অমিতাভ বচ্চনের ‘জলসা’য় বোমা হামলার হুমকি! হাই অ্যালার্টে মুম্বই পুলিশ

অমিতাভ বচ্চনের মুম্বইয়ের বাড়ি 'জলসা' ও বম্বে হাইকোর্টে বোমা হামলার হুমকি ইমেল। হাই অ্যালার্টে মুম্বই পুলিশ, শুরু তদন্ত।

Nov 07, 2026 - 13:01
অমিতাভ বচ্চনের ‘জলসা’য় বোমা হামলার হুমকি! হাই অ্যালার্টে মুম্বই পুলিশ

বোমা হামলার হুমকি পেল অমিতাভ বচ্চনের মুম্বইয়ের বাড়ি ‘জলসা’। বম্বে হাইকোর্টে পাঠানো একটি হুমকি মেলে অমিতাভের বাড়ির পাশাপাশি বম্বে হাইকোর্ট, বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ওরলি রেসকোর্সে হামলার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর সতর্ক হয়েছে মুম্বই পুলিশ। হুমকির উৎস খুঁজে বের করতে তদন্ত শুরু করেছেন তাঁরা।

হুমকি মেলে নাম ‘জলসা’র

অক্টোবর মাসে মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স এলাকার একটি স্কুলে ওই হুমকি মেল পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে। সেখানে অমিতাভের জুহুর বাংলো ‘জলসা’-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বোমা হামলার হুমকি দেওয়া হয়। বিষয়টি সামনে আসতেই নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করে পুলিশ। কে বা কারা ওই ইমেল পাঠিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত তদন্তের বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।

বুলেটপ্রুফ ঘেরাটোপে রবিবারের দর্শন

হুমকির ঘটনার পর থেকেই অমিতাভের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা দেখা যাচ্ছে। গত ১ নভেম্বর, রবিবার, নিয়ম মেনে ‘জলসা’র বাইরে ভক্তদের সঙ্গে দেখা করতে এসেছিলেন অভিনেতা। তবে এ বার তাঁকে দেখা যায় একটি স্বচ্ছ সুরক্ষিত ঘেরাটোপের ভিতর থেকে হাত নাড়তে। সেটি বুলেটপ্রুফ বলে মনে হলেও, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সেদিন বাবার সঙ্গে ছিলেন ছেলে অভিষেক বচ্চনও। অমিতাভ ভক্তদের উদ্দেশে হাত নাড়েন, আর অভিষেক পিছনে দাঁড়িয়ে ভিড়ের দিকে নজর রাখেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নিরাপত্তারক্ষীরাও।

বিশ্রামে থাকার কথা জানালেন অমিতাভ

এরই মধ্যে নিজের শারীরিক অবস্থার কথাও জানিয়েছেন অভিনেতা। ব্যক্তিগত ব্লগে তিনি লিখেছেন, সুস্থ হয়ে উঠতে এখনও তাঁর আরও বিশ্রামের প্রয়োজন। চিকিৎসকের পরামর্শে নিয়মিত অনলাইন কার্যকলাপ থেকেও বিরতি নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি।

কাজের দিক থেকে আপাতত ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালনার দায়িত্বে সামলাচ্ছেন। ২০২৪ সালে মুক্তি পাওয়া রজনীকান্ত অভিনীত তামিল ছবি ‘ভেট্টাইয়ানে’ শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল তাঁকে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0