এরা ছাপ্পাও মারতে পারে না ঠিক মতো, এটা কোনও ভোট হয়েছে? উপনির্বাচনের ফল নিয়ে মমতা, তোপ শুভেন্দুকেও
নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনের ফল নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। ‘এটা কোনও ভোট হয়েছে?’ প্রশ্ন তুলে ছাপ্পা ভোটের অভিযোগ, নিশানায় শুভেন্দু অধিকারী।
বাংলার জোড়া বিধানসভা উপনির্বাচনের ফলাফলকে তাচ্ছিল্যের সঙ্গে উড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে শুক্রবার সন্ধ্যায় তিনি বলেন, “এটা কোনও ভোট হয়েছে যে, ফল নিয়ে বলব। এরা ঠিক মতো ছাপ্পাও মারতে পারে না!”
রেজিনগরের একটি বুথের ফল নিয়ে শুক্রবার দুপুরেই সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি একটি স্ক্রিনশট পোস্ট করে দাবি করেছিলেন, ওই বুথে মোট ভোটার যা, তার চেয়ে বেশি ভোট বিজেপি পেয়েছে। সেই প্রসঙ্গ টেনেই দিল্লিতে মমতা বলেন, “৭৭২ জন ভোটার আর ভোট পড়েছে ৯০৯। তার মানে পুলিশকে দিয়ে ছাপ্পা করালে এরকমই হয়।” যদিও কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে এই তথ্য একেবারে অসত্য, ভিত্তিহীন। অর্থাৎ, ওই বুথের ভোটার সংখ্যা যা, যত ভোট পড়েছে, তার আসল তথ্যের সঙ্গে রটনার কোনও সম্পর্ক নেই।
দিল্লিতে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের বাংলো থেকে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকের উদ্দেশ্যে রওনা হন মমতা। দেখা যায়, গাড়ির চালকের আসনে রয়েছেন ডেরেক নিজে। পাশের আসনে সওয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। উপনির্বাচনের ফল নিয়ে দুপুরে বিস্তারিত সাংবাদিক সম্মেলন করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতাকে তা নিয়েও প্রশ্ন করা হয়েছিল। প্রশ্ন শুনেই বিরক্তিভরা অভিব্যক্তি নিয়ে মমতা বলেন, “আরে ছাড়ুন, আরে ছাড়ুন ছাড়ুন। মাথাটা আগে ঠিক করতে বলুন।”
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচন হয়েছিল গত মঙ্গলবার। শুক্রবার ছিল ফল ঘোষণা। উল্লেখযোগ্য হারে সংখ্যালঘু ভোট থাকা দুই কেন্দ্রেই বিপুল জয় পেয়েছে বিজেপি। নন্দীগ্রামে শুভেন্দুর রেকর্ড ভেঙেছেন বিজেপি প্রার্থী তথা মুখ্যমন্ত্রীর নিহত আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ। উপনির্বাচনে ১ লক্ষ ২২ হাজারের বেশি ভোটে জিতেছেন তিনি। অন্যদিকে, রেজিনগরে বিজেপি প্রার্থী শাখারভ সরকার জিতেছেন ৭২ হাজারের বেশি ভোটে। শুভেন্দু দাবি করেছেন, সরকারের কাজে আশ্বস্ত হয়েই সংখ্যালঘুরা বিজেপি-কে ভোট দিয়েছেন। ব্যাখ্যা করতে গিয়ে শুভেন্দু বলেছেন, “ফ্রেন্ডশিপ বন গয়া!” কিন্তু মমতা দাবি করলেন, ভোটই হয়নি।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)