শতরূপ ‘হাইপ্রোফাইল’, তিনি এলে ভিড় সামাল দেওয়া মুশকিল! মেমারিতে সিপিএমের সভায় সায় দিল না পুলিশ
সিপিএম নেতা শতরূপ ঘোষের উপস্থিতিতে বিপুল ভিড় হতে পারে, এই আশঙ্কায় পূর্ব বর্ধমানের মেমারির সাতগেছিয়া বাজারে সভা ও মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। বিকল্প হিসেবে বিটরা শীতলা মন্দিরের কাছে ফাঁকা মাঠে সভার পরামর্শ দেওয়া হয়েছে।
সিপিএমের তরুণ নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। সুদর্শন। শুধু দর্শনধারী নন, চাঁচাছোলা ভাষায় বিঁধতেও ছাড়েন না বিরোধীদের। পাল্টা উত্তর যেন তাঁর ঠোঁটের গোড়ায়। এহেন নেতা এলে তাঁকে দেখার জন্য ভিড় তো হবেই। আর সেই আশঙ্কা থেকেই পূর্ব বর্ধমানের সাতগাছিয়ায় মিছিলের অনুমতি দিল না পুলিশ। মেমারি থানার তরফ থেকে চিঠি দিয়ে বলে হয়েছে, শতরূপ ‘হাইপ্রোফাইল নেতা’ (High profile leader) এবং ‘বিশিষ্ট ব্যক্তি’ (Dignitary)। তাই সাতগাছিয়া বাজার এলাকায় সিপিএমের পথসভা ও মিছিলে আপত্তি জানানো হয়েছে।
থানার সেই অফিসিয়াল চিঠিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শতরূপ নিজে। চিঠির ছবি শেয়ার করে তাঁর খোঁচা— “ইয়ে ডর হামে আচ্ছা লাগা!”
দলীয় সূত্রের খবর, গত ২২ সেপ্টেম্বর মেমারি-২ এরিয়া কমিটির অন্তর্ভুক্ত সাতগাছিয়া বাজার সংলগ্ন এলাকায় একটি পথসভা ও মিছিলে অনুমতি চেয়ে মেমারি থানায় আবেদন জানান সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক তাপস বসু। কিন্তু পুলিশ জানায়, লিখিত আবেদনে প্রধান বক্তার নাম গোপন রাখা বা উল্লেখ না করা হলেও পরবর্তীকালে বিশেষ সূত্রে খবর মেলে যে, ওই কর্মসূচিতে উপস্থিত থাকছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ।
মেমারি থানার ওসির দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়, শতরূপের মতো ‘হাইপ্রোফাইল’ নেতার উপস্থিতির খবর পাওয়া মাত্রই পুলিশ জানতে পারে, ওই দিন সেখানে বিপুল সমর্থক ও সাধারণ মানুষের জমায়েত হতে পারে। যেহেতু সাতগাছিয়া বাজার এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি জায়গা, তাই অত বড় ভিড় সেখানে সামলানো এবং সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক রাখা অসম্ভব। ফলে আইনশৃঙ্খলা রক্ষা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই স্থানে কর্মসূচি পালনে লিখিত আপত্তি জানায় থানা।
তবে সভা পুরোপুরি বন্ধ না করে বিকল্প পথের সন্ধানও দিয়েছে পুলিশ। চিঠিতে পরামর্শ দেওয়া হয়েছে, শতরূপের সভায় প্রত্যাশিত ভিড় অনায়াসে সামাল দিতে বিটরা শীতলা মন্দির সংলগ্ন ফাঁকা মাঠে সভা করা যেতে পারে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)