সমস্যা নেই। কিন্তু দুজনের একসঙ্গে কাজ করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন, 'ম্যানেজার হিসেবে আমাকে আর কোচ হিসেবে বিবিয়ানোকে একসঙ্গে জুড়ে দেওয়ার কোনও যুক্তি দেখছি না।' রঞ্জিতের যুক্তি, তিনি নিজের মিনার্ভা অ্যাকাডেমির (Minerva Academy) স্টাফদের সঙ্গে কাজ করতে অভ্যস্ত। বলেছেন, 'কাউকে অসম্মান না করেই বলছি, আমি ওদের চিনি না। আশপাশের লোকদের না চিনলে একযোগে কাজ করব কীভাবে?'

এরপরই দুই বিশ্বজয়ী কোচের প্রসঙ্গ টেনে আনেন তিনি। রঞ্জিতের দাবি, 'এটা অনেকটা মোরিনহো আর পেপকে একসঙ্গে কোচ করার মতো ব্যাপার। আমি আমাদের উচ্চতা তুলনা করছি না, তবে কাজের ধরন আলাদা। ওদের দর্শন আলাদা, কাজের পদ্ধতিও আলাদা। এর কোনও মানে হয় না।'

ফেডারেশনের পরিকল্পনা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন

সাম্প্রতিককালে ভারতীয় ফুটবলে রঞ্জিত বাজাজ স্পষ্টবক্তা হিসেবে পরিচিত। তাঁর অ্যাকাডেমি গথিয়া কাপ, ডানা কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্য পেয়েছে। তুলে এনেছে একাধিক প্রতিভাবান ফুটবলার। অন্যদিকে বিবিয়ানো দেশের হয়ে সাফ যুব শিরোপা জিতেছেন, এএফসি টুর্নামেন্টেও দলকে যোগ্যতা অর্জন করিয়েছেন। ফেডারেশন চেয়েছিল এই দুই ভিন্ন মেরুর মানুষকে মেলাতে (India U-15)। কিন্তু ন্যূনতম আলোচনার অভাবে গোটা প্ল্যান মুখ থুবড়ে পড়ল।

বিশ্বকাপের আগে প্রস্তুতির সময় কোথায়?

অক্টোবরেই বিশ্বকাপ। হাতে সময় বড্ড কম। এই সময়ে নতুন দায়িত্ব নেওয়াটাও অর্থহীন বলে মনে করছেন রঞ্জিত। তাঁর সাফ কথা, 'টুর্নামেন্টের আর মাত্র দু’মাস বাকি। এখন কী স্কাউটিং করবেন? কীসের পরিকল্পনা? যুব ফুটবল মানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা। বিশ্বকাপের দু’মাস আগে দল গড়ার কাজ শুরু হয় না।'

গোটা ঘটনাটি যে আদতে ভারতীয় ফুটবলের দৈন্যদশাকেই চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে, তা স্পষ্ট রঞ্জিতের শেষ কথায়, 'এটা আমাকে নিয়ে নয়। ভারতীয় ফুটবল যেভাবে চলছে, এটা তার নমুনা। এমন চললে একই ফলাফল মিলবে।' ফেডারেশনের এই কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্তে বিশ্বকাপের প্রস্তুতির চেয়ে তাদের পরিকল্পনা করার ক্ষমতাই এখন বড় প্রশ্নের মুখে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User