বিধানসভায় পেশ ওবিসি সংরক্ষণে জোড়া সংশোধনী বিল, ভোটাভুটির আগেই ওয়াকআউট ঋতব্রত শিবিরের

এদিন আইনসভায় বিল দু’টি পেশ করেন রাজ্যের অনগ্রসর শ্রেণিকল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। তবে সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করে এই বিষয়ে সরাসরি ভোটাভুটি দাবি করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁর এই আবেদনে সম্মতি জানান বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু। বিজেপি সরকারের আনা এটাই প্রথম কোনও বিল, যা সর্বসম্মতিক্রমে পাশ না হয়ে ভোটাভুটির স্তরে পৌঁছয়।

Jun 29, 2026 - 13:31
0 0
বিধানসভায় পেশ ওবিসি সংরক্ষণে জোড়া সংশোধনী বিল, ভোটাভুটির আগেই ওয়াকআউট ঋতব্রত শিবিরের

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ বিধানসভায় ওবিসি (OBC Reservation Bill) বা অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের সংরক্ষণ নীতিতে বদল আনতে এক ঐতিহাসিক পদক্ষেপ করল বর্তমান সরকার (West Bengal Govt)। সোমবার বিধানসভার অধিবেশনে এই সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ জোড়া সংশোধনী বিল পাশ হয়ে গেল। বিলের পক্ষে ভোট পড়ে ১৮৬টি এবং বিপক্ষে পড়ে মাত্র ১৭টি ভোট। অন্যদিকে, ভোটদান থেকে সম্পূর্ণ বিরত থাকেন ছ’জন বিধায়ক।

এদিন আইনসভায় বিল দু’টি পেশ করেন রাজ্যের অনগ্রসর শ্রেণিকল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। তবে সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করে এই বিষয়ে সরাসরি ভোটাভুটি দাবি করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁর এই আবেদনে সম্মতি জানান বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু। বিজেপি সরকারের আনা এটাই প্রথম কোনও বিল, যা সর্বসম্মতিক্রমে পাশ না হয়ে ভোটাভুটির স্তরে পৌঁছয়।

তবে বিল ইস্যুতে বিধানসভার অন্দরে এক নজিরবিহীন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়। ওবিসি বিলের এই ভোটাভুটিতে কালীঘাটপন্থী তৃণমূল বিধায়করা অংশ নিলেও, অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট বা কক্ষত্যাগ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল বিধায়করা। যদিও এই শিবিরের কাজল শেখ, বাহারুল ইসলাম, বায়রন বিশ্বাস, পান্নালাল হালদার ও তৌসিফুর রহমানের মতো বিধায়কেরা দলের সিদ্ধান্ত অগ্রাহ্য করেই হাউসের ভেতরে নিজেদের আসনেই বসে থাকেন। অন্যদিকে, কালীঘাট শিবিরের শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, আলিফা আহমেদ এবং পুলক রায়রা প্রথম থেকেই ভোটাভুটিতে সক্রিয়ভাবে অংশ নেন।

এদিন বিলের পক্ষে সওয়াল করতে গিয়ে প্রথমে বলতে ওঠেন দমদমের বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী। তিনি বিগত সরকারকে তীব্র আক্রমণ শানিয়ে দাবি করেন, শুধুমাত্র বিশেষ রাজনৈতিক তোষণ এবং নিজেদের ভোটব্যাঙ্ক সুনিশ্চিত করার স্বার্থেই আগের তৃণমূল সরকার ওবিসি তালিকা তৈরি করেছিল, যেখানে প্রকৃত অনগ্রসররা বঞ্চিত হয়েছিলেন। অন্যদিকে, সরকারের এই বিলের বিরোধিতায় সরব হয়ে নওসাদ সিদ্দিকী, জাভেদ খান, সাবিনা ইয়াসমিন প্রমুখ বিরোধী বিধায়করা সম্মিলিতভাবে স্পিকারের কাছে ভোটাভুটির দাবি জানান।

তবে সবথেকে বড় চমক তৈরি হয় ভোটাভুটির ঠিক আগের মুহূর্তে। স্পিকার রথীন্দ্র বসু কক্ষে ভোটাভুটির নির্দেশ দেওয়ামাত্রই ঋতব্রত শিবিরের অধিকাংশ বিধায়ক নাটকীয়ভাবে কক্ষত্যাগ করেন। এর মাঝেই হাউসের ভেতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত হলে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ে। ঋতব্রত শিবিরের কাজল শেখ, তৌসিফুর রহমান, বাহারুল ইসলাম এবং ডঃ মোসারফ হোসেনদের তড়িঘড়ি মুখ্যমন্ত্রীর আসনের দিকে এগিয়ে গিয়ে তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায়। সব মিলিয়ে ঋতব্রত শিবিরের মোট ছয়জন বিধায়ক শেষ পর্যন্ত ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন। কিন্তু ওই শিবিরেরই বিধানসভার বিরোধী দলনেতা, বিরোধী দলের মুখ্যসচেতক এবং ডেপুটি লিডারের মতো শীর্ষ পদাধিকারীরা সকলেই কক্ষত্যাগ করেন।

মূলত তৃণমূল জমানার ২০১২ সালের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত পুরনো আইনটিকে সংশোধন ও সংস্কার করার লক্ষ্যেই সোমবার বিধানসভায় এই জোড়া সংশোধনী বিল পেশ করা হয়েছিল। পাশ হওয়া এই বিল দু’টি হল যথাক্রমে - ‘ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস (আদার দ্যান শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব) রিজার্ভেশন অফ ভ্যাকান্সিস ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ এবং ‘দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’। এই দুই বিল পাশের ফলে রাজ্যে সরকারি চাকরি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে ওবিসি সংরক্ষণের পুরো কাঠামোয় বড়সড় রদবদল ঘটতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User