পেনশনভোগীদের ৭ বছরের বকেয়া এরিয়ার মেটানোর সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় ডিএ-ও বাড়ছে ৩৮ শতাংশ

জানা গিয়েছে, একটি প্রাথমিক আনুমানিক হিসেবের ওপর ভিত্তি করে বকেয়া এরিয়ারের ঠিক অর্ধেক অর্থাৎ ৫০ শতাংশ টাকা চলতি মাসেই অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। বাকি অর্ধেক টাকাও সমস্ত হিসাব-নিকাশ খতিয়ে দেখে ধাপে ধাপে সম্পূর্ণ মিটিয়ে দেবে রাজ্য। এর ফলে যাঁরা এতদিন বঞ্চিত ছিলেন, রাজ্যের সেই সমস্ত স্তরের প্রাক্তন কর্মচারীরা এই বিপুল আর্থিক সুবিধা পাবেন।

Jul 04, 2026 - 15:48
Updated: 9 hours ago
0 0
পেনশনভোগীদের ৭ বছরের বকেয়া এরিয়ার মেটানোর সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় ডিএ-ও বাড়ছে ৩৮ শতাংশ

রাজ্য সরকারের পেনশনভোগীদের জন্য বেশ ভাল খবর। সরকার বদল হতেই রাজ্যজুড়ে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া পাওনা মেটাতে পদক্ষেপ করল প্রশাসন। দীর্ঘ ৭ বছর ধরে আটকে থাকা পেনশনের এরিয়ার বা বকেয়া টাকা এবার সরাসরি ঢুকে যাবে প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (west bengal Govt Pensioners Arrears)।

নবান্ন সূত্রে খবর, ২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত কর্মচারীদের যে এরিয়ার বকেয়া পড়েছিল, তার ৫০ শতাংশ টাকা এখনই মিটিয়ে দেওয়ার সবুজ সংকেত দিয়েছে রাজ্য সরকার (7 Years Pending Pension Arrears clear)। সম্প্রতি কর্মচারী সংগঠনের যৌথ মঞ্চের সঙ্গে শীর্ষ প্রশাসনিক কর্তাদের বৈঠকের পরেই এই বড় ঘোষণা করা হয়েছে।

প্রশাসন এবং যৌথ মঞ্চের এই সমঝোতা বৈঠকের পর জানা গিয়েছে, ২০১৫ সালে ব্যাঙ্কগুলির কম্পিউটারাইজেশন বা তথ্যপ্রযুক্তির আধুনিকীকরণের প্রক্রিয়ায় কিছু যান্ত্রিক জটিলতা তৈরি হয়েছিল। আর সেই গোলমালের জেরেই ২০০৮ থেকে ২০১৫, এই দীর্ঘ সময়কালের পেনশনের এরিয়ার দেওয়া থমকে যায়। এতদিন এই বিষয়টি নিয়ে তৎকালীন সরকারের সঙ্গে বিস্তর টানাপড়েন চললেও জট কাটেনি। অবশেষে বর্তমান সরকারের সঙ্গে যৌথ মঞ্চের টেবিলে আলোচনা ইতিবাচক রূপ নেয়।

জানা গিয়েছে, একটি প্রাথমিক আনুমানিক হিসেবের ওপর ভিত্তি করে বকেয়া এরিয়ারের ঠিক অর্ধেক অর্থাৎ ৫০ শতাংশ টাকা চলতি মাসেই অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। বাকি অর্ধেক টাকাও সমস্ত হিসাব-নিকাশ খতিয়ে দেখে ধাপে ধাপে সম্পূর্ণ মিটিয়ে দেবে রাজ্য। এর ফলে যাঁরা এতদিন বঞ্চিত ছিলেন, রাজ্যের সেই সমস্ত স্তরের প্রাক্তন কর্মচারীরা এই বিপুল আর্থিক সুবিধা পাবেন।

এই ঐতিহাসিক সিদ্ধান্ত প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ স্পষ্ট জানিয়েছেন, “সমস্ত স্তরের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, পঞ্চায়েত ও পুরসভার কর্মী থেকে শুরু করে বিভিন্ন বোর্ড ও কর্পোরেশনের কর্মচারীরা এতদিন বকেয়া থেকে বঞ্চিত ছিলেন। এমনকী কলকাতা কর্পোরেশন এলাকাভুক্ত ব্যাঙ্কগুলি থেকে যাঁদের পেনশন হয়, তাঁরাও টাকা পাননি। এই বৈঠকে হোমগার্ডদের বকেয়া সংক্রান্ত সমস্যা নিয়েও ইতিবাচক কথাবার্তা হয়েছে। প্রশাসনের তরফে সিদ্ধান্ত হয়েছে যে, প্রাথমিক একটি আনুমানিক হিসেব কষে বকেয়া পাওনার ৫০ শতাংশ টাকা এই মাসেই কর্মচারীদের মিটিয়ে দেওয়া হবে। বাকি টাকাটা সম্পূর্ণ অডিট ও হিসাবের পর দ্রুত দিয়ে দেওয়া হবে।”

এর পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের মুখে চওড়া হাসি ফুটিয়েছে মহার্ঘ ভাতা বা ডিএ (DA) সংক্রান্ত সরকারের আরও একটি সিদ্ধান্ত। সাম্প্রতিক রাজ্য বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, যে সমস্ত সরকারি ও আধা-সরকারি কর্মী, অশিক্ষক কর্মচারী এবং পেনশনভোগীরা এতদিন ১৮ শতাংশ হারে ডিএ (Government Employees DA Benefit) পাচ্ছিলেন, তাঁদের জন্য আরও অতিরিক্ত ২০ শতাংশ ডিএ মঞ্জুর করা হয়েছে। এর ফলে তাঁদের মোট মহার্ঘ ভাতার পরিমাণ একলাফে বেড়ে দাঁড়াচ্ছে ৩৮ শতাংশ। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বর্ধিত ৩৮ শতাংশ ডিএ কার্যকর হতে চলেছে আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User