সুইস ফুটবলারকে লাল কার্ড দেখানো ভুল সিদ্ধান্ত! নিয়মপ্রণেতাদের ঘোষণায় পক্ষপাত-বিতর্কে ঘৃতাহুতি

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্তিনার বিরুদ্ধে সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোর লাল কার্ড ভুল ছিল। ভিএআর (VAR) বিতর্ক নিয়ে ভুল স্বীকার করল ফুটবলের নিয়ম প্রণয়নকারী সংস্থা আইফ্যাব (IFAB)।

Jul 29, 2026 - 13:50
0 0
সুইস ফুটবলারকে লাল কার্ড দেখানো ভুল সিদ্ধান্ত! নিয়মপ্রণেতাদের ঘোষণায় পক্ষপাত-বিতর্কে ঘৃতাহুতি

এবারের বিশ্বকাপে (World Cup 2026) কি আর্জেন্তিনাকে বাড়তি সুবিধা দিয়ে এসেছে ফিফা? ফাইনালে স্পেনের কাছে লিওনেল মেসিদের পরাজয়ের আগে থেকেই জল্পনা একেবারে তুঙ্গে ওঠে। সদ্যসমাপ্ত আসরে বারবার রেফারিং নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে আর্জেন্তিনার ম্যাচগুলোতে ভিএআর-এর ভূমিকা বরাবর এসেছে আতসকাচের তলায়। অসংখ্য নিরপেক্ষ ফুটবলভক্ত, প্রাক্তন খেলোয়াড় এমনকি প্রতিপক্ষ দলের ফুটবলাররাও পক্ষপাতিত্বের অভিযোগে সরব। মিশর ও সুইজারল্যান্ডের মতো দলগুলো প্রকাশ্যে রেফারির রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছিল।

এবার সেই জল্পনার আগুনে রীতিমতো ঘৃতাহুতি! ফুটবলের নিয়ম প্রণয়নকারী সর্বোচ্চ প্যানেল আইফ্যাব (IFAB) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, কোয়ার্টার ফাইনালে সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলোকে দেখানো লাল কার্ডটি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত ছিল। এর ফলে মেসিদের প্রতি পক্ষপাতিত্বের বিতর্ক নতুন করে পালে হাওয়া পেল।

এমবোলোর লাল কার্ড বিতর্ক

মাঠে তখন হাড্ডাহাড্ডি লড়াই। ৭২ মিনিটের মাথায় স্কোরলাইন ১-১। সুইসরা খেলায় দারুণভাবে লড়াইয়ে ফিরে এসেছে। ঠিক তখনই ঘটে সেই বিতর্কিত ঘটনা। সুইস স্ট্রাইকার এমবোলোকে চ্যালেঞ্জ করেন আর্জেন্তিনীয় মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস (Leandro Paredes)। মাটিতে পড়ে যান এমবোলো। রেফারি তৎক্ষণাৎ পারেদেসকে হলুদ কার্ড দেখান। কিন্তু ভিএআর আধিকারিকরা রেফারিকে জানান, পারেদেস কোনও ফাউলই করেননি। উলটে এমবোলোই ফাউল পাওয়ার জন্য নিখুঁত অভিনয় বা সিমুলেশনে ঘোঁট পাকিয়েছেন (Football News)।

এরপরই 'মিসটেকেন আইডেন্টিটি' বা ভুল পরিচয়ের প্রোটোকল ব্যবহার করে এমবোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। ১০ জনের সুইজারল্যান্ডের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে যায় আর্জেন্তিনা।

আইফ্যাবের ব্যাখ্যা ও নিয়মভঙ্গ

সোমবার জুরিখ-ভিত্তিক প্যানেল আইফ্যাব স্পষ্ট ভাষায় জানিয়েছে, 'ভুল পরিচয়' সংক্রান্ত ভিএআর প্রোটোকল বিশ্বকাপের ওই ঘটনার ক্ষেত্রে একেবারেই প্রযোজ্য ছিল না। ভবিষ্যতে হয়তো আন্তর্জাতিক টুর্নামেন্টে এই নিয়ম আসতে পারে। কিন্তু এখন নয়। সংস্থার বিবৃতিমতে, 'যতক্ষণ না এই নিয়মটি পর্যালোচনা করে চূড়ান্ত করা হচ্ছে, ততক্ষণ এটার ব্যবহার করা যাবে না।'

তারা আরও স্পষ্ট করেছে (FIFA World Cup 2026), 'কাউকে ভুল করে কার্ড দেখালে আসল অপরাধীকে চিহ্নিত করতে এই নিয়মটি ব্যবহার করা যায়। মূল অপরাধ পর্যালোচনা বা পরিবর্তন করা ভিএআর-এর কাজ নয়।' অর্থাৎ, পারেদেসের ফাউল বাতিল করে এমবোলোর ওপর নতুন করে সিমুলেশনের অপরাধ চাপিয়ে দেওয়াটা সম্পূর্ণ নিয়মের বাইরে ছিল।

সুইস কোচের ক্ষোভ ও ফিফার নিরপেক্ষতা

কানসাস সিটিতে ওই যন্ত্রণাদায়ক হারের পর তীব্র ক্ষোভে ফেটে পড়েন সুইৎজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন। জোরগলায় বলেন, 'রেফারি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আমি জানি তারা নিজেদের রেফারিকে আড়াল করবে। কিন্তু এই নিয়ম আজ আমাদের গোটা ম্যাচটা ধ্বংস করে দিল। এটা অত্যন্ত যন্ত্রণাদায়ক। এইভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়াটা ভীষণ কষ্টের।'

মার্চ মাস থেকে ভিএআর প্রোটোকল নিয়ে ফিফার (FIFA) অন্দরে পর্যালোচনা চলছে। আইফ্যাব স্বীকার করে নিয়েছে, এমবোলোর ঘটনাটিও সেই পর্যালোচনার অংশ। যদিও জুরিখের এই সংস্থার বক্তব্য, বিশ্বকাপে সিমুলেশন আটকাতে ভুল পরিচয়ের ক্লজের ব্যবহার অনেকেই ভাল চোখে দেখেছেন। ফিফা নিযুক্ত কর্তা এবং চারটি ব্রিটিশ ফুটবল ফেডারেশনকে নিয়ে তৈরি এই আইফ্যাব। প্রতি বছর ফেব্রুয়ারি বা মার্চ মাসে তাদের বার্ষিক বৈঠক বসে। সেখানেই খেলার নিয়মকানুন আপডেট করা হয়। তবে এমবোলোর ক্ষেত্রে নিয়মভঙ্গের কথা স্বীকার করে নেওয়ায় মেসিদের (Lionel Messi) প্রতি ফিফার পক্ষপাতিত্বের অভিযোগ আরও কয়েকগুণ জোরালো হল।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User