বর্ষা সক্রিয় দেশে, মুম্বইয়ে খোলা ম্যানহোলে তলিয়ে মৃত্যু যুবকের, কতটা নিরাপদ কলকাতার রাস্তা?
বৃহস্পতিবার দুপুরে পশ্চিম মুম্বইয়ের ব্যস্ততম খৈরানি রোডে ভারী বৃষ্টির কারণে রাস্তা জলমগ্ন ছিল। দুপুর ১২.৩০ নাগাদ এক ব্যক্তি ছাতা মাথায় দিয়ে, মোবাইলে কথা বলতে বলতে যাওয়ার সময় জলের নীচে থাকা খোলা ম্যানহোলটি বুঝতে না পেরে সোজা ভেতরে তলিয়ে যান।
দ্য ওয়াল ব্যুরো: প্রবল বর্ষণের মধ্যে রাস্তায় হাঁটতে হাঁটতে খোলা ম্যানহোলে তলিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার দুপুরে মুম্বইয়ের খৈরানি রোডে ঘটে এই মর্মান্তিক ঘটনা। অভিযোগ, বৃষ্টির মধ্যে মোবাইলে কথা বলতে বলতে হাঁটার সময় তিনি খোলা ম্যানহোলের মুখ বুঝতে না পেরে তাতে পড়ে যান। প্রায় দু'ঘণ্টার তল্লাশির পর তাঁর দেহ উদ্ধার করা হয়।
দুপুর প্রায় সাড়ে ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। খৈরানি রোড পশ্চিম মুম্বইয়ের আন্ধেরি, সাকি নাকা ও যোগেশ্বরীকে পূর্ব দিকের কুরলা ও ঘাটকোপারের সঙ্গে যুক্ত করেছে। ভারী বৃষ্টিতে রাস্তা জলমগ্ন থাকায় ম্যানহোলটি চোখে পড়েনি বলে প্রাথমিক অনুমান।
ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মৃতের ছাতা এবং চটি। এরপরই মুম্বই দমকল, পুলিশ এবং ১০৮ জরুরি পরিষেবার কর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দু'ঘণ্টা পর নিকাশিনালার ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুম্বইয়ের ডেপুটি মেয়র সঞ্জয় ঘাড়ি। তিনি জানান, এই ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে 'হোমিসাইড' বা মৃত্যুর জন্য দায়ী থাকার অভিযোগে মামলা দায়ের করবে বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি)। প্রশাসনের মতে, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, মাত্র দু'দিন আগেই মুম্বইয়ের চেম্বুরে একটি স্কুলবাসের উপর গাছ ভেঙে পড়ে ১১ বছরের এক পড়ুয়ার মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় আরও চার জন আহত হন। প্রাথমিক তদন্তে গাফিলতির অভিযোগে বিএমসি-র এক আধিকারিককে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়।
এদিকে বৃহস্পতিবারও প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। দাদার, প্যারেল, হিন্দমাতা, চারকোপ, ওরলি, গোরেগাঁও এবং আন্ধেরি-সহ শহরের একাধিক এলাকা জলমগ্ন। বিএমসি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় শহরের কয়েকটি এলাকায় ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে।
আবহাওয়া দফতর (আইএমডি) মুম্বই এবং সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বৃহস্পতিবার রাত এবং শুক্রবার ভোরের দিকে কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
মুম্বইয়ের ঘটনায় যখন তোলপাড় দেশ। তখনই কলকাতার একাধিক এলাকা থেকে রাস্তা খারাপ এবং ম্যানহোল খোলার খবর সামনে এসেছে। কিছুদিন আগে এক ব্যক্তি তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও (সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল) পোস্ট করে জানান, সল্টলেকের একটি রাস্তায় ম্যানহোল জাতীয় কিছু খোলা রয়েছে, তার উপর দিয়ে যাতে গাড়ি যাতায়াতে কোনও অসুবিধা না হয়, তাই টিনের তাপ্পি দেওয়া। বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, ফলে যেকোনও মুহূর্তে বিপদের আশঙ্কা করে সকলকে সতর্ক করেন তিনি।
এমনই একটি ভিডিও (সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল) সামনে আসে সম্প্রতি এক মহিলার প্রোফাইল থেকে। তিনিও একই অভিযোগ করেছেন। এলাকা ওই সল্টলেক-নিউটাউন। তাঁর দাবি ছিল, রাস্তার যা অবস্থা তাতে যেকোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। বৃষ্টি হলে তো যেকেউ প্রাণ হারাতে পারেন। এবিষয়ে যদিও পৌরসভার তরফে কিছু জানানো হয়নি। তাঁরা সকলেই দ্রুত সমস্যার নিস্পত্তির আবেদন জানিয়েছেন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)