ফোর্ট উইলিয়ামের সামনে পুলকারে সজোরে ধাক্কা গাড়ির, আহত ৪, ভর্তি এসএসকেএমে

কলকাতার ফোর্ট উইলিয়াম সংলগ্ন জেএন আইল্যান্ডের কাছে সোমবার সকালে এক ভয়াবহ পথদুর্ঘটনায় আহত হল তিন স্কুলপড়ুয়া ও এক পুলকার চালক।

Jun 29, 2026 - 13:38
0 0
ফোর্ট উইলিয়ামের সামনে পুলকারে সজোরে ধাক্কা গাড়ির, আহত ৪, ভর্তি এসএসকেএমে

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার ফোর্ট উইলিয়াম সংলগ্ন এলাকায় সোমবার সকালে ভয়াবহ পথদুর্ঘটনায় আহত হল তিন স্কুলপড়ুয়া ও এক পুলকার চালক। রেড রোড থেকে আসা একটি ব্যক্তিগত গাড়ির ধাক্কায় পার্ক স্ট্রিটমুখী পুলকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আহতদের দ্রুত উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে পুলকারটি পার্ক স্ট্রিটের দিকে যাচ্ছিল। সেই সময় রেড রোডের দিক থেকে আসা একটি ব্যক্তিগত গাড়ি জেএন আইল্যান্ডের কাছে সজোরে ধাক্কা মারে পুলকারটিতে। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে পুলকারটি রাস্তার উপরেই উল্টে যায়। দুর্ঘটনার সময় গাড়িতে ৮ থেকে ১০ জন স্কুলপড়ুয়া ছিল।

দুর্ঘটনায় তিন জন আহত হয়। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, আহতদের মধ্যে দু’জনের চোট তুলনামূলকভাবে সামান্য হলেও এক পড়ুয়ার মাথায় গুরুতর আঘাত লেগেছে। তার মাথা ফেটে যাওয়ায় কয়েকটি সেলাই পড়েছে। এছাড়া পুলকারের চালকের হাতেও গুরুতর চোট লাগে। আহত চার জনকেই এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়, চিকিৎসা চলছে।

সংঘর্ষের জেরে পুলকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে একাকার। গাড়ির দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সামনের উইন্ডস্ক্রিনও ভেঙে গেছে।

পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিগত গাড়িটি বাজেয়াপ্ত করেছে। গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ময়দান থানার পুলিশ। প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, ব্যক্তিগত গাড়িটির গতি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল। তবে অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে, নাকি সিগন্যাল অমান্য করার জেরে এই সংঘর্ষ, তা এখনও নিশ্চিত নয়।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User