ভোরে শীতের শিরশিরানি, বেলা বাড়লেই গরম! দক্ষিণবঙ্গে পারদ পতনের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর
ভোরে শীতের আমেজ, বেলা বাড়লেই গরম—দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এবার বদলের ইঙ্গিত। আগামী তিন দিনে ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে রাতের তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?
কার্তিক মাসের ভোরের বাতাসে ইতিমধ্যেই মিলছে শীতের হালকা আমেজ। তবে বেলা গড়ালেই ফের অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। যদিও খুব শীঘ্রই আবহাওয়ার এই খামখেয়ালি মেজাজে বদল আসতে চলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই ধীরে ধীরে শীতের পরশ আরও স্পষ্ট হবে। বাদ যাচ্ছে না উত্তরবঙ্গও; সেখানেও আগামী কয়েক দিনে তাপমাত্রা পারদ নামার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।
তিলোত্তমার আকাশ মূলত পরিষ্কার ও মেঘমুক্ত থাকবে। শহরে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে। দিনেরবেলায় গরম থাকলেও রাত ও ভোরের দিকে আবহাওয়া বেশ মনোরম ও আরামদায়ক থাকবে। আগামী দিনগুলিতে শহরের তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। তাই আপাতত বৃষ্টির আশঙ্কা যেমন নেই, তেমনই ভারী বৃষ্টির কোনও ধরনের সতর্কতা জারি করা হয়নি।
তবে তাপমাত্রার ক্ষেত্রে এক বড়সড় পরিবর্তনের বার্তা দিয়েছে হাওয়া অফিস। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এর ফলে ভোর এবং রাতের দিকে ঠান্ডার অনুভূতি অনেকটাই বাড়বে।
দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা—সর্বত্রই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামী তিন দিনে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। স্বাভাবিকভাবেই পাহাড়ি এলাকাগুলিতে ঠান্ডার দাপট একটু বেশিই থাকবে। উত্তরের কোনও জেলাতেই বর্তমানে ভারী বৃষ্টির সতর্কতা নেই।
আবহাওয়া অফিসের হিসেব অনুযায়ী, আগামী রবিবার পর্যন্ত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সোমবার থেকে আবহাওয়ার মোড় ঘুরতে পারে। কালীপুজো শেষ হতেই কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও ওই সময়ে বৃষ্টি হতে পারে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0