কেতন খুনের মামলায় নজিরবিহীন আইনি যুদ্ধ! সিয়ার ভাইকে ১০ কোটির নোটিস আইনজীবীর
পুণের হাই-প্রোফাইল ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যা মামলার তদন্তের মাঝেই শুরু হল এক তীব্র আইনি বিতর্ক। মূল অভিযুক্ত সিয়া গোয়ালের আইনজীবী কে, তা নিয়ে টানাপড়েনের জেরে সিয়ার ভাই সাহিল গোয়ালকে ১০ কোটি টাকার মানহানির নোটিস পাঠিয়েছেন আইনজীবী অশুতোষ শ্রীবাস্তব।
দ্য ওয়াল ব্যুরো: পুণের ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যা মামলার তদন্তের মধ্যেই নতুন আইনি বিতর্ক সামনে এল। মূল অভিযুক্ত সিয়া গোয়ালের হয়ে আদালতে কে লড়ছেন, তা নিয়ে বর্তমানে শুরু হয়েছে টানাপড়েন। এই বিতর্কের জেরে সিয়ার ভাই সাহিল গোয়ালকে ১০ কোটি টাকার মানহানির আইনি নোটিস পাঠিয়েছেন আইনজীবী অশুতোষ শ্রীবাস্তব।
১৮ জুন পুণের লোহগড় দুর্গ থেকে কেতন আগরওয়ালকে খাদে ধাক্কা দিয়ে হত্যার অভিযোগ ওঠে তাঁর বাগদত্তা সিয়া গোয়াল এবং সিয়ার প্রেমিক চেতন চৌধুরির বিরুদ্ধে। সেই মামলার শুনানির মধ্যেই আইনজীবী নিয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে।
দুই আইনজীবীরই দাবি, তাঁরাই সিয়ার প্রতিনিধি
পুণের আইনজীবী অশুতোষ শ্রীবাস্তব দাবি করেছেন, সিয়া নিজেই তাঁকে নিজের আইনজীবী হিসেবে নিয়োগ করেছেন এবং তাঁর পক্ষে আদালতে সওয়াল করার জন্য ওকালতনামায় সইও করেছেন।
অন্যদিকে, সিয়ার ভাই সাহিল গোয়াল এই দাবি খারিজ করে জানান, তাঁদের পরিবার আইনজীবী বিপুল দুশিংকে সিয়ার পক্ষে মামলা লড়ার দায়িত্ব দিয়েছে।
এই বিতর্ক আরও জোরালো হয় যখন ভাডগাঁও মাভাল আদালতে শুনানির সময় সিয়া নিজেই বলেন, “অশুতোষ শ্রীবাস্তব আমার আইনজীবী নন। আমার হয়ে বিপুল দুশিং মামলা লড়ছেন।”
১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি
এরপরই সাহিল গোয়ালের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির নোটিস পাঠান অশুতোষ। ১০ পাতার আইনি নোটিসে দাবি করা হয়, অনুমতি ছাড়া সিয়ার আইনজীবী হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তা তাঁর পেশাগত সুনাম ক্ষুণ্ন করেছে।
শ্রীবাস্তবের দাবি, প্রাপ্তবয়স্ক সিয়া গোয়াল স্বেচ্ছায় তাঁর পক্ষে ওকালতনামায় সই করেছিলেন। এটি কোনও মৌখিক দাবি বা প্রচারের উদ্দেশ্যে করা বক্তব্য নয় বরং আইনসম্মতভাবে দেওয়া অনুমোদন।
তাই তাঁর অভিযোগ, সাহিলের প্রকাশ্য মন্তব্যের ফলে তাঁর পেশাগত সুনাম নষ্ট হয়েছে, মানসিক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে প্রতিদিন, বর্তমান ও সম্ভাব্য মক্কেলদের আস্থা ক্ষুণ্ন পর্যন্ত হয়েছে এবং সংবাদমাধ্যমে তৈরি হওয়া পরিস্থিতির কারণে ব্যক্তিগত ঝুঁকিও বেড়েছে অনেকাংশে।
৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার দাবি
আইনি নোটিসে সাহিলকে সমস্ত বিতর্কিত ভিডিও, সোশ্যাল মিডিয়া পোস্ট, ইউটিউব কনটেন্ট এবং সংবাদমাধ্যমে প্রচারিত বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে নিঃশর্ত লিখিত ক্ষমাপ্রার্থনা এবং প্রকাশ্যে বক্তব্য প্রত্যাহারের দেওয়া হয়েছে নির্দেশ।
এছাড়াও সাত দিনের মধ্যে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে ভবিষ্যতে এ ধরনের অভিযোগ আর না করার লিখিত নিশ্চয়তাও চেয়েছেন অশুতোষ শ্রীবাস্তব।
পাঁচ দিনের পুলিশ হেফাজতে সিয়া-চেতন
এদিকে, সোমবার আদালত সিয়া গোয়াল ও সহ-অভিযুক্ত চেতন চৌধুরির পুলিশ হেফাজতের মেয়াদ আরও পাঁচ দিন বাড়িয়েছে। তদন্তকারীরা আদালতকে জানিয়েছেন, দুই অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলের পুনর্নির্মাণ (ক্রাইম সিন রিকনস্ট্রাকশন) করা প্রয়োজন।
পুলিশ আরও দাবি করেছে, সিয়া কেতন আগরওয়ালের পাসপোর্ট ছিঁড়ে পুড়িয়ে ফেলেছিলেন। সেই পাসপোর্টের অবশিষ্টাংশ উদ্ধারের চেষ্টা এখনও চলছে।
তদন্তকারীদের দাবি, খুনের পর চেতন চৌধুরি নিজের পোশাক বদলে ফেলেছিলেন। তাঁর পরবর্তী গতিবিধিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার পর সিয়া ও চেতনের মধ্যে হওয়া ফোনালাপের বিস্তারিত তথ্য সংগ্রহ করেও তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)