রত্নহীন খেলরত্ন, অর্জুনে সম্মানিত ১৭! দেখে নিন জাতীয় ক্রীড়া পুরস্কারের সম্পূর্ণ তালিকা
২০২৫ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার ঘোষণা। এবারের সবচেয়ে বড় চমক, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের তালিকায় নেই কারও নাম! অর্জুন পুরস্কার পাচ্ছেন ১৭ জন। জানুন বিস্তারিত।
দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন (Major Dhyan Chand Khel Ratna)। এবার সেই তালিকাই শূন্য!
২০২৫ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার ঘোষণা করল কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক। আর তাতে সবচেয়ে বড় চমক। এবার খেলরত্ন পাচ্ছেন না কেউই। তবে ১৭ জন ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কারে স্বীকৃতি জানানো হচ্ছে। আজীবন অর্জুন সম্মান পাচ্ছেন প্রাক্তন ফুটবলার আই অরুমানায়াগাম।
বিচারকমণ্ডলীর সিদ্ধান্ত ও খেলরত্ন-খরা
সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অরুণ কুমার মিশ্রের নেতৃত্বাধীন এক নির্বাচন কমিটি এই পুরস্কার প্রাপকদের নাম চূড়ান্ত করেছে। সাধারণত আন্তর্জাতিক স্তরে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে খেলরত্ন দেওয়া হয়। আগের বছর চারজন পেয়েছিলেন এই সম্মান। দাবাড়ু দোম্মারাজু গুকেশ, হকি অধিনায়ক হরমনপ্রীত সিং, প্যারা-অ্যাথলিট প্রবীণ কুমার এবং অলিম্পিক পদকজয়ী শুটার মনু ভাকর। সর্বকনিষ্ঠ দাবা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুবাদে স্বীকৃতিলাভ গুকেশের। অন্যদিকে, স্বাধীনতার পর প্রথম ভারতীয় হিসেবে এক অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়েছিলেন মনু।
কিন্তু এ বছর জাতীয় ক্রীড়া পুরস্কারের (National Sports Awards 2025) ওই অভিজাত তালিকায় কোনও নাম নেই৷
অর্জুনের আলোয় ১৭ তারকা
১৭ জন তারকার হাতে উঠছে অর্জুন পুরস্কার (Arjuna Awards)। তালিকায় অ্যাথলেটিক্স থেকে দাবা, হকির ছড়াছড়ি।
উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন হাই-জাম্পার তেজস্বিন শঙ্কর, স্প্রিন্টার মহম্মদ আজমল ভি এবং প্রিয়াঙ্কা গোস্বামী। ব্যাডমিন্টন থেকে তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ। দাবায় বিদিত গুজরাটি ও দিব্যা দেশমুখ। হকিতে লালরেমসিয়ামি এবং রাজকুমার পাল।
পিআইবি-র প্রেস বিবৃতিতে বলা হয়েছে, 'বিগত চার বছর ধরে খেলাধুলায় ধারাবাহিক ভাল পারফরম্যান্স এবং নেতৃত্ব, ক্রীড়াসুলভ মানসিকতা ও শৃঙ্খলার জন্য এই অর্জুন পুরস্কার দেওয়া হয়।'
আজীবন সম্মাননা ও দ্রোণাচার্য
আজীবন কৃতিত্বের জন্য অর্জুন সম্মানে ভূষিত কিংবদন্তি ফুটবলার আই অরুমানায়াগাম। ১৯৬২ সালের এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। কেরিয়ারে জিতেছেন তিনটি ডুরান্ড কাপ।
সেরা কোচ হিসেবে দ্রোণাচার্য পুরস্কার (Dronacharya Award) পাচ্ছেন ৫ জন। সাধারণ বিভাগে অ্যাথলেটিক্স কোচ পরবীর সিং, বক্সিং কোচ ছোটেলাল যাদব এবং শুটিং কোচ নেহা নন্দকুমার চ্যবন।
আজীবন সম্মাননা বিভাগে বক্সিং কোচ ধর্মেন্দ্র সিং যাদব ও কুস্তি কোচ বীরেন্দর কুমার। সরকারি বিবৃতিমতে, 'কোচদের ধারাবাহিক অসামান্য অবদান এবং আন্তর্জাতিক স্তরে ক্রীড়াবিদদের সাফল্য এনে দেওয়ার স্বীকৃতি হিসেবে এই দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়।' পাশাপাশি, খেলাধুলার প্রসারে অবদানের জন্য রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার পাচ্ছে পুণের আর্মি প্যারালিম্পিক নোড।
একনজরে পুরস্কার প্রাপকদের পূর্ণাঙ্গ তালিকা:
* অর্জুন পুরস্কার: তেজস্বিন শঙ্কর (হাই-জাম্প), মহম্মদ আজমল ভি (স্প্রিন্ট), প্রিয়াঙ্কা গোস্বামী (স্প্রিন্ট), তৃষা জলি (ব্যাডমিন্টন), গায়ত্রী গোপীচাঁদ (ব্যাডমিন্টন), বিদিত গুজরাটি (দাবা), দিব্যা দেশমুখ (দাবা), লালরেমসিয়ামি (হকি), রাজকুমার পাল (হকি), অখিল শেওরান (শুটিং), রুদ্রাংশ খণ্ডেলওয়াল (প্যারা-শুটিং), একতা ভায়ান (প্যারা-অ্যাথলিট), অরবিন্দ সিং (রোয়িং), নরেন্দ্র (বক্সিং), সুরজিৎ (কবাডি), পূজা (কবাডি), ধনুষ শ্রীকান্ত (ডেফ শুটিং)।
* অর্জুন পুরস্কার (আজীবন): আই অরুমানায়াগাম (ফুটবল)।
* দ্রোণাচার্য পুরস্কার (সাধারণ): প্রবীর সিং (অ্যাথলেটিক্স), ছোটেলাল যাদব (বক্সিং), নেহা নন্দকুমার চ্যবন (শুটিং)।
* দ্রোণাচার্য পুরস্কার (আজীবন): ধর্মেন্দ্র সিং যাদব (বক্সিং), বীরেন্দ্র কুমার (কুস্তি)।
* রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার: আর্মি প্যারালিম্পিক নোড (পুণে)।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)