রাজ্যে এসেই কালীঘাটে পুজো সস্ত্রীক গৌতম আদানির, আজ দিনভর একগুচ্ছ কর্মসূচি
রাজ্যে এসেই সস্ত্রীক কালীঘাট মন্দিরে পুজো দিলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। নিউ টাউনে ২,৫০০ কোটির মেগা হাসপাতালের শিলান্যাস থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক—আজ দিনভর রয়েছে তাঁর একগুচ্ছ কর্মসূচি।
৪মে পালাবদলের পর রাজ্যে শিল্প ও বিনিয়োগ নিয়ে আশাবাদী সকলে। এরই মাঝে বুধবার কলকাতায় এসেছেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। বৃহস্পতিবার সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে কালীঘাট মন্দিরে পুজো দিলেন। সকাল সাড়ে ৭টা নাগাদ মন্দিরে গিয়ে মায়ের দর্শন করেন। আরতি সেরে মন্দির থেকে বেরিয়ে যান আধ ঘণ্টার মধ্যে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে 'জয় মা কালী'-ও বলতে শোনা যায়।
কালীঘাটে পুজো দিয়ে বেরিয়ে এদিন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন গৌতম আদানি। লেখেন, 'বৃহস্পতিবার সকালে স্ত্রী প্রীতিকে সঙ্গে নিয়ে কালীঘাট মন্দিরে গিয়ে মা কালীর আশীর্বাদ নিলাম। কলকাতা তখন বৃষ্টিতে ভিজছে। বাংলার মানুষের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা প্রার্থনা করলাম। আগামীর জন্য চাইলাম আশীর্বাদও।'
শেষে জানান, মা কালীর শক্তি যেন পথ দেখায় এবং বাংলার উপর কৃপা সবসময় বজায় থাকে, এই প্রার্থনাই এদিন তাঁরা করেছেন।
নিউ টাউনে ২,০০০ শয্যার হাসপাতালের শিলান্যাস
সকালের অন্যতম বড় কর্মসূচি নিউ টাউনের অ্যাকশন এরিয়া-২-এ। সেখানে আদানি গোষ্ঠীর প্রস্তাবিত ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা। প্রায় ২,৫০০ কোটি টাকা বিনিয়োগে তৈরি হতে চলা এই হাসপাতালের শয্যা সংখ্যা হবে ২,০০০। এর মধ্যে ১,০০০টি শয্যা অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের বিনামূল্যে চিকিৎসার জন্য রাখার পরিকল্পনা রয়েছে।
রাজ্যে বড় বিনিয়োগের পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামোয় এই প্রকল্পকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছে রাজ্য সরকার। এর আগে আদানি গোষ্ঠীর তরফে প্রকল্পটি দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে লিখিত প্রতিশ্রুতির কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, আলোচনায় বিনিয়োগ
দুপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে গৌতম আদানির বৈঠক হওয়ার কথা। রাজ্যে নতুন শিল্প, বিনিয়োগ, পরিকাঠামো এবং কর্মসংস্থান—একাধিক বিষয় নিয়ে সেখানে আলোচনা হতে পারে। রাজ্য সরকারের তরফে নতুন লগ্নি টানার চেষ্টা চলছে। সেই আবহেই আদানির সঙ্গে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এর আগে তাজ বেঙ্গলে রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলায় তিনটি বড় প্রকল্পের কাজ শুরুর বিষয়টিও সামনে এসেছে। এর মধ্যে রয়েছে কলকাতার রাইটার্স বিল্ডিং সংস্কার এবং কুমোরটুলি ঘাটের পুনর্নির্মাণ।
আইসিসির মঞ্চেও আদানি
বৃহস্পতিবার বিকেলে ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের বার্ষিক অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা গৌতম আদানির। তাজ বেঙ্গলের ক্রিস্টাল হলে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখবেন বলে আয়োজকদের সূচিতে উল্লেখ রয়েছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)