লালবাগচা রাজার দর্শনে শাহরুখ, পূজার ওড়না দিয়ে মুখ মুছতেই ভাইরাল ‘কিং খান’

গণেশ চতুর্থীর উৎসবে বাপ্পার আশীর্বাদ নিতে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে হাজির হন বলিউডের ‘কিং খান’। সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা খান এবং দীর্ঘদিনের ম্যানেজার পূজা দাদলানিও।

Sep 23, 2026 - 13:48
0 0

মুম্বইয়ের লালবাগচা রাজার মণ্ডপে ফের দেখা গেল শাহরুখ খানকে। গণেশ চতুর্থীর উৎসবে বাপ্পার আশীর্বাদ নিতে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে হাজির হন বলিউডের ‘কিং খান’। সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা খান এবং দীর্ঘদিনের ম্যানেজার পূজা দাদলানিও। শাহরুখের নিরাপত্তার জন্য ছিল কড়া ব্যবস্থা। প্রিয় তারকাকে এক ঝলক দেখতে মণ্ডপের বাইরে ভিড় জমিয়েছিলেন অনুরাগীরাও।

তবে দর্শনের একাধিক মুহূর্তের মধ্যে একটি ছোট্ট ঘটনাই এখন বিশেষ ভাবে নজর কেড়েছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, পরিবারের সঙ্গে দাঁড়িয়ে থাকা শাহরুখ নিজের মুখের ঘাম মুছছেন পূজা দাদলানির ওড়না দিয়ে। স্বাভাবিক এবং একেবারেই আনুষ্ঠানিকতার বাইরে থাকা সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

এ দিন নীল রঙের কুর্তা পরেছিলেন শাহরুখ। কপালে ছিল তিলক। গৌরীকে দেখা যায় হলুদ রঙের এথনিক পোশাকে, আর সুহানা সেজেছিলেন গাঢ় সবুজ রঙা সালোয়ারেে। মণ্ডপে পরিবারের সঙ্গে হাতজোড় করে প্রার্থনা করতে দেখা যায় শাহরুখকে। আরতির সময়ও পরিবারের প্রত্যেকেই ভক্তিভরে অংশ নেন।

লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখের উপস্থিতি অবশ্য নতুন নয়। ২০২৩ সালের সেপ্টেম্বরেও গণেশ চতুর্থীর সময়ে সেখানে গিয়েছিলেন অভিনেতা। সে বার তাঁর সঙ্গে ছিলেন ছোট ছেলে আব্রাম খান এবং পূজা দাদলানি। এ বার স্ত্রী এবং মেয়েকেও সঙ্গে নিয়ে বাপ্পার দর্শনে গেলেন তিনি। তারকার পরিবারের এই উপস্থিতি স্বাভাবিক ভাবেই মণ্ডপে উপস্থিত সাধারণ মানুষ এবং অনুরাগীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি কাজের দিক থেকেও শাহরুখ এখন ব্যস্ত। তাঁর পরবর্তী ছবি ‘কিং’ নিয়ে ইতিমধ্যেই দর্শকের মধ্যে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে। সুজয় ঘোষ পরিচালিত এই অ্যাকশন থ্রিলারে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তাঁর মেয়ে সুহানা খান। এ ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভয় বর্মা, রাঘব জুয়াল, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি এবং অনিল কপূর।

বর্তমান সূচি অনুযায়ী, ২০২৬ সালের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘কিং’-এর। ছবির কাজের ব্যস্ততার মাঝেই উৎসবের দিন পরিবারের সঙ্গে শাহরুখের এই সময় কাটানো এবং লালবাগচা রাজার সামনে তাঁর উপস্থিতি ফের তাঁকে নিয়ে অনুরাগীদের উৎসাহ বাড়িয়ে দিয়েছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User